কুমিল্লায় ২৯৫৬ জনের জন্য একজন পুলিশ
‘অন্যান্য জেলায় ১০০৪ জন নাগরিকের বিপরীতে একজন পুলিশ সদস্য কাজ করেন।’
কুমিল্লা জেলায় প্রতি ২ হাজার ৯৫৬ জন মানুষের বিপরীতে নিয়োজিত রয়েছেন মাত্র একজন পুলিশ সদস্য। সারা দেশের তুলনায় জনসংখ্যার বিপরীতে পুলিশ সদস্যের এই ব্যবধান অনেক বেশি বলে জানিয়েছে জেলা পুলিশ।
সোমবার দুপুরে জেলা আইনশৃঙ্খলা ও সার্বিক সরকারি কার্যাবলীর সমন্বয় সভায় এ তথ্য তুলে ধরেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুর রহমান।
তিনি বলেন, মারাত্মক জনবল সংকট ছাড়াও যানবাহন সংকট থাকায় জেলার ১৮টি উপজেলায় অপরাধ দমন, মামলা তদন্ত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ ভিআইপিদের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
পুলিশ সুপার বলেন, “সারাদেশে গড়ে ১ হাজার ৪ জন মানুষের জন্য একজন পুলিশ থাকলেও কুমিল্লায় ২ হাজার ৯৫৬ জনের জন্য একজন। রাষ্ট্র আমাকে আইন অনুযায়ী আসামি আটক বা গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছে। কিন্তু আমরা সারারাত ডিউটি করে, অটোরিকশা ভাড়া করে কিংবা তেল খরচ করে আসামিদের ধরে আনার পর যদি তারা সহজে জামিনে বা অন্য উপায়ে বের হয়ে যান, তবে আমাদের এই কষ্টের কোনো অর্থ থাকে না। আমাদের নিজস্ব পর্যাপ্ত গাড়ি নেই, পুলিশ সদস্যরা ঝুঁকি নিয়ে কাজ করছেন।”
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমল থেকে ঝুলে থাকা অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান জরুরি।
সভা শেষে গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, “কুমিল্লা সিটি করপোরেশন গঠনের ১৫ বছর পার হলেও এতদিনেও মেট্রোপলিটন পুলিশ গঠন করা হয়নি। বর্তমান সরকার খুব দ্রুত কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গঠনের উদ্যোগ নিয়েছে। সিএমপি গঠিত হলে এই পুলিশ সংকট কেটে যাবে।”
সভায় বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কুমিল্লা বিভাগ বাস্তবায়নে সব সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান।
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “বিভাগ বাস্তবায়নে আমরা সবাই একমত, তবে এ নিয়ে আঞ্চলিক বিদ্বেষ ছড়ানো যাবে না।”
সমন্বয় সভার প্রধান সমন্বয়ক ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, “জাতীয় রাজনীতিতে আমাদের দলগত মতভেদ থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা ও কুমিল্লার সার্বিক উন্নয়নে আমরা সবাই এক হয়ে কাজ করব।”
জেলা প্রশাসক রোজি আক্তারের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
