পরবাসে মানুষ মানুষের পাশে
অস্ট্রেলিয়ায় আসার পর আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষি মানুষের কাছে অনেক রকমের সহযোগিতা পেয়েছি। আজ এমনই দু’জনের গল্প বলবো।
এখানে আসার পরই আমার মেয়ে তাহিয়াকে সাইকেল কিনে দিয়েছিলাম আর সাঁতারের জন্য সুইমিং পুলে ভর্তি করে দিয়েছিলাম। ওকে সুইমিং পুলে ভর্তি করে দেওয়ার পর আমাদের জীবন পুরোপুরিভাবে এখানকার ছকে বাঁধা পড়ে গেলো। সপ্তাহের পাঁচ দিন অফিস করি, আর বাকি দুই দিন মেয়ের অফিস করি।
আমার মেয়ের সাথেই একটা মেয়ে সুইমিং করে, নাম সুকান্যা। ওর বাবা ওকে সুইমিং পুলে নিয়ে আসে। ওরা যখন সাঁতারের পাঠ নেয়, আমরা দু’জন তখন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি। একেবারে সিডনি থেকে শুরু করে অস্ট্রেলিয়া, তারপর পুরো বিশ্বেরই বিভিন্ন ঘটনাবলি আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে যায়।
ভদ্রলোকের নাম ইয়োহানা, বাড়ি মালয়েশিয়াতে। ছাত্র অবস্থায় এখানে এসেছিলেন। তারপর পড়াশোনা শেষ করে বিয়ে করে এখানেই থিতু হয়েছেন। উনার সহধর্মিণী দক্ষিণ কোরিয়ার মানুষ, সদা হাস্যমুখি।
এই পুরো পরিবারের সাথে অবশ্য পরে পরিচয় হয়েছিল। দুই ছেলে আর এক মেয়ের মধ্যে সুকান্যাই সবার ছোট। প্রতি শনিবারে উনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়।
এর মধ্যেই আমাদের বাসা বদলানোর সময় এলো। শুনে উনি বললেন, “আমার এক বন্ধুর ইয়ট (মিনি ট্রাকের মত এক ধরনের পরিবহন) আছে, আমি তার সাথে কথা বলে দেখি সেটার ব্যবস্থা করা যায় কিনা।” আরও বললেন, “তোমাদের যেকোনো কিছু লাগলে জানিও।” পরে অবশ্য আমাদের আর তেমন কোনো সাহায্যের দরকার হয়নি।
সুকান্যা ও তাহিয়া
ইয়োহানার স্ত্রী খুব সহজেই আমার স্ত্রীর সাথে খাতির জমিয়ে ফেললেন। এরপর আগত অতিথিদের সাথে তুমুল আড্ডা হলো। বয়স্ক দু’জন ভদ্রলোক ও ভদ্রমহিলা আমাদের এক বছর বয়সি ছেলের সাথে খুনসুটিতে মেতে উঠলেন। আমিও এক ভারতীয় ভদ্রলোকের সাথে খুবই প্রাণবন্ত আড্ডা দিলাম।
এই ভদ্রলোকের একটা কথা এখনও আমার কানে বাজে, বাংলাদেশই মনে হয় পৃথিবীর একমাত্র দেশ যাদের ধর্ম ইসলাম কিন্তু সংস্কৃতি বাঙালি। এমন বৈবিত্র্যময় বৈপরিত্য নিয়ে বাংলাদেশের মানুষ সবাই মিলেমিশে বসবাস করছে, এটা তসর কাছে খুব ভালো লাগে।
এরপর আমরা অনেকক্ষণ ক্রিকেট নিয়ে কথা বললাম। আসলে বিশ্বের বুকে এখন বাংলাদেশের অনেক বড় পরিচয়- আমরা এখন বিশ্ব ক্রিকেটের আলোচিত দল। উনি সাকিব আল হাসান থেকে শুরু করে, মাহমুদুল্লাহ, তামিম- সবার খবরই রাখেন।
মাহমুদুল্লাহর ভূয়সী প্রসংশা করে উনি বললেন, “তোমাদের এই ছেলেটার প্রতি যত্নবান হওয়া উচিৎ। শোনো, আমি আমার দেশের দ্রাবিরের খুব ভক্ত এবং কারণটা তুমি জানো। তোমাদের এই ছেলে তোমাদের দলের একজন দ্রাবির হয়ে উঠবে দিনে দিনে।”
এরপর বড়দিনের দিন আমাদেরকে চার্চে দাওয়াত দিলেন ইয়োহানা। চার্চে যাওয়ার পর বুঝলাম, আসলে ভদ্রতা কাকে বলে ও কতো প্রকার। ভদ্রলোক নিজে গিটার বাজাতে জানেন এবং একইসাথে গানও করেন। ইয়োহানার দুই ছেলের একজন কি-বোর্ড, অন্যজন ড্রামসে বাবাকে সহয়তা করে। সবমিলিয়ে নিজেদেরই একটা গানের দল।
অনেকগুলো গান করলেন। ওখানে আগত সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। সবার ব্যবহারই অনেক বেশি আপন মনে ছিল। মনে হচ্ছিলো যেন সবাই আমাদেরকে অনেকদিন ধরেই চেনেন।
বড়দিনের অনুষ্ঠানে ইয়োহানার পরিবার
