পরবাসীর ঈদের ঘুম
আজ শুক্রবার, আবুধাবিতে ঈদ। কর্মজীবনের বাস্তবতা মেনে প্রবাসে ঈদ হয় মনোবেদনার কারণ।
তার ওপর এবার ঈদুল ফিতরের ছুটির মধ্যে দুই দিনই পড়েছে উইকেন্ডে। তাতে ঈদের ছিটেফোটা আনন্দের যে আমেজ, সেটাকে ম্লান করে দেওয়ার কষ্ট রইলো সবার বুকে। তবু সেলফি তুলেছি।
নামাজ পড়েছি যাদের সাথে, সেই বিদেশি বন্ধুদের বললাম- একটা সেলফি তুলে দাও। চেহারায় হাসি-খুশি ভাব এনে ওরা কাজটি করে দিল। এটা ঈদের প্রথম ছবি। আমার ডানে কোণায় যে বাপ-বেটা বসে, ওরা ঈদের জামাত পায়নি। খুতবা চলার সময় চুপিসারে এসে বসে গেল তাতে শরীক হতে।
ওদের প্রসঙ্গ আনলাম একটা কারণে। ঈদের নামাজ সকাল ৫টা ৫৫ মিনিটে হবার কথা ছিল। তাতে এক সেকেন্ড দেরি করা হয়নি। মূলত, ফজরের নামাজের পর থেকে এখানে শুরু হয় ঈদের নামাজের আয়োজন। দুই নামাজের মাঝখানে চলতে থাকে তাকবীর।
দ্বিতীয় ছবিতে আমাদের বিল্ডিং-এর নীচের বাংলাদেশি গ্রোসারির সাইফ ও রুমমেট আমজাদ ভাই। তৃতীয় সেলফিতে আমাদের সাথে যোগ দিলেন বন্ধু আলমগীর ভাই ও তার বন্ধুরা।
চেহারায় হাসি-খুশি ভাবটা ধরে রাখতে চাইলেও কিন্তু সবার বুকে কান পাতলে শোনা যাবে প্রিয়জনদের ছেড়ে কষ্টের ঈদ করার বিলাপ। তাই তো রুমে এসে আমজাদ ভাই বললেন, “এখন একটা লম্বা ঘুম দেই।”
আমি জানি, পরবাসীদের এই ঘুমটা কী...। যখন এই লেখাটার জন্য আমি কি-বোর্ডে হাত চালাচ্ছি, ঠিক তখনই লাখো প্রবাসী একে অন্যের কাছ থেকে মুখটা লুকিয়ে দেশে রেখে আসা প্রিয় মুখগুলোকে মনের ক্যামেরায় ফ্ল্যাশব্যাকে এনে ওদের বিরহে বালিশ ভেজাতে ব্যস্ত আছেন।
আর সেই চোখের নোনা জলের বান নিয়ে তারা একসময় আগের রাত জাগার ক্লান্তিতে ঘুমে নুয়েও পড়বেন হয়তো। এ ঘুম যেন কষ্টের সায়র থেকে মুক্তি পেতে কুল খোঁজার মরিয়া প্রয়াস!
আমি জানি ঘুম থেকে উঠলে ভাবী জানতে চাইবেন, “বাপপি ভাই সেমাই করেছিলেন?” কথাটা বিলক্ষণ বলবেন তিনি। আর তাতে স্বামীর বিরহে কাতর থাকা বোনটি কোথাও যেন একটা স্বস্তি ফিরে পাবেন।
এ কথাগুলো বলতেই আমার গল্প ফুরোল আজ। আমারও ঘুম পাচ্ছে, রাজ্যের ঘুম। কিছুটা বালিশ যে আমাকেও এবার ভেজাতে হয়। এই পুলসিরাত থেকে যে নিস্তার নেই কোন প্রবাসীর!
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
