২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কৃষকের ধান কাটলেন জেলা প্রশাসক

সম্প্রতি বিভিন্ন এলাকায় ছাত্রলীগ নেতা-কর্মীরা কৃষকদের ধান কেটে দিচ্ছেন; বগড়ায় ধান কাটলেন জেলা প্রশাসক।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2023, 09:18 PM

Updated : 27 Apr 2023, 09:18 PM

বগুড়ায় কৃষকের বোরো ধান কাটার কাজে হাত বাড়ালন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের নিমপাড়া গ্রামের কৃষক মিলনের জমির ধান কেটে দেওয়া হয়। তারা প্রায় আড়াই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন। 

সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশের পর বিভিন্ন এলাকায় কৃষকদের ধান কেটে দিচ্ছেন সংগঠনের নেতা-কর্মীরা। এবার প্রশাসনের পক্ষ থেকে একই ধরনের উদ্যোগের খবর এলো। 

ধান কাটার সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলবুর রহমান, সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন কুমার বসাক, পৌরসভা মেয়র মতিউর রহমান মতি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, হাটফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদও। 

স্থানীয় সংসদ সদস্য বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে আজ ধান কাটা কর্মসূচি পালন করা হয়েছে।” 

জেলা প্রশাসক বলেন, “কৃষকদের ধান কোনোভাবেই মাঠে নষ্ট হতে দেওয়া যাবে না। তাদের ধান মাঠ থেকে গোলা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা ছাড়াও কৃষকরা যেন ন্যায্যমূল্য পান, সেটাও নিশ্চিত করা হবে। আমরা কথা দিচ্ছি, বগুড়ার কোনো কৃষক ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন না।” 

চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৮৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উৎপাদন লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৩৫ হাজার ৫৩ মেট্রিক টন। 

গত বছরে বোরা চাষ হয় ১ লাখ ৮৮ হাজার ৫১০ হেক্টর জমিতে।  

বগুড়ায় এ পর্যন্ত ধান কাটার উপযোগী হয়েছে ২ থেকে ৩ শতাংশ। সরকারি হিসাবে এখন পর্যন্ত ৫৭০ হেক্টর জমির ধান কাটা হয়েছে।  

আগামী ১২ থেকে ১৫ দিনের মধ্যে বেশিরভাগ জমির ধানই কাটার উপযোগী হবে বলে মনে করছেন কৃষি কর্মকতারা। 

গতবারের চেয়ে এবার ফলন ভালো হয়েছে বলেও মত তাদের।