২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ: দ্বিতীয় দফার বৈঠক জানুয়ারিতে

ঢাকায় প্রথম পর্বের আলোচনায় ১৩টি ওয়ার্কিং গ্রুপ এফটিএর সংশ্লিষ্ট অধ্যায়ের খসড়া পাঠ ও কাঠামোগত বিষয় পর্যালোচনা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 07:45 PM

Updated : 29 Oct 2026, 07:45 PM

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের পথে 'গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হওয়ার কথা বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলছে, তিন দিনের এ আলোচনায় চুক্তির বিভিন্ন অধ্যায়ের খসড়া ও কাঠামোগত বিষয় নিয়ে আলোচনা হয়।

'ইতিবাচক' পরিবেশে আলোচনা সম্পন্ন হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, "২০২৭ সালের জানুয়ারিতে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠানের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে উভয় পক্ষ।"

ঢাকার একটি হোটেলে ২৭ অক্টোবর শুরু হওয়া এ আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধি দল পণ্য ও সেবা বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল বাণিজ্য, মেধাস্বত্ব এবং বাণিজ্য সহজীকরণসহ পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনায় ১৩টি ওয়ার্কিং গ্রুপ এফটিএর সংশ্লিষ্ট অধ্যায়ের খসড়া পাঠ ও কাঠামোগত বিভিন্ন বিষয় পর্যালোচনা করে।

এর মধ্যে ছিল— পণ্য বাণিজ্য, সেবা বাণিজ্য, রুলস অব অরিজিন কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল বাণিজ্য, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি ব্যবস্থা বাণিজ্যে কারিগরি বাধা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের স্বার্থসংশ্লিষ্ট বিষয়। এসব ক্ষেত্রে উভয় দেশের অবস্থান, সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান আলোচক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন বলেন, "প্রস্তাবিত এফটিএ বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে নতুন অর্থনৈতিক উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।"

মালয়েশিয়ার ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও ডিজিটাল প্রযুক্তি খাতের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, "চুক্তিটি কার্যকর হলে দেশটি থেকে প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ আকর্ষণ এবং শিল্প খাতে সহযোগিতা সম্প্রসারণের নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।"