১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২০২৩: ছবিতে ছবিতে বছর

আন্দোলন আর নির্বাচনের বছরে নাশকতার আগুনে পুড়েছে জীবন; ডেঙ্গুতে বিপর্যয়ের নিরানন্দের মধ্যেও ট্রেনে পদ্মা আর টানেলে কর্ণফুলী পাড়ি এসেছে অপার আনন্দ নিয়ে। সমুদ্রনগরীতে ট্রেনযাত্রার সাক্ষীও ২০২৩ সাল। ছবির ফ্রেমে ফিরে দেখা সেইসব দিনপঞ্জি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2023, 07:21 PM

Updated : 02 Jan 2024, 05:20 PM

Image

১ জানুয়ারি ২০২৩: নতুন বছরের প্রথম দিন হল বই উৎসব। বরাবরের মতো প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা এদিন পেল বিনামূল্যের পাঠ্যপুস্তক। নতুন বই হাতে পেয়ে নতুন বছর শুরু করতে পেরে উচ্ছ্বসিত শিশু-কিশোররা। বই নিয়ে বাড়ির পথে ফেরা কিশোরগঞ্জ জেলার নিকলী এলাকার শিশুদের চোখে মুখে আনন্দের ছটা।

Image

৪ জানুয়ারি ২০২৩: পৌষের শুরুতে খুব বেশি শীত না পড়লেও মাসের শেষ দিকে ঠান্ডায় জবুথবু ঢাকাবাসী; দেশের অন্যান্য স্থানের মানুষও কাবু হয়েছে শীতে। ঢাকার নীলক্ষেত মোড়ে গভীর রাতে তীব্র শীত থেকে রক্ষায় আগুন জ্বালিয়ে উষ্ণ থাকার চেষ্টায় কয়েকজন রিকশাচালক।

Image

৫ জানুয়ারি ২০২৩: খুলনার আলোচিত খুনি ও শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের বহুল আলোচিত বাড়ি ‘স্বর্ণকমল’ ভেঙে ফেলা হয়।

Image

৬ জানুয়ারি ২০২৩: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙ্গে পড়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Image

৯ জানুয়ারি ২০২৩: এক মাস কারাবন্দি থাকার পর ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Image

কোভিড মহামারীর কারণে দুই বছর বিরতির পর শুরু হলো বিশ্ব ইজতেমা। প্রথম দিন শুক্রবার মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কে জুমার নামাজ আদায় করেন অনেকেই।

Image

২৫ জানুয়ারি ২০২৩: যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে এদিন ঢাকার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক ফেরানোর দাবিতে বছরজুড়েই সমমনাদের নিয়ে এমন কর্মসূচি চালিয়ে গেছে দলটি।

Image

২৯ জানুয়ারি ২০২৩: পাঁচ বছর পর রাজশাহীতে জনসভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; বক্তব্য দেন ঐতিহাসিক মাদ্রাসা মাঠে, যা ছিল কানায় কানায় পূর্ণ।

Image

১ ফেব্রুয়ারি ২০২৩: তিন বছর পর ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হয় অমর একুশে বইমেলা। কোভিডের কারণে আগের বছরগুলোতে মেলা শুরুর নিয়মিত এ সূচি হয়ে যায় এলোমেলো। এদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর মাসব্যাপী এ মেলায় ঢুকতে বইপ্রেমীদের ভিড়।

Image

২ ফেব্রুয়ারি ২০২৩: বণ্যপ্রাণির প্রতি সহিংসতা ও বাণিজ্যিক ব্যবহার রোধে চিড়িয়াখানা বন্ধের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে ভিন্ন ধরনের এক অবস্থান কর্মসূচি পালন করে ‘সেইভ দ্য নেইচার অব বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

Image

৬ ফেব্রুয়ারি ২০২৩: যশোরের ঝিকরগাছায় ফুলের চাষ যেমন বেড়েছে, তেমনি আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও তুলনামূলক বেশি। একটি বাগানে জারবেরা ফুল তুলছেন এক নারী।