আমি শুরুতে একজন বাঙালি ইন্সট্রাক্টরের কাছে ড্রাইভিং-এর প্রশিক্ষণ নিতাম। কিন্তু ভদ্রলোকের সাথে সহজ-সরল আচরণ করাতে আমাদেরকে সরাসরি বোট পিপলের খাতায় ফেলে দিলেন। এমনভাবে প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন, যেন এই জীবনে প্রথম আমরা গাড়ির স্টিয়ারিং ধরছি।
উনি একবারের জন্যও বলেননি যে ড্রাইভিং শেখার একটা হ্যান্ডবুকও আছে। উনি এক একদিন একেকটা জিনিস শেখাতেন আর আমি ভাবতাম উনি কতোকিছুই না জানেন। কিন্তু উনি যা বলতেন, তার সবকিছুই আসলে সেই বই থেকে। আমি শুধুমাত্র ড্রাইভিং শেখার জন্য যে পরিমাণ টাকা নষ্ট করেছি, সেটার বিনিময়ে একটা ভালো মানের গাড়ি কেনা যেত।
উনি আরও একটা ব্যাপার বলেন নাই, ওভারসিস লাইসেন্স দিয়ে তিন মাস গাড়ি চালানো যায়। আমরা যেহেতু দেশ থেকেই একেবারে শুদ্ধভাবে গাড়ি চালানো শিখে এসেছিলাম, তাই আমাদের জন্য সেটা খুব কাজে লাগতো। কিন্তু উনি শুরুতেই আমাদেরকে শিক্ষানবিশ লাইসেন্স ধরিয়ে দেওয়াতে সেই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর তার কাছে শিক্ষা নেওয়া ছাড়া আর গত্যন্তর ছিলো না।
এমনই এক সময়ে আবদুল্লাহর সন্ধান দেন পাশের বাসার ভাবি। উনিও আবদুল্লাহর কাছে প্রশিক্ষণ নেন। বেঁটে-খাটো ভদ্রলোক, কিঞ্চিৎ মেদবহুল শরীর, কথার উচ্চারণে আরবি টান। শুরুতে ইন্সট্রাক্টর হিসেবে একটু বেখাপ্পা লাগলেও দ্রুতই বুঝতে পারলাম, উনি খুব বেশি পেশাদার মানুষ।
আবদুল্লাহর সাথে প্রশিক্ষণ নেওয়ার পর দ্বিতীয়বারের চেষ্টাতেই পাস করে গেলাম। এতে উনি আমার চেয়ে বরং বেশিই খুশি হলেন। কারণ অস্ট্রেলিয়ার ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা কথা বহুল পরিচিত, এখানে হয়তো চেষ্টা করলে নাগরিকত্ব পাওয়া যায়, কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাওয়া অনেক কঠিন।
পাস করার দিন সকালে পরীক্ষা ছিল খুবই ভোরে। তাই উনি নাস্তা করে আসতে পারেন নাই। আমি টেস্ট শেষ করে বললাম, “চলো, তোমাকে নাস্তা করাই।” সেদিন আবার আমার জন্মদিনও ছিলো।
নাস্তা করানোর পর সেদিনের মতো বিদায় দিয়ে বললাম, “তুমি একদিন বাসায় আমাদের সাথে নাস্তা কর।” এরপর থেকে এই মানুষটা আমাদের পরিবারের একান্ত আপনজন হয়ে গেল। পরবর্তিতে আমার স্ত্রীও তার কাছে প্রশিক্ষণ নিয়ে পাস করেছিলেন। উনি সবসময়ই মনে করিয়ে দেন, তোমাদের কিছু লাগলে জানিও।
রাস্তাঘাটে যেখানেই উনার সাথে দেখা হয়, উনি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেন যেভাবে আমরা আমাদের শৈশবের বন্ধুদের আপন করে নেই। যখনই নতুন কারো সাথে পরিচয় করিয়ে দেন, তখনই বলে- ইনি আমার ভাই, ইয়াকুব।
সেদিন এক ভাবি ফোনে আমার স্ত্রীকে বলছিলো, তোমাদের ইন্সট্রাক্টর তো তোমাদের অনেক প্রশংসা করছিলো। কিন্তু উনার জন্য আমরা আসলে তেমন কিছুই করি নাই। বরং উনিই আমাদের বিপদের দিনে এগিয়ে এসে সাহায্য করেছেন।
আমার স্ত্রী যখন উনার কাছে ড্রাইভিং-এর প্রশিক্ষণ নিতেন, তখন আমাদের ছেলেটা অনেক ছোট। কারো কাছে রেখে পর্যন্ত যাওয়া যেত না। উনি তখন গাড়ির পেছনে বেবি সিটের ব্যবস্থা করে আমার ছেলেকে সেখানে বসিয়ে পাঠ নেওয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু একটু পরেই আমার ছেলে কান্নাকাটি শুরু করতো এবং তার গলার স্বর অনেক বেশি জোড়ালো। তাই আমি বুঝি, ঠিক কতোখানি সহ্য ক্ষমতা আর পরোপকারি মনোভাব থাকলে মানুষ এমনভাবে অন্যের জন্য কষ্ট স্বীকার করতে পারে।
লেখক ও আবদুল্লাহ
লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী
মেইল: yaqub_buet@yahoo.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
