২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনির চিঠি: মেঘের রাজ্যে এক বিকেলে

গত ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া ডে’তে আমরা তিন পরিবার মিলে ঘুরে এলাম বুলাই লুকআউট। সারাদিনের ব্যস্ততা শেষে বিকেলের দিকে রওয়ানা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. ইয়াকুব আলী, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 11:35 AM

Updated : 11 Oct 2022, 12:05 PM

মিন্টো থেকে বুলাই যেতে মিনিট চল্লিশের ড্রাইভ। এমনিতে মিন্টো সিডনি শহর থেকে বেশ কিছুটা দূরে। তারপরও ক্যাম্বেলটাউন পার হবার পর রাস্তার দু’পাশের দৃশ্য আপনার চোখ ও মনকে শান্ত করে দেবে মুহূর্তে।  রাস্তার দু’পাশে বিভিন্ন পশুর খামার। সেখানে গরু থেকে শুরু করে ঘোড়া চড়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে রাস্তাটা চলে গেছে ঘন জঙ্গলের মধ্য দিয়ে। 

সেখানে কোথাও আপনাকে সাবধান করা হয়েছে কোয়ালা পারাপারের ব্যাপারে, আবার কোথাও সাবধান করা হয়েছে ক্যাঙ্গারু পারাপারের ব্যাপারে।  অবশ্য আপনার ভাগ্য সুপ্রসন্ন হলে তাদের দেখাও পেয়ে যেতে পারেন।  একটা পশুকে চিড়িয়াখানায় দেখতে যত সুন্দর লাগে তার চেয়ে অনেকগুণ বেশি সুন্দর লাগে প্রকৃতির মধ্যে দেখলে। 

মূল রাস্তা ধরে যাওয়ার পর প্রিন্সেস হাইওয়েতে কিছুদূর যেয়ে ইউ টার্ন নেয়ার পর বায়ের রাস্তা ধরে কিছুদূর এগুলোই বুলাই লুকআউট। আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন বিজয় দা আর রুপা বৌদি, সবার সামনের গাড়িতে। উনাদের সঙ্গে ছিলেন উনার দুই ছেলেমেয়ে এলভিরা, রেনোর, আমার মেয়ে তাহিয়া আর আশফাক ভাই দিশা ভাবীর দুই ছেলেমেয়ে আলিশা ও দৃপ্ত।  আমাদের গাড়িতে আমি, আমার গিন্নি আর আমাদের ছেলে রায়ান। সবার পেছনে আশফাক ভাইদের গাড়িতে উনারা দু’জন। 

বাচ্চারা সব বুদ্ধি করে এক গাড়িতে উঠেছে যাতে করে সারা রাস্তা মজা করতে করতে যেতে পারে। প্রিন্সেস হাইওয়েতে উঠার পর গিন্নিকে বললাম, ‘সামনে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো?’ সেও আমার দৃষ্টি অনুসরণ করে বলল, ‘হ্যাঁ তাইতো! কিন্তু আমরা তো বেশি দূরে না, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না।’

আমরা যতই এগুচ্ছিলাম বৃষ্টির জায়গাটা আমাদের কাছাকাছি চলে আসছিল। কিন্তু আমরা বৃষ্টির কোন শব্দ পাচ্ছিলাম না। আমরা যখন একেবারে বৃষ্টির এলাকাটার মধ্যে ঢুকলাম তখন বুঝতে পারলাম ওই সাধ বস্তুটা আসলে বৃষ্টি নয়, মেঘ। সামনের গাড়িতে দাদা আর বৌদি জানালা খুলে দিয়ে মেঘ ধরার চেষ্টা করছেন দেখে আমরাও জানালা খুলে দিলাম। আর সঙ্গে সঙ্গে এক ঝটকা হিমেল বাতাসের স্পর্শে আমাদের শরীর ও মন শীতল হয়ে গেলো। 