Image

৮ ফেব্রুয়ারি ২০২৩:কোভিডের কারণে দেরিতে শুরু হওয়া উচ্চ মাধ্যমিকের ফলাফলে পাসের হার ও জিপিএ কমে যায়। শতভাগ পরীক্ষার্থী ফেইল শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার বিপরীতে কমেছে শতভাগ পাসের প্রতিষ্ঠান। এরমধ্যেই ভালো ফল করা ঢাকার শিক্ষার্থীরা কলেজে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দিনের বড় অংশজুড়েই।

Image

৮ ফেব্রুয়ারি ২০২৩: এক সময় এই ভূখণ্ডে পানীয় জলের উৎস ছিল কুয়া; অনেক বিকল্প চলে আসায় এখন তা হারিয়েই গেছে। পুরান ঢাকায় এখনও রয়ে গেছে কিছু কুয়া। শাঁখারীবাজারে তেমনই এক কুয়া থেকে পানি তুলছেন এই নারী।

Image

১২ ফেব্রুয়ারি: বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশন সচিবালয়ে দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পুই হন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।

Image

১৫ ফেব্রুয়ারি ২০২৩: ডিজিটাল নিরাপত্তা আইন এবং বিভিন্ন বিষয়ে সেন্সরশিপ ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী ভাস্কর্য স্থাপন করেন একদল শিক্ষার্থী। এতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা যায় ভিন্ন রূপে; তার মুখ টেপ দিয়ে বন্ধ, আর হাতে থাকা কাব্যগ্রন্থ গীতাঞ্জলিতে পেরেক ঠোকানো।

Image

১৬ ফেব্রুয়ারি ২০২৩: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে বইয়ে পেরেক ঠুকে মুখে কুলুপ আঁটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাস্কর্য দেখা গিয়েছিল; দুই দিন না যেতেই সে স্থানে দেখা যায় ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ!’ শিরোনামের এক ব্যানার। সেখানে প্রতিবাদী ভাস্কর্যটি দেখতে না পেয়ে এ ব্যানার টানিয়ে দেন উদ্যোক্তারা।

Image

১৭ ফেব্রুয়ারি ২০২৩: ফেনীতে প্রথম যে সিনেমা হল প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫২ সালে, সেই 'দুলাল হল' ভেঙে ফেলা হয় ২০২৩ এ এসে। হলটি ভেঙে ফেলার মধ্য দিয়ে জেলা শহরটিতে ঐতিহাসিক সেই স্মৃতিচিহ্ন মুছে যায়।

Image

১৮ ফেব্রুয়ারি ২০২৩: ডিজিটাল নিরাপত্তা আইন এবং বিভিন্ন বিষয়ে সেন্সরশিপ ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ব্যতিক্রমি এক রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। দুই দিন বাদে সেটিকে ‘গুম’ করার অভিযোগের মধ্যে এদিন বিকালে পাশের সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষতবিক্ষত ভাস্কর্যটির দুই টুকরো পাওয়া যায়। সেই খণ্ড দুটিকে জোড়া লাগিয়ে পরে ছিন্নভিন্ন রূপেই হাজির করা হয় প্রতিবাদী ভাস্কর্যটিকে।

Image

১৯ ফেব্রুয়ারি ২০২৩: ঢাকার গুলশান-২ নম্বরের একটি ভবনে আগুন লাগলে সেখান থেকে লাফিয়ে পড়তে দেখা যায় এক নারীকে। ১২ তলা ওই ভবনটিতে সাড়ে তিন ঘণ্টাতেও আগুন নেভানো সম্ভব হয়নি, তখনও ভেতরে আটকা ছিলেন অনেকেই।

Image

ঢাকার অনেক প্রাণীপ্রেমী তাদের পোষা বিড়াল নিয়ে হাজির হয় ক্যাট র‍্যাম্প শোতে। ছবি: আসিফ মাহমুদ অভি

Image

১ মার্চ ২০২৩: ট্রেনের টিকেট বিক্রির নতুন পদ্ধতি চালু হয় এদিন থেকে। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে নিবন্ধনের জন্য কমলাপুর রেলস্টেশনে খোলা সহয়তা কেন্দ্রে ভিড় করেন যাত্রীরা।

