১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৮ প্রবাসীকে কাজের স্বীকৃতি দিল মালয়েশিয়া মিশন

জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ‘সফল পেশাজীবী’ ও ‘শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী’ ক্যাটাগরিতে সম্মাননা পান তারা।

১৮ প্রবাসীকে কাজের স্বীকৃতি দিল মালয়েশিয়া মিশন

সম্মাননাপ্রাপ্তদের সঙ্গে দূতাবাসের কর্মকর্তারা

রফিক আহমদ খান রফিক আহমদ খান

কুয়ালালামপুর থেকে

Published : 02 Jan 2024, 02:08 PM

Updated : 02 Jan 2024, 02:37 PM

দেশে প্রথমবারের মতো উদযাপিত জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ প্রবাসী বাংলাদেশিকে কাজের স্বীকৃতি দিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন।

প্রবাসীদের অবদানের স্বীকৃতি এবং দেশের উন্নয়ন কার্যক্রমে তাদের আরও সম্পৃক্ত করতে ‘সফল পেশাজীবী’ ও ‘শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী’ এই দুই ক্যাটাগরিতে তাদের সম্মাননা পদক ও সনদ দেওয়া হয়।

‘প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার’ স্লোগানে স্থানীয় সময় শনিবার সকালে কুয়ালালামপুরে একটি হোটেলের হলরুমে এ আয়োজন করেন তারা।

‘সফল পেশাজীবী’ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন- মালয়েশিয়ার কেলান্তান বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক লাইলা নাহার, সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুর রহমান, পেরদানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নাজমুল হাসান মাজিজ, ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষার্থী মিশেয়ার রায়হান চৌধুরী, মালয়েশিয়ার হাই কোর্টের আইনজীবী সেলিম ইশফাক আলী, ইউকেএম ইউনিভার্সিটির অধ্যাপক মো. তরিকুল ইসলাম, সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক এম এ হান্নান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে আহসানুল হক এবং শিক্ষার্থী মো. ফাইজাল।

‘শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী’ ক্যাটাগরিতে পেশাজীবীদের মধ্যে পুরস্কার পেয়েছেন আব্দুস সালাম, মো. জাহিদুল ইসলাম এবং সাইদুর রহমান। ব্যবসায়ীদের মধ্যে পুরস্কার পেয়েছেন মো. ওয়াহিদুর রহমান, মো. বোরহানউদ্দিন এবং মো. জাকির হোসেন প্রধান। এছাড়া সাধারণ কর্মীদের মধ্যে শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটেগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন রাজ, মো. রাশেদুল এবং মাহাবুব আজম। 

Image

অনুষ্ঠানে আসা কয়েকজন প্রবাসী বাংলাদেশি

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসান।

তিনি বলেন, “মালয়েশিয়া বাংলাদেশের অষ্টম বৃহৎ বিনিয়োগকারী দেশ। দুই দেশের বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন ডলার। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন সুদৃঢ় হচ্ছে। বাংলাদেশের শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ হাই কমিশন, মালয়েশিয়ার সরকার এবং অভিবাসী সংক্রান্ত বিভিন্ন দপ্তর একযোগে কাজ করছে।”

মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান হারিরি বিন হারুন বলেন, “বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের সুরক্ষায় মালয়েশিয়া কাজ করছে। এছাড়া কর্মীদের বীমা সুবিধা নিশ্চিত করতে হাই কমিশনের সঙ্গে কাজ করছে মালয়েশিয়া ফরেন ওয়ার্কার্স ডিভিশন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাই কমিশনের শ্রম কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলাম, এনবিএল মানি ট্রান্সফার মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী হায়দার মর্তুজা, প্রবাসী মকবুল হোসেন মুকুল ও আব্দুর রহিম।

অন্যান্য আয়োজনের মধ্যে ছিল প্রবাসীদের নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র।