Published : 17 Mar 2026, 05:56 PM
দীর্ঘ ভ্রমণ আনন্দের, আবার কখনও কখনও বেশ ক্লান্তিকরও হতে পারে। বিশেষ করে যখন ঘণ্টার পর ঘণ্টা বিমান, বাস বা গাড়িতে বসে থাকতে হয়।
আর তখন পোশাকের আরামদায়কতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ ভুল পোশাক ভ্রমণের অস্বস্তির কারণ হয়ে যায়।
ভ্রমণের সময় এমন পোশাক প্রয়োজন যা একদিকে আরামদায়ক, অন্যদিকে ব্যবহারিক।
“বিশেষ করে দীর্ঘ সময় বসে থাকা, হাঁটা বা বিভিন্ন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পোশাকের নকশা ও উপাদান গুরুত্বপূর্ণ”- মন্তব্য করেন সার্ভিস প্রতিষ্ঠান নট এইট-এর ‘চিফ অব এক্সপেডিশন অ্যান্ড ট্রেইনার’ মামুন রনি।

দীর্ঘ ভ্রমণে পোশাকের আরাম যে কারণে জরুরি
দূর যাত্রায় শরীর দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকতে পারে। বিমান বা বাসে দীর্ঘক্ষণ বসে থাকলে শরীরে ক্লান্তি, পেশিতে টান কিংবা অস্বস্তি তৈরি হতে পারে।
এমন পরিস্থিতিতে আরামদায়ক পোশাক শরীরকে কিছুটা হলেও স্বস্তি দেয়।
ভ্রমণে পরা সুন্দর পোশাক চলাফেরা বা দীর্ঘ সময় বসে থাকার জন্য উপযোগী না হলে ভ্রমণের আনন্দ নষ্ট হতে পারে। তাই ভ্রমণের পোশাক নির্বাচন করার সময় আরামকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মামুন রনি বলেন, “ভ্রমণের জন্য তৈরি বিশেষ ধরনের প্যান্ট এখন জনপ্রিয় হয়ে উঠছে। এগুলো সাধারণত হালকা, নরম এবং সহজে প্রসারিত হয়। ফলে দীর্ঘ সময় পরেও অস্বস্তি তৈরি হয় না।”
দেশীয় ফ্যাশন হাউজ কে ক্রাফট এর কর্ণধার খালিদ মাহমুদ খান বলেন “সাগর পাড়ে বেড়াতে গেলে একরাশ ফুরফুরে হাওয়ার সাথে পোশাকও যেন হয় ঢিলেঢালা।”
তার পরামর্শ- এই ক্ষেত্রে বেছে নেওয়া যেতে পারে, “লং ম্যাক্সি ড্রেস, প্রিন্টেড শর্ট লেংথ জাম্প সুট’, কিমোনো, কাফতান।
সুতির শর্টস বা ডেনিম শর্টসের সঙ্গে বডি হাগিং ট্যাঙ্ক টপ বা স্প্যাগেটি ম্যাচ করানো যায়।
আরামদায়ক প্যান্টের উপাদান ও নকশা
ভ্রমণের উপযোগী প্যান্টের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল- এর কাপড়ের ধরন। সাধারণত এ ধরনের প্যান্ট তৈরিতে কাপড় হয় হালকা, নমনীয় এবং শরীরের সঙ্গে সহজে মানিয়ে যায় এমন।

“ঘোরাঘুরিতে ঘাম হলে শোষণ করতে পারে এবং দ্রুত শুকিয়ে যা এমন উপাদানও ব্যবহার করা হয়। অনেক ভ্রমণপোশাকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থাও থাকে। বাইরে দীর্ঘ সময় থাকলে এটি ত্বককে কিছুটা সুরক্ষা দেয়”- মত দেন মামুন রনি।
“প্যান্টের নকশাও গুরুত্বপূর্ণ। কোমরে নমনীয় বেল্ট বা ফিতা থাকলে পোশাক সহজে মানিয়ে নেওয়া যায়। এতে দীর্ঘ সময় বসে থাকলেও চাপ কম অনুভূত হয়”- বলেন তিনি।
ব্যবহারিক দিক: পকেটের সুবিধা
ভ্রমণের সময় ছোট ছোট প্রয়োজনীয় জিনিস, যেমন- মোবাইল ফোন, মানিব্যাগ, চাবি বা টিকিট সহজে হাতের কাছে থাকা দরকার হয়। তাই অনেক ভ্রমণপোশাকে একাধিক পকেট রাখা হয়।
অনেক ভ্রমণকারী পকেটের এই সুবিধাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। কারণ এতে প্রয়োজনীয় জিনিস সহজে রাখা যায় এবং আলাদা ব্যাগ বহনের প্রয়োজন কমে।
বিশেষ করে দীর্ঘ হাঁটা বা পাহাড়ি পথে চলার সময় পকেটের সুবিধা ভ্রমণকারীদের জন্য বেশ কার্যকর হয়ে ওঠে।
আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা
ভ্রমণের সময় অনেক সময় বিভিন্ন ধরনের আবহাওয়ার মুখোমুখি হতে হয়। কখনও ঠাণ্ডা, কখনও গরম, আবার কখনও বৃষ্টিও হতে পারে।
এই কারণে ভ্রমণের পোশাক এমন হওয়া প্রয়োজন যা বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। হালকা কিন্তু টেকসই কাপড় এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
এ ধরনের কাপড় অনেক সময় শরীরকে উষ্ণ রাখতেও সাহায্য করে, আবার অতিরিক্ত গরমও তৈরি করে না। ফলে বিমানবন্দর, বিমান বা বাইরের পরিবেশ সব জায়গায় কিছুটা স্বস্তি পাওয়া যায়।
খালিদ বলেন, “পাহাড়ি জায়গায় বেড়াতে গেলে জিনস সঙ্গে রাখাই যায়। বিশেষ করে ঠাণ্ডা কোনো পাহাড়ি অঞ্চলে গেলে। শীতও প্রতিরোধ করে, আবার হাঁটাচলায় সুবিধেও হয়।”
ট্রেঞ্চকোট, বম্বার জ্যাকেট শীতের জন্য জরুরি। আবার স্টাইলের জন্যও পারফেক্ট। বিভিন্ন রংয়ের স্কার্ফ বা মাফলার সঙ্গে রাখা ভালো। সেগুলো ব্যান্ডানা বা খুশিমতো হেডগিয়ার করে পরা যায় – পরামর্শ দেন এই পোশাক নকশাকর।

ভ্রমণে আরাম ও ব্যবহারিকতার সমন্বয়
আগে ভ্রমণের পোশাক বলতে অনেকেই শুধু আরামদায়ক জামাকাপড় বুঝতেন। তবে এখন আরামের পাশাপাশি ব্যবহারিকতা এবং নকশাকও গুরুত্ব পায় ।
ভ্রমণকারীরা এখন এমন পোশাক খোঁজেন যা দেখতে ভালো, আবার দীর্ঘ সময় ব্যবহারের জন্যও উপযোগী। ফলে ভ্রমণ-পোশাকের নকশায় এখন আরাম, কার্যকারিতা এবং সৌন্দর্যের সমন্বয় দেখা যায়।
আরও পড়ুন