Image

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে শনিবার বিকালে বেসরকারি একটি অক্সিজেন প্ল্যান্টে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ডের ইউএনও শাহাদাত হোসেন।

Image

৫ মার্চ ২০২৩: ঢাকা কলেজ এলাকায় মিরপুর রোডে এদিন সকালে হঠাৎ বিস্ফোরণে তিনতলা একটি ভবনের আংশিক ধসে পড়ে; এ ঘটনায় মৃত্যু হয় অন্তত তিনজনের।

Image

৬ মার্চ ২০২৩: জাতীয় পাট দিবসের ব্যানারে পরিবেশবান্ধব বাংলাদেশের কথা বলা হলেও বিশাল আকারের ব্যানারটি বানানো হয় প্লাস্টিকের ক্যানভাসে, যা পচনশীল নয়। ছবির পাতাটি আদৌ পাট পাতা কি না, সেই প্রশ্নও ওঠে। ঢাকার বিজয় সরণিসহ বিভিন্ন স্থানে শোভা পায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এ ব্যানার।

Image

৭ মার্চ ২০২৩: পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে ১৮ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। ভবনটিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ছিল।

Image

৭ মার্চ ২০২৩: পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণের পর একে একে হতাহতের আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতদের স্বজনদের আর্তনাদ ও আহতদের চিকিৎসায় ছুটোছুটিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।    

Image

১৫ মার্চ ২০২৩: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট চলাকালে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের উত্তেজনার মধ্যে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের পিটুনির শিকার হন সাংবাদিকরা।

Image

১৭ মার্চ ২০২৩: পূর্বাচল এক্সপ্রেসওয়েতে গাড়ি থামিয়ে হাতি দিয়ে নেওয়া হচ্ছিল টাকা। এক পথচারী এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে তাকে হাতি দিয়ে তাড়া দেওয়া হয়।

Image

১৯ মার্চ ২০২৩: মাদারীপুরের শিবচরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়। এদিন সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ধরে বাসটি এতই জোরে রেলিংয়ে আঘাত করেছিল যে, দুর্ঘটনার পর সেটির দুমড়ে মুচড়ে যাওয়া যন্ত্রাংশ কেটে সরাতে হয়। ইমাদ পরিবহনের বাসটি খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল।

Image

৩০ মার্চ ২০২৩: ঢাকার কেরানীগঞ্জে এক সময়ে পানির অন্যতম উৎস ছিল শুভাঢ্যা খাল; যা এখন শুধু নামেই খাল। সুপেয় পানি তো দূরের ব্যাপার; সাত কিলোমিটার দীর্ঘ খালটির প্রায় অর্ধেক ময়লা আর্বজনায় পূর্ণ। ময়লার ভাগাড়ে পরিণত হওয়া খালের দিকে তাকালে চোখে পড়বে প্লাস্টিক আর প্লাস্টিক। নিয়মিত ফেলা গার্মেন্টের টুকরো কাপড় ও অন্যান্য বর্জ্যেও ভরে যাচ্ছে খালটি।

Image

৩ এপ্রিল ২০২৩: ‘মিথ্যা ও মানহানিকর’ তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় আটক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান ।

Image

৪ এপ্রিল ২০২৩: রোজার ঈদের ঠিক আগে আগে দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজার ভয়াবহ আগুনে পুড়ে পরিণত হয় ধ্বংসস্তূপে। আশপাশের আরও বিপণিবিতানসহ দোকান পুড়েছে প্রায় পাঁচ হাজার; ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার বেশি বলে দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির।

Image

বঙ্গবাজারের পোড়া ধ্বংসস্তূপের উপর মানুষ আর মানুষ; কেউ এসেছে পুড়ে যাওয়া বঙ্গবাজার দেখতে, কেউবা এসেছে নিজের দোকন খুঁজতে, আর কেউ এসেছে পোড়া টিন ও অন্যান্য জিনিসপত্র নিতে।

Image

৭ এপ্রিল ২০২৩: বান্দরবানের রোয়াংছড়িতে আগের দিন সন্ধ্যায় দুই সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির পর আটজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পরে সেসব মৃতদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়।

