১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাকসু নির্বাচন: কোন হলের শিক্ষার্থী কোন ভবনে ভোট দেবেন

নয়টি অ্যাকাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথের মাধ্যমে ভোট দেবেন শিক্ষার্থীরা।

রাকসু নির্বাচন: কোন হলের শিক্ষার্থী কোন ভবনে ভোট দেবেন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 07:42 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট গ্রহণের কেন্দ্র ও বুথ স্থাপনের বিস্তারিত তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনে নয়টি অ্যাকাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথের মাধ্যমে শিক্ষার্থীরা ভোট দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ও ভোট কেন্দ্র স্থাপন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান।

বৃহস্পতিবার রাতে আব্দুল হান্নান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মমতাজউদ্দিন অ্যাকাডেমিক ভবনে ১৫৬ নম্বর কক্ষে মন্নুজান হল; ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবনের ১৫০ নম্বর গ্যালারি কক্ষে শহীদ জিয়াউর রহমান হল; ইসমাইল হোসেন সিরাজী ভবনে ১২৮ নম্বর কক্ষে জুলাই-৩৬ হল ও ১২২ নম্বর কক্ষে রোকেয়া হল; রবীন্দ্র ভবনের ১৪৬ নম্বর কক্ষে তাপসী রাবেয়া হল, ১১৯ নম্বর কক্ষে বেগম খালেদা জিয়া হল এবং ১২৩ নম্বর কক্ষে রহমতুন্নেসা হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন।

এ ছাড়া জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে ১৩৩ নম্বর কক্ষে শহীদ হবিবুর রহমান হল ও ১০১ নম্বর কক্ষে শহীদ শামসুজ্জোহা হল; জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনের ১২৫ নম্বর কক্ষে বিজয়-২৪ হল এবং ১১৬ নম্বর কক্ষে নবাব আব্দুল লতিফ হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনের ১৩৩ নম্বর কক্ষে শের-ই-বাংলা ফজলুল হক হল ও ২০৮ নম্বর কক্ষে মতিহার হল; জগদীশ চন্দ্র অ্যাকাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে মাদার বখশ হল ও ১০৫ নম্বর কক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব হল কক্ষে সৈয়দ আমীর আলী হল এবং পশ্চিম হল কক্ষে শাহ মখদুম হলের ভোটগ্রহণ হবে।

রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন; যার মধ্যে ছাত্র ১৭ হাজার ৫৯৬ এবং ছাত্রী ১১ হাজার ৩০৫ জন। প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৪৮ জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ এবং হল সংসদে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, “আমরা বৈজ্ঞানিক উপায়ে বিশেষজ্ঞদের মাধ্যমে ওএমমার পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছি। এতে ১৭টি কেন্দ্রেই মেশিন বসানো হবে। প্রতিটি কেন্দ্রে ছয়টি করে মোট ১০২টি ব্যালট বাক্স থাকবে।”

তিনি বলেন, ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে হবে গণনা। ভোট গণনা সিসিটিভি ক্যামেরায় আওতাভুক্ত থাকবে। এক ঘণ্টার মধ্যে নির্বাচনের ফলাফল দেওয়ার চেষ্টা করা হবে।

এর আগে ২৮ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী সোমবার থেকে শুরু করে ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত প্রচার চলবে।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে।

রাকসু নির্বাচন: ৯ ভবনের ১৭ কেন্দ্রে ভোটগ্রহণ

রাকসু নির্বাচন: গানে গানে প্রচার প্রার্থীর

ছাত্র সংসদে উপাচার্য-কোষাধ্যক্ষ, আপত্তি উঠল রাকসু ভোটেও

রাকসু: ছাত্রদলের পাল্টায় মেশিনে ভোট গোনার দাবি শিবিরের

রাকসু: স্বচ্ছ ব্যালট বাক্স এবং হাতে গণনা চায় ছাত্রদল

অনলাইন-অফলাইনে রাকসুর ভোটযুদ্ধ

রাকসু নির্বাচনে থাকবে ২ হাজার পুলিশ: আরএমপি কমিশনার