এরপর ইউটার্ন নিয়ে আমরা বুলাই লুকআউটের রাস্তায় এক্সিট নিলাম। লুকআউটের ওখানে গিয়ে দাদা বললেন, ‘আসলে আমাদের আরও আগে আসা উচিৎ ছিল। কারণ তখন পুরো লুকআউটটা ঘন সাদা মেঘে ঢাকা ছিল।’ আমরা শুধু সামনে সাদা মেঘই দেখতে পাচ্ছিলাম। দাদা আর বৌদি বর্ননা করে চললেন এখান থেকে সমুদ্র ও জাহাজ সবই দেখা যায় এবং সেগুলো এখান থেকে অনেক নিচে হওয়ায় দেখলে চোখ জুড়িয়ে যায়। 

যাহোক, আসা যখন হয়েছে তখন কিছু ছবি তুলে আর টয়লেট সেরে যেই আমরা ফেরার কথা ভাবছি ঠিক তখনই যাদুর মতো মেঘের আস্তরণটা সরে গেলো। আমরা বিস্ফারিত দৃষ্টিতে সামনে তাকিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে থাকলাম। মেঘের সরে যাওয়াটা একেবারে স্পষ্ট বুঝা যাচ্ছিল। আস্তে আস্তে মেঘগুলো সরে যাচ্ছে আর আমাদের দৃষ্টি আরো বেশি প্রসারিত হচ্ছে।

এভাবে চলতে চলতে একসময় পুরো একশ আশি ডিগ্রি দৃষ্টিসীমা আমাদের সামনে খুলে গেল। আমি আর দেরি না করে দৃষ্টিসীমার একটা প্যানারোমিক ছবি তুলে ফেললাম। এরপর বেশ কয়েকবার আমাদের সঙ্গে মেঘেদের লুকোচুরি খেলা চলল। 

Image
উইশিং ওয়েল

উইশিং ওয়েল

বাচ্চারা তাদের মতো করে খেলাধুলা চালিয়ে যাচ্ছিল। তারপর একসময় সঙ্গে নিয়ে আসা খাবার খেয়ে নিলাম। অবশ্য এরপর আমরা আরও অনেকক্ষণ সেখানে ছিলাম। বাচ্চারা পাশের মাঠে কেউ কেউ গড়াগড়ি খাচ্ছিল, আবার কেউ পাশের বন্ধ হয়ে যাওয়া হোটেলের ফুলগাছ থেকে ফুল সংগ্রহ করলো। সেই সঙ্গে খুঁজে বের করলো বিভিন্ন আকারের পাখির পালক। সেগুলো তারা বাড়িতে নিয়ে যেতে চায়। তাই আমরাও আর না করলাম না।

এরই মধ্যে বাচ্চারা সেখানে একটা ‘উইশিং ওয়েল’ আবিষ্কার করে ফেলল। আমাদের কাছে এসে আবদার জুড়ে দিল তাদেরকে খুচরা পয়সা দেয়ার জন্য যাতে করে তারা উইশ করতে পারে। এভাবে চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে আসতে শুরু করায় আমরা ফিরে আসার প্রস্তুতি নিতে শুরু করলাম। ফিরে আসার পথেও আমরা আবার আসার সময় মেঘেদের কাছ থেকে যেমন অভ্যর্থনা পেয়েছিলাম ঠিক সেভাবে বিদায় নিলাম। গাড়ির বাইরে হাত বাড়িয়ে মেঘ ছুঁয়ে ছুঁয়ে ফিরে আসতে শুরু করলাম। 

লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী

মেইল: yaqub_buet@yahoo.com

এই লেখকের আরও লেখা

প্রবাসীর চিঠি: মাটির ঘ্রাণ

হারবার ব্রিজের সৌন্দর্য

অস্ট্রেলিয়া প্রবাসীর শৈশবের স্মৃতিচারণা

পরবাসী মানুষের গল্প

প্রবাসীর ভাবনা: যান্ত্রিকতার করালগ্রাস!

দুরন্ত শৈশবের অম্ল-মধুর স্মৃতিরা

পরবাসে মানুষ মানুষের পাশে

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!