Image

১১ এপ্রিল ২০২৩: মগবাজার চৌরাস্তা থেকে রেলগেইট পর্যন্ত ফ্লাইওভারের পিলারগুলো রঙিন হয়ে উঠে দৃষ্টিনন্দন চিত্রকর্মে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

Image

১১ এপ্রিল ২০২৩: তাপদাহের মধ্যে প্রশান্তি পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পানি দিয়ে মাথা ভিজিয়ে নিতে দেখা যায় একজনকে। ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Image

১২ এপ্রিল ২০২৩:
এক সকালের ভয়াবহ আগুনে ঈদের কেনাবেচার উৎসব মাটি হতে বসেছিল ঢাকার বঙ্গবাজারের ব্যবসায়ীদের। সেই পোড়া মাঠে চড়া রোদের মধ্যে প্রায় সব হারানোর ধাক্কা সামলে নিজ নিজ দোকানের স্থানে চৌকি পেতে ব্যবসায় ফিরতে শুরু করেন দোকান মালিকরা; আশা, ঈদের আগে যদি কিছু আয় হয়।

Image

১৩ এপ্রিল ২০২৩: ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল রাতে তার মৃত্যু হয়।

Image

১৫ এপ্রিল ২০২৩: ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এদিন সকালে ভয়বাহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা যোগ দেয় আগুন নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের মালামাল উদ্ধারের কাজে।

Image

১৯ এপ্রিল ২০২৩: পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার শেষ দিন সকালে পদ্মা পাড়ি দিতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে বাইকারদের ভিড়।

Image

২০ এপ্রিল ২০২৩: দীর্ঘ প্রতীক্ষার পর নিষেধাজ্ঞা উঠলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। প্রথম দিন সকালে টোল কাউন্টারের আগে ছিল বাইকের লম্বা লাইন, যাদের বেশির ভাগই ছিলেন বাড়িমুখী। কড়াকড়ির মধ্যে আলাদা লেইনে চলার নিয়ম মেনেই এদিন পারাপারে বাধ্য হন তারা।

Image

২৪ এপ্রিল ২০২৩: রাষ্ট্রপতি হয়ে ১০ বছর বঙ্গভবনে ছিলেন মো. আবদুল হামিদ। সেই দায়িত্ব পালন শেষে রাজসিকভাবে বিদায় নিলেন তিনি। রাষ্ট্রপ্রধান হিসেবে তার আগে কেউ এত দিন বঙ্গভবনে ছিলেন না।

Image

২৬ এপ্রিল ২০২৩: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাওয়ার সময় পদ্মা সেতুতে দাঁড়িয়ে সস্ত্রীক গ্রীষ্মে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Image

২৯ এপ্রিল ২০২৩: তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় বেঁকে যাওয়া রেল লাইনে কচুরিপনা দিয়ে ঠান্ডা রাখান চেষ্টায় এক রেলকর্মী। এর আগে সেখানে লাইন তীব্র গরমে বেঁকে ট্রেন লাইনচ্যুত হয়েছিল। সেই লাইন মেরামতের ২৪ ঘণ্টা পরে আবারও একই ঘটনা ঘটেছিল।

Image

৭ মে ২০২৩: ক্রমেই দাম বেড়ে ভোজ্য তেল যেন সাধারণের নাগালের বাইরে। কামরাঙ্গীরচরে প্লাস্টিকের বোতল প্রক্রিয়াজাত কারখানায় কাজ করা এক নারী ফেলে দেওয়া বোতল থেকে তেল সংগ্রহ করছেন। দিন শেষে যতটুকু পাওয়া যায় তাই কাজে লাগে নিজের সংসারে রান্নার কাজে।

Image

৮ মে ২০২৩: সংঘাতের মধ্যে তিন সপ্তাহ সুদানে আটকে থাকার পর সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছে বাংলাদেশিদের প্রথম দল। সুদানের দুই বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাতের মধ্যে প্রথম পর্বে ফিরলেন ১৩৬ বাংলাদেশি।

