১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জার্সি না পরেও সাজপোশাকে প্রিয় দলের আমেজ

প্রিয় দলের জার্সির রংয়ের সাথে মিলিয়ে করা যায় নানান সাজ।

জার্সি না পরেও সাজপোশাকে প্রিয় দলের আমেজ
প্রিয় তারকার চিরচেনা সেই উদযাপনের চিত্র। আর্জেন্টিনার তারকা ফুটবলার আনহেল দি মারিয়ার ‘লাভ সাইন’ ছবির সামনে দাঁড়িয়ে একই ভঙ্গিতে এক ফুটবলপ্রেমী। ছবি: শামছুল হক রিপন

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 06:07 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

ফুটবল বিশ্বকাপের আসর যে দেশেই বসুক, বাংলাদেশিদের জীবনে উন্মাদনার শেষ থাকে না। আর এই সময় সমর্থন জানাতে অনেকেই বেছে নেন প্রিয় দলের জার্সি।

জার্সি না পরেও, প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করা সম্ভব। প্রতিদিনের পোশাকেই ফুটিয়ে তোলা যায় প্রিয় দলের রং, সংস্কৃতি এবং আবেগ।

দলের রংকে স্টাইলের অংশ করা

প্রিয় দলের আবহ ফুটিয়ে তোলার সবচেয়ে সহজ উপায় হল, সেই দলের রংকে পোশাকে যোগ করা। যদি পছন্দের দল আর্জেন্টিনা হয়, তাহলে আকাশি ও সাদা রংয়ের পোশাক বেছে নেওয়া যেতে পারে।

ব্রাজিল সমর্থকরা হলুদ, সবুজ কিংবা নীলের সমন্বয় ব্যবহার করতে পারেন। আবার ফ্রান্সের সমর্থকরা নীল, সাদা ও লালের সংমিশ্রণে সাজতে পারেন।

পুরো পোশাক একই রং না রেখে রংয়ের ভারসাম্য বজায় রেখে ফ্যাশনকে পরিমিত রাখার পরামর্শ দেন, ডিজাইনার ও বিবিয়ানার কর্ণধার লিপি খন্দকার।

ওড়না, স্কার্ফ বা পাতলা শালের ব্যবহার

সরাসরি জার্সি পরা সম্ভব না হলে স্কার্ফ, ওড়না বা শাল হতে পারে বিকল্প। একটি সাধারণ পোশাকের সঙ্গে দলের রংয়ের স্কার্ফ পুরো সাজের চরিত্র বদলে দিতে পারে।

বিশেষ করে আড্ডা, খেলা দেখার আয়োজনে, এ ধরনের অনুষঙ্গ সহজেই সমর্থনের বার্তা পৌঁছে দেয়।

গয়না ও অনুষঙ্গে দলের ছোঁয়া

“ফ্যাশনের ক্ষেত্রে ছোট ছোট অনুষঙ্গ অনেক সময় বড় প্রভাব ফেলে। কানের দুল, ব্রেসলেট, আংটি কিংবা চুলের ব্যান্ডে প্রিয় দলের রং ব্যবহার করা যেতে পারে” বলেন এই ফ্যাশন বিশেষজ্ঞ।

এছাড়া ব্যাগ, মানিব্যাগ, ঘড়ির ফিতা কিংবা মোবাইলের আবরণেও দলের রংয়ের ব্যবহার সমর্থন প্রকাশ করতে পারে।

এতে পোশাক খুব বেশি পরিবর্তন না করেও, দলের প্রতি ভালোবাসা প্রকাশ করা সম্ভব।

রংয়ের সমন্বয়

জার্সি ছাড়া দলের আমেজ আনতে চাইলে রংয়ের ব্যবহারও গুরুত্বপূর্ণ। সাদা শার্টের সঙ্গে আকাশি রংয়ের স্কার্ট বা প্যান্ট, কিংবা সবুজ কুর্তার সঙ্গে হলুদ ওড়না বা সাদা, লাল সহজেই দলের পরিচিত রংয়ের প্রতিফলন ঘটাতে পারে।

নখের সাজেও সমর্থন

খেলার মৌসুমে অনেকেই নখের সাজে নতুনত্ব আনতে চান।

প্রিয় দলের রংয়ের ব্যবহার কিংবা পতাকার অনুপ্রেরণায় নখ সাজানো ভালো বিকল্প। 

“জমকালো পছন্দ না হলে, হালকা রংয়ের ছোঁয়াও যথেষ্ট হতে পারে” বলেন রূপবিশারদ শারমিন কচি।

মেইকআপে রংয়ের ব্যবহার

“চোখের সাজ, ঠোঁটের রং কিংবা চুলের ছোটখাটো অলংকরণেও দলের রং ব্যবহার করা যায়। তবে পুরো মুখে উজ্জ্বল রং ব্যবহার না করে, হালকা প্রয়োগে সাজ পরিশীলিত দেখায়” পরামর্শ দেন কচি।

পরিবারের সঙ্গে মিলিয়ে সাজ

খেলার দিনগুলোতে পরিবারের সদস্যদের মধ্যে রংভিত্তিক সাজের সমন্বয়ও একটি ধারণা হতে পারে। সবাই একই ধরনের পোশাক না পরে, প্রিয় দলের রংয়ের বিভিন্ন শেইড ব্যবহার করা যায়।

আরও পড়ুন

বহুমাত্রিক ফ্যাশনে গারোদের দকবান্দা

দীর্ঘ ভ্রমণে আরামদায়ক পোশাক

যে কারণে শাড়ির পাড়ে ফলস লাগাতে হয়