২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় হামলায় আহত কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ১

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

কুষ্টিয়ায় হামলায় আহত কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ১

কুষ্টিয়ার মিরপুরে নিহতের বাড়িতে পরিবারের আহাজারি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 07:38 PM

Updated : 28 Apr 2023, 07:38 PM

কুষ্টিয়ার মিরপুরে ‘পূর্ব শত্রুতার জেরে’ প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার চারদিনপর এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম জানান।

নিহত ৪৬ বছর বয়সি জালাল ফরাজী উপজেলার কুন্টিয়ারচর গ্রামের বাসিন্দা। তবে গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

এদিকে শুক্রবার সকালে এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

নিহতের পরিবারের বরাতে পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, রোববার [২৩ এপ্রিল] সকালে জালাল ও তার ভাই সাইফুল ইসলাম নিজ পাট ক্ষেতে কাজ করছিলেন।

“এ সময় একই এলাকার আবেদ মিস্ত্রি ট্রলি নিয়ে পাট ক্ষেত দিয়ে যেতে চাইলে জালাল ও সাইফুলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে আবেদ ও তার সহযোগীরা লাঠি নিয়ে জালালের মাথায় আঘাত করেন। এতে জালাল অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।”

Image

কৃষক হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

পুলিশ জানায়, পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে জালালের মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক রাকিবুল ইসলাম আরও জানান, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল।

রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় আবেদ মিস্ত্রীসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।