সিডনির চিঠি: চেনা মুখের দেখা
সিডনিতে কঞ্জুস নাটক চলছিল। নিউজের জন্য আমি ব্যস্ত হাতে নোট নিচ্ছিলাম। পাশাপাশি ক্যামেরায় চলছে ভিডিও ফুটেজ।
হঠাৎ পাশ থেকে একজন তরুণী বলে উঠলো, “আঙ্কেল কেমন আছেন?” আমি ক্যামেরার ভিউ মিরর থেকে চোখ না সরিয়েই বললাম, “এই তো চলছে।” মেয়েটি বলল, “আপনার জন্য আমার বাবা অপেক্ষা করছেন। আপনার কি সময় হবে?” আমি বেশ বিরক্ত হয়ে বললাম, “এখন পারব না, নাটক শেষ হোক।” তারপর আবার কাজে মন দিলাম।
নাটক শেষ হতে রাত ১০টার মতো বেজে গেলো। ক্যামেরা, স্ট্যান্ড, বুম হাতে বাইরে এসে দাঁড়িয়েছি। সেই অল্প বয়সী মেয়েটি আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে- “আঙ্কেল, আমার নাম তমা আহমেদ। ওই সময় আমিই আপনাকে বিরক্ত করছিলাম।” আমি ধাতস্থ হয়ে বললাম, “ওহ আচ্ছা, তোমার বাবা কোথায়?”
মেয়েটি একটু দূরে দাঁড়িয়ে থাকা একজন স্যুট পরা বয়স্ক লোককে দেখিয়ে দিলো। আমি তাকে অনুসরণ করে ভদ্রলোকের সামনে এসে দাঁড়ালাম। আমি নাম বলে সম্ভাষণ বিনিময় করলাম। তিনি হাত বাড়িয়ে আমার সাথে করমর্দন করে বললেন, “আমাকে চিনতে পেরেছো?”
আমি ‘না’ সূচক মাথা নাড়লাম। তিনি গম্ভীর ভঙ্গিতে তার নাম বলে পরিচয় দিলেন। আমি বিস্ময়ের ধাক্কা সামলে উঠতে কিছুটা সময় নিলাম। ১৯৯৪ সালের ঘটনা। মোখলেছ মামা আমাকে এক রকম জোর করে পুরান ঢাকার সিটি ল’ কলেজে ভর্তি করে দিয়েছিলেন।
আমি তখন ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা শেয়ার ট্রেডিং কোম্পানিতে চাকরি করি। রাতে দুইটা টিউশনি করি। ক্লাস করার কোনো সময়ই পেতাম না। ফাস্ট ইয়ার ফাইনালে মামার টাকা দিয়েই পরীক্ষার ফর্ম ফিলাপ করেছিলাম। আমার আসন পড়েছিল ধানমন্ডি ল’ কলেজে।
দ্বিতীয় পরীক্ষার দিন আমাদের হলে অনেকে নকল হয়েছিলো। হল পরিদর্শক মৃদু স্বরে বাঁধা দিতে গিয়ে ব্যর্থ হলেন। তারপরের পরীক্ষাগুলোতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলো না।
ফল বের হল। আমার রোল নম্বর পেলাম না। তার কয়েকদিন পরে ঢাকায় মামার বাসার ঠিকানা ও আমার স্থায়ী বাড়ির ঠিকানায় চিঠি গেল। নকল করার অভিযোগে আমাকে এই পরীক্ষাসহ আগামী দুই বছরের পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে।
মামার বাসায় ঢুকতেই মামী বলল, “তুই নাকি ল’ পরীক্ষায় নকল করেছিস? চিঠিটা তোর মামার হাতে পড়েছে।” আমি ঢোক গিললাম। মাথা নিচু করে মামার রুমে ঢুকলাম। মামা গম্ভীর স্বরে বলল, “আয় বস।”
তারপর চিঠিটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, “আমি জানি তুই নকল করিসনি। কিন্তু তুই আগে আমাকে জানালি না কেন?” আমার ঘাম দিয়ে জ্বর সারলো। কম্পিত স্বরে বললাম, “মামা আমি জানতাম না যে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি তো সবগুলো পরীক্ষাই দিয়েছি।”
পরদিন সন্ধ্যায় ধানমন্ডি ল’ কলেজের টিচার্স রুমে গেলাম। হল পরিদর্শক স্যারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করলেন। আমি চলে এলাম। পরবর্তীতে দেশের বাইরে চলে এলাম। আমার আর ল’ পরীক্ষা দেওয়া হলো না।
আমি স্যারকে চিনতে পারলাম। তিনি দাড়ি রেখেছেন। আমি ওনাকে নিয়ে একটি ক্যাফেতে গিয়ে বসলাম। সার জানালেন, তিনি গত মাসে সিডনিতে মেয়ের বাসায় বেড়াতে এসেছেন। এখানকার একটি বাংলা পত্রিকায় আমার নাম আর লেখা পড়ে ও ছবি দেখে আমাকে চিনতে পেরেছেন। তারপর তিনি তার মেয়েকে সব ঘটনা খুলে বলেছেন। মেয়ের পরামর্শেই তিনি আজ হলে নাটক দেখতে এসেছেন।
আমি স্যারকে ‘সরি’ বলার সুযোগ না দিয়ে আমার বাসায় আসার নিমন্ত্রণ জানালাম। তিনি খুব খুশি হয়ে কথা দিলেন আগামীবার তিনি যখন স্ত্রীকে সাথে নিয়ে আসবেন, তখন আমার বাসায় বেড়াতে আসবেন। তিনিও আমাকে একটা অনুরোধ করলেন। আমি যেন তার মেয়ে জামাইয়ের একটু খোঁজ-খবর রাখি। আমি খুশি মনে স্যারকে আমার ফোন নম্বর ও বাসার ঠিকানা দিয়ে বিদায় নিলাম।
লেখক: সিডনি প্রবাসী লেখক ও সাংবাদিক
ইমেইল: naiem.abdullah65@gmail.com
এই লেখকের আরও পড়ুন-
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
