০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ

উৎসবে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও খাবার নিয়ে অংশ নেন।

রিমন আল মাহদী, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 01:29 AM

Updated : 07 Nov 2026, 01:29 AM

দক্ষিণ কোরিয়ার সুওন শহরে অবস্থিত আজু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘ইন্টারন্যাশনাল ডে ২০২৬’-এ খাবার ক্যাটাগরিতে প্রথম হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গাওন লনে আয়োজিত এ উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও খাবার নিয়ে অংশ নেন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘ওয়ার্ল্ড ফুড ফেস্টিভ্যাল’। এতে বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। প্রতিযোগিতামূলক এ আয়োজনে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে।

এ সাফল্যে দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা সম্মিলিতভাবে দেশের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি তুলে ধরতে একটি বুথ সাজান। সেখানে বিরিয়ানি, ফুচকা, রসমালাই, মিষ্টি পুডিংসহ বিভিন্ন দেশীয় খাবার পরিবেশন করা হয়। এসব খাবারের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের খাদ্যসংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরেন তারা।

আয়োজকদের উল্লেখযোগ্য দিক ছিল, কোনো কোম্পানি বা রেমিট্যান্স প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ছাড়াই নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে তারা এ আয়োজন সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি নিজেদের সময়, শ্রম ও অর্থ ব্যয় করে দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার উদ্যোগ নেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নেন। তাদের উপস্থিতি ও উৎসাহ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

ওইদিন সকালে শুরু হওয়া অনুষ্ঠানে বিশ্ব খাদ্য উৎসব ছাড়াও দলীয় খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে শেষ হয় দিনের আনুষ্ঠানিক কার্যক্রম।