Image

৯ মে ২০২৩: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে সঙ্গে প্রতীক নিতে নগরীর বঙ্গতাজ মিলনায়তনে আসেন।দলের মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে সাবেক এ মেয়র তার মাকে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড় করিয়ে বিজয়ী করে আনেন।

Image

১১ মে ২০২৩: প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে সিনেমার ক্যামেরার। ডিজিটাল পদ্ধতিতে সিনেমা বানানোর আগে ফিল্ম বা নেগেটিভের ব্যবহার ছিল, কিন্তু সময়ের ব্যবধানে পরিবর্তন এসেছে তাতে। ডিজিটাল ক্যামেরা চালুর পর আগের নেগেটিভগুলোর দিকে আর মনোযোগ নেই। বিভিন্ন দেশে সংরক্ষণ করা হলেও আমাদের এখানে তা যেন পরিত্যক্ত। তারই নমুনা মিলল এফডিসির সামনে হাতিরঝিলের লেকে ফেলে দেওয়া সিনেমার নেগেটিভের রিলে।

Image

১৪ মে ২০২৩: বাংলাদেশ ও মিয়ানমার দিয়ে উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় মোখা। অতি প্রবল এ ঝড়ের ঝাপটা বাংলাদেশ অংশে মূলত গেছে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের উপর দিয়ে। সেখানে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো উপড়ে পড়ে।

Image

১৪ মে ২০২৩: ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে বেশ ক্ষতি হয় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। অতি প্রবল এ ঝড়ে দ্বীপের প্রচুর গাছপালা উপড়ে যায়, ভেঙ্গে পরে বেশ কিছু ঘরবাড়ি।

Image

১৬ মে ২০২৩: ‘সুজনসখী’, ‘গোলাপী এখন ট্রেনে’র মতো সাড়া জাগানো চলচ্চিত্রের নায়ক, ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ এদিন নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শ্রদ্ধায় ভালোবাসায় শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ।

Image

২৫ মে ২০২৩: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ফল ঘোষণার পর বিজয় চিহ্ণ দেখান স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন ও তার ছেলে জাহাঙ্গীর আলম। এই সিটির প্রথম নারী মেয়র নির্বাচিত হন সাবেক মেয়র জাহাঙ্গীরের মা।  

Image

৩১ মে ২০২৩: ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে।

Image

১ জুন ২০২৩: জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের শিরোনাম ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

Image

২ জুন ২০২৩: ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে সরকারের অবস্থান ও খুঁটিনাটি বিষয়ে জানাতে বরাবরের মতো সংবাদ সম্মেলনে আসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তার সঙ্গে ছিলেন আরও পাঁচ মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Image

৪ জুন ২০২৩: নতুন বাজেটে ভাতা, শিক্ষাবৃত্তির বরাদ্দ বাড়ানোসহ ১১ দফা দাবিতে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন একদল প্রতিবন্ধী ব্যক্তি। পরে সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন তারা।

Image

৭ জুন ২০২৩:  ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী একটি ট্রাকের সঙ্গে নির্মাণ শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হন।

Image

৮ জুন ২০২৩: মাতৃভূমি মিয়ানমারে ফেরার দাবিতে কক্সবাজারের ক্যাম্পে ক্যাম্পে সমাবেশ করে রোহিঙ্গা শরণার্থীরা। উখিয়া ও টেকনাফ উপজেলার অন্তত ১৩টি শরণার্থী আশ্রয়শিবিরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Image

১০ জুন ২০২৩:  চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’। সমাবেশে নিজেদের শিক্ষা সনদ ছিঁড়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

Image

২ জুলাই ২০২৩: ঢাকার কাঁচাবাজারগুলোতে লাগামহীন হয়ে পড়ে কাঁচা মরিচের দাম। মতিঝিলের এজিবি কলোনি বাজারে এদিন ৬০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায় এ পণ্য।

Image

ঢাকার নয়া পল্টনে বুধবার বিএনপির সমাবেশমুখী নেতা-কর্মীদের কারণে কাকরাইল এলাকায় যানবাহসেনর গতি ছিল ধীর।

