৭০ বছর বয়সী জাপানি নারী কৃষকদের কাঁচাবাজার
জাপানে সত্তর বছরের বেশি বয়স্ক অনেক নারী কৃষক আছেন যারা মূলত শখের বশে ও সময় কাটানোর জন্য কৃষিকাজ করেন। তারা নিজেদের প্রয়োজনে শাকসবজি ও ফলমূল উৎপাদন করে থাকেন।
এ বুড়ি কৃষকরা তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য নিজেদের আবাসিক এলাকার একটি নির্দিষ্ট স্থানে বিক্রির জন্য রাখেন। এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, নিছক সময় কাটানো ও গল্প করার জন্য তারা এ ধরনের বাজার জমিয়ে থাকেন। জাপানের ইয়ামাগুচি তেমনই একটি এলাকা।
এ মার্কেটে চাল, শাকসবজি ও ফলমূল জাতীয় পণ্য পাওয়া যায় যা সবই স্থানীয়ভাবে উৎপাদিত। সকাল আটটায় শুরু হয়ে এগারটার মধ্যেই এর সব পণ্য বেচাকেনা শেষ হয়ে যায়। কম দাম থাকায় এর চাহিদাও বেশি।বিশেষ করে আমাদের মতো স্বল্প আয়ের বিদেশিরা যারা এ শহরে বসবাস করি তারা সারা সপ্তাহ এর অপেক্ষায় থাকি।
শুধু তাই নয়। বুড়ি কৃষকরা কফি, চকলেট, বিস্কিটসহ অন্যান্য হালকা খাবার দিয়ে বিদেশিদের আপ্যায়নও করে থাকেন। বিদেশিরা গেলে তারা অনেক খুশি হন এবং কখনও কখনও বিনামূল্যে কোনো কোনো পণ্য বা নিজেদের তৈরি জিনিস উপহার দিয়ে দেন। বিশেষ করে শিশুদের তারা অত্যন্ত স্নেহ করে বিভিন্ন উপহার দিয়ে থাকেন। স্বল্প জাপানি ভাষা জানেন এমন বিদেশিদের এরা খুব খাতির যত্ন করে থাকেন। কেননা এতে ইংরেজি না জানা জাপানি বয়স্ক নিঃসঙ্গ বুড়িরা কথা বলে সময় কাটানো ও মানসিকভাবে সুস্থ থাকতে পারেন। বুড়িদের এ মার্কেটে মূলত বয়স্ক জাপানিরা ও স্বল্প আয়ের বিদেশিরাই যান, স্বল্পমূল্যে পণ্য কেনা ও বয়স্ক জাপানিদের সঙ্গে গল্প করেন।
লেখক: জেডিএস ফেলো, জ্যেষ্ঠ সহকারী সচিব, ইয়ামাগুচি ইউনিভার্সিটি, জাপান
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
