Published : 30 Jun 2026, 09:48 PM
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
মঙ্গলবার বিকালে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রিনাত ফেরদৌসী রিনি জানান।
দণ্ডিত ব্যক্তির নাম সেরাতুল মুসতাকিন ওরফে রনি (২৬)। তিনি একসময় সেনাবাহিনীতে যুক্ত ছিলেন। পরে চাকরিচ্যূত হন।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২২ সালের ১৪ জুন স্কুলছাত্রী কিশোরীকে ধর্ষণ করেন রনি। পরে বিষয়টি টাকার বিনিময়ে আপসের চেষ্টা করা হয়। একপর্যায়ে রনি কিশোরীকে বিয়ের আশ্বাস দেন। কিন্তু পরে অস্বীকার করেন।
এ অবস্থায় কিশোরীর মা ওই বছরের ৫ অগাস্ট বাদী হয়ে মামলা করেন। মামলায় আটজন সাক্ষ্য দিয়েছেন।
আইনজীবী রিনাত ফেরদৌসী রিনি বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।