Image

১২ জুলাই ২০২৩: একই দিন ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশে ‘শান্তি সমাবেশ’ করে আওয়ামী লীগ।

Image

১৩ জুলাই ২০২৩: এইডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ বাড়তেই থাকে বছরের মাঝামাঝি থেকে। এতে চাপ বেড়ে যায় হাসপাতালগুলোতে। এ সময়ে সর্বাধিক ডেঙ্গু রোগী ছিল ঢাকার মিটফোর্ড হাসপাতালে।

Image

১৭ জুলাই ২০২৩: ভোটের শেষ মুহূর্তে ঢাকা ১৭ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। ভোটের দিন বিকাল সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার উপর চড়াও হতে দেখা যায় কিছু যুবককে।

Image

২৯ জুলাই ২০২৩: অবস্থান কর্মসূচি পালনে যাওয়া বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দফায় দফায় চলে সংঘর্ষ।

Image

২৯ জুলাই ২০২৩: ঢাকার মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপিকর্মীরা অবস্থান কর্মসূচি পালনে করতে গেলে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের মধ্যে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Image

৭ অগাস্ট ২০২৩:কয়েকদিনেরে টানা বর্ষণের পর তলিয়ে যায় পার্বত্য জেলা বান্দরবান শহরের বিভিন্ন এলাকা। বিদ্যুৎকেন্দ্রও তলিয়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো জেলা।

Image

৮ অগাস্ট ২০২৩: কয়েক দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সাতকানিয়ার কেরানিহাট থেকে চন্দনাইশের হাশিমপুর পর্যন্ত সড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক তলিয়ে যায় পানিতে। তাতে এ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Image

৯ অগাস্ট ২০২৩:বন্যার পানিতে ডোবা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের একটি বাড়ি। টানা বর্ষণে পাহাড়ের এ ইউনিয়নের নয়শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছিল। 

Image

১৩ অগাস্ট ২০২৩: চট্টগ্রাম সাতকানিয়ার তেমুহনী এলাকায় ভারি বৃষ্টির সময় তীব্র পাহাড়ি ঢলে পাথর ও মাটি সড়ে চট্টগ্রাম -কক্সবাজার নির্মাণাধীন রেললাইনের কিছু অংশ দেবে যায়; কোথাও কোথাও বেঁকে যায় লাইনও।

Image

১৩ অগাস্ট ২০২৩: টানা বৃষ্টিতে পাহাড় ধসের কারণে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বান্দরবানের। বান্দরবনের পথে পথে পড়ে থাকতে দেখা যায় পাথর, গাছপালা, বিদ্যুতের খুঁটি ও মাটি।

Image

১৫ অগাস্ট ২০২৩: যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ এদিন ভোরে পিরোজপুরে নেওয়ার সময় জামায়াত-শিবির কর্মীরা শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে মোটরসাইকেলে আগুন দেন।সাঈদী ১৪ অগাস্ট রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান।

Image

২ সেপ্টেম্বর ২০২৩: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের সময় ওড়ানো হয় বেলুন, ছিল রঙিন আতশবাজিও।

Image

২ সেপ্টেম্বর ২০২৩: উদ্বোধনের পর শাহজালাল বিমানবন্দরের পাশে কাওলা অংশে টোল দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভ্রমণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Image

৭ সেপ্টেম্বর ২০২৩: প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে চলে ট্রেন।

Image

১৪ সেপ্টেম্বর ২০২৩: গভীর রাতের ভয়াবহ আগুনে নিঃস্ব হয়ে যান ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটের ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে ২১৭টি দোকান পুরোপুরি পুড়ে যায়। অন্তত ৩৫০ কোটি টাকার ক্ষতি হওয়ার কথা জানান ব্যবসায়ীরা।

Image

৫ অক্টোবর ২০২৩: পাবনার ঈশ্বরদীতে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি হস্তান্তর করা হয়। এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Image

৫ অক্টোবর ২০২৩: খুলল শাহজালালের থার্ড টার্মিনালের দুয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকালে দৃষ্টিনন্দন এ টার্মিনালের ‘সফট ওপেনিংয়ের’র সূচনা করেন। টার্মিনালটি পুরোপুরি চালু হতে আরও এক বছর লাগবে। আপাতত সীমিত পরিসরে এ টার্মিনালের কাজ চলবে, তাই একে ‘সফট ওপেনিং’ বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক।

Image

১০ অক্টোবর ২০২৩: দ্বিতল পদ্মা সেতু দিয়ে ট্রেনে করে প্রমত্তা পদ্মা পাড়ি দেওয়ার দুয়ার খুললো। মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন থেকে এ সেতু দিয়ে বহুল প্রতীক্ষিত রেল সংযোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনে চড়ে নিজেও মাওয়া থেকে ভাঙ্গায় যান তিনি।

Image

১৫ অক্টোবর ২০২৩: ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা নেন এক শিক্ষার্থী। ঢাকায় কিশোরীদের বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকাদান শুরু হয় এদিন।

Image

২৪ অক্টোবর ২০২৩: উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় হামুন। এ ঘূর্ণিঝড়ের আঘাতে কক্সবাজারের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে যায়, বিধ্বস্ত হয় বাড়িঘর। কেবল কক্সবাজার পৌর এলাকাতেই ১৫ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Image

২৬ অক্টোবর ২০২৩: রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ার নামের একটি বহুতল ভবনে বৃহস্পতিবার বিকালে আগুন লাগে। এতে প্রাণ হারান তিনজন। ভয়াবহ এ আগুনে ওই ভবনে থাকা অনেকগুলো ইন্টারনেট সেবাদাতা কোম্পানির যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হলে সারাদেশে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা ধীরগতির হয়ে পড়ে।

Image

২৮ অক্টোবর ২০২৩: বিএনপির সরকার হটানোর এক দফা আন্দোলনের পাল্টায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করে আওয়ামী লীগ। বছরজুড়েই পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজনীতি ছিল সরগরম।

Image

২৮ অক্টোবর ২০২৩: নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এক দফা দাবি আদায়ে আন্দোলনে থাকা বিএনপির সমাবেশ পণ্ড হয়ে গেলে মঞ্চের সামনে আগুন ধরিয়ে দেন বিএনপির নেতাকর্মীরা।

Image

২৮ অক্টোবর ২০২৩: নির্বাচনের আগে সরকার হটানোর এক দফা দাবিতে নয়া পল্টনে মহাসমাবেশে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর মধ্যেই অদূরে কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির একটি অংশ। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সমাবেশ পণ্ড হয়ে যায়।

Image

২৮ অক্টোবর ২০২৩: নয়া পল্টনে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর এদিন দুপুরে কাকরাইল মোড়ে থেকে শান্তিনগর পর্যন্ত পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

Image

২৮ অক্টোবর ২০২৩: চট্টগ্রামবাসীর সঙ্গে ইতিহাসের সাক্ষী হল বাংলাদেশ, উদ্বোধন হল দেশের প্রথম টানেলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন।

Image

২৯ অক্টোবর ২০২৩: দীর্ঘদিন পর ডাকা বিএনপির হরতালের ঢাকার কয়েকটি স্থানে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Image

২৯ অক্টোবর ২০২৩:
বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানার মামলায় গ্রেপ্তার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাতে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

Image

৩১ অক্টোবর ২০২৩: সমাবেশ পণ্ডের পরদিন ২৯ অক্টোবর থেকে টানা কর্মসূচি দিলেও মাঠে দেখা যায়নি বিএনপির নেতাকর্মীদের। হঠাৎ আড়াল থেকে এসে এমন ঝটিকা মিছিল করে বা কিছু সময় অবস্থান করেই চলে যাচ্ছিলেন তারা। 

Image

৩১ অক্টোবর ২০২৩: বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

Image

৩১ অক্টোবর ২০২৩: বিএনপি ও জামায়াতের ডাকে টানা তিন দিনের অবরোধের মধ্যে মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়কে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।

Image

২ নভেম্বর ২০২৩: পদ্মা সেতু পার হয়ে দক্ষিণের পথে যাওয়ার জন্য বৃহস্পতিবার ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায় যাত্রীবাহী প্রথম ট্রেন।

Image

৪ নভেম্বর ২০২৩: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা অতিক্রম করে মতিঝিল স্টেশনের পথে মেট্রো রেল। উত্তরা-আগারগাঁও অংশ চালু হওয়ার ১০ মাস সাত দিনের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও- মতিঝিল অংশের উদ্বোধন করেন।

Image

৯ নভেম্বর ২০২৩: শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস এদিন দুপুরে ঢাকার শ্রম আদালতে হাজির হন।

Image

৫ নভেম্বর, ২০২৩:  নতুন রেলপথ ঠিকঠাক আছে কি না, তা জানতে চট্টগ্রাম থেকে কক্সবাজারে ট্রায়াল রান হয়। সেদিন কক্সবাজারের আইকনিক স্টেশনে হর্ষধ্বনিতে ট্রেনকে স্বাগত জানান সমবেতরা।

Image

১২ নভেম্বর ২০২৩: গাজীপুরে কোনাবাড়ীর জরুন এলাকায় চার দিন আগে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক জালাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান। এদিন সকালে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে হাসপাতালের মর্গ ।

Image

১৫ নভেম্বর ২০২৩:  দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। প্রথমবারের মতো কোনো সিইসি নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি জাতির উদ্দেশে ভাষণ দেন।

Image

২৬ নভেম্বর ২০২৩: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকালে সংবাদ সম্মেলন থেকে ২৯৮ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Image

১ ডিসেম্বর ২০২৩: বাণিজ্যিক যাত্রা শুরু ‘কক্সবাজার এক্সপ্রেস’ এর। এদিন দুপুরে কক্সবাজারের আইকনিক রেল স্টেশন থেকে যাত্রী নিয়ে ট্রেনটি রওনা হয় ঢাকার কমলাপুর রেল স্টেশনের উদ্দেশে ।

Image

৪ ডিসেম্বর ২০২৩: ঢাকার বাজারে একযোগে কমে যায় গরুর মাংসের দাম। কোথাও গরুর মাংস বিক্রি করা হয় ৬০০ টাকায়, কোথাও ৫৯৫ টাকায়।

Image

৯ ডিসেম্বর ২০২৩: ভারত সরকার নিজের দেশে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার পরদিন থেকেই পণ্যটির দাম অস্বাভাবিক পরিমাণ বাড়াতে শুরু করেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।

Image

১৪ ডিসেম্বর ২০২৩:
গাজীপুরের ভাওয়ালে ভোর রাতে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের কিছু কেটে ফেলা হয়। এতে ঢাকাগামী আন্ত:নগর মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি ছিটকে পড়ে ও লাইনচ্যুত হয়ে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

Image

১৯ ডিসেম্বর ২০২৩: বিএনপির ডাকা হরতালের মধ্যে এদিন ভোরে নেত্রকোণা থেকে ঢাকায় ঢোকার পথে বিমানবন্দর স্টেশনে আগুন দেওয়া হয় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে। আগুনে ট্রেনটির তিনটি বগি পুড়ে যায়, যার একটি থেকে উদ্ধার করা হয় শিশুকে বুকে আগলে রাখা এক মাসহ চার জনের লাশ।

Image

১৯ ডিসেম্বর ২০২৩: দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার ঢাকার সোনারগাঁও হোটেলে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Image

২০ ডিসেম্বর ২০২৩:  আগের বারের মতো এবারও সিলেটে প্রথম জনসভা করে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে নামে আওয়ামী লীগ। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় এসে জাতীয় পতাকা নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

Image

৩০ ডিসেম্বর: বিভিন্ন স্থানেই নৌকার প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র হিসেবে লড়ছেন, যা ভোটকে যেমন জমিয়ে তুলেছে তেমনি উত্তাপও ছড়িয়েছে। এদিন চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর নির্বাচনি প্রচারে দুই জায়গায় নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা, গাড়ি ভাংচুরের অভিযোগ ওঠে।