প্রবাসীর ভাবনা: যান্ত্রিকতার করালগ্রাস!
আমাদের সময়ে মাধ্যমিক পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্রে একটা রচনা ছিল ‘বিজ্ঞান: আমাদেরকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ’।
একই রচনার অন্য আরও কয়েকটা নাম ছিলো, যেমন- বিজ্ঞানের অগ্রযাত্রা, বিজ্ঞানের জয়যাত্রা, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান ইত্যাদি। আমাদের এস.এস.সি. পরীক্ষার সাজেশনে এই রচনাটাকে খুব গুরুত্বপূর্ণের তালিকায় রাখা হয়েছিল।
সেই রচনাটা শেষ পর্যন্ত পরীক্ষায় এসেছিল কিনা এখন আর মনে করতে পারছি না। কিন্তু আমার মুখস্থবিদ্যা দুর্বল হওয়াতে ওই রচনাটা মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছিলো। যতবারই মুখস্থ করার চেষ্টা করতাম, কোনও না কোনও এক জায়গায় এসে আটকে যেতাম।
সচরাচর আমি মুখস্থ করার সময় কল্পনায় সেগুলোকে নিয়ে চিন্তা করে মনে রাখার চেষ্টা করতাম। কিন্তু মফস্বলের শহরতলিতে তখনও বিজ্ঞানের অবদান বলতে আমার কাছে উদাহরণ হিসেবে শুধুমাত্র ছিলো রেডিও, বিদ্যুৎ আর প্রতিবেশী সালামদের বাড়ির একমাত্র সাদাকালো টেলিভিশন। বিজ্ঞানের অন্য আরও যেসকল আবিষ্কার তখন পর্যন্ত মানুষের নাগালে ছিল, সেগুলো আমাদের দেখা হয় নাই।
টেলিফোন, ফ্রিজ, ইস্ত্রিসহ আরও অনেক দৈনন্দিন ব্যবহার্য যন্ত্রপাতি না দেখার কারণে সেগুলোর ব্যবহার সম্বন্ধে কোনো ধারণাই ছিলো না আমার। আমি রচনাটা মুখস্থ করার চেষ্টা করতাম, আর মনে মনে ভাবতাম- বিজ্ঞান কীভাবে আসলে আমাদেরকে বেগ দিচ্ছে আর আবেগ কেড়ে নিচ্ছে!
কারণ, আমাদের চারপাশে সবকিছুর মধ্যেই প্রকৃতির ছোঁয়া ছিল। সেটা আমাদের দৈনন্দিন ব্যবহার্য থেকে শুরু করে খেলার উপকরণ- সবকিছুতেই। যাই হোক এমনি একটা দ্বিধা নিয়ে মাধ্যমিকের গণ্ডি পার হয়ে গেলাম।
বিজ্ঞানের ছোঁয়াটা আসলে আমাদের প্রজন্ম সেভাবে পায়নি। আমরা আসলে এমন একটা সময়ে বেড়ে উঠেছিলাম, যখন তথ্য প্রযুক্তির বিপ্লব সাধিত হচ্ছে। আমি সর্বপ্রথম কম্পিউটার নামক একটা যন্ত্রের সাথে পরিচিত হলাম উচ্চ মাধ্যমিকে পড়ার সময়।
আমাদের দুই ব্যাচ সিনিয়র এক বড় ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের সেইবারই প্রথম ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিয়ারিং-এ চান্স পেয়েছিলেন। আমার এখনও মনে আছে ,সেটার মনিটর ছিলো চৌদ্দ ইঞ্চি আর হার্ড ডিস্ক ছিল মাত্র ৩ দশমিক ২ গিগাবাইট। উনি আবার সেটার সাথে রিমোর্ট কন্ট্রোলের সমন্বয় করে টিভির মতো করে চালাতেন। সেই প্রথম রঙিন ছবি দেখলাম, সেই প্রথম সিডি নামক গোলাকার বস্তুর সাথে পরিচয়, যেটাকে দেখে আমার ছোটবেলায় দেখা গ্রামোফোন রেকর্ডের ছোট ভার্সন বলে মনে হলো।
একটা ফোন ছিলো, যেটাতে কয়েন দিয়ে কথা বলা যেত। অবশ্য কার্ড ফোনের উপদ্রবে সেটাকে দ্রুতই জাদুঘরে ঠাঁই নিতে হয়েছিল। এর বাইরে ছিলো হলগুলোর কার্ডফোন, যেখানে আগে থেকে কেনা কার্ড দিয়ে কথা বলা যেত। তবে সেগুলো বেশিরভাগ সময়ই প্রেমিক বন্ধুদের দখলে থাকতো। একবার ঢুকে গেলে ওদেরকে কার্ডফোন বুথ থেকে বের করে আনা কষ্টকর ছিল।
সেক্ষেত্রে হলের বাইরে দোকানগুলোর ফোন থেকে কথা বলে মিনিট হিসেবে টাকা দিয়ে দেওয়া হত। অবশ্য সেখানেও প্রেমিক বন্ধুরা বেশি সুযোগ পেত। কারণ, এতে করে দোকানির বেশি লাভ হত। সহপাঠি বন্ধুদের বাসার ফোন নম্বর, ছাত্রীদের বাসার ফোন নম্বর- সব মুখস্থ করে রাখতে হত। যার ফলে মগজ কিছুটা বাড়তি কাজ করার সুযোগ পেত।
এর বাইরে বন্ধুদের জন্মদিন থেকে শুরু করে কারও কারও বিবাহবার্ষিকী- সব মুখস্থ করে রাখতে হতো কোন প্রকার এলার্ম সিস্টেম না থাকার কারণে। যেহেতু বন্ধুদের সাথে দেখা করে আড্ডা দেওয়া হত, তাই আড্ডাগুলো হত খুবই প্রাণবন্ত আর হৃদ্যতাপূর্ণ।
আমরা একে অপরের সমস্যা-সুবিধা আমরা খুব ভালোভাবেই অনুভব করতাম। কারণ, আমরা জানতাম, সে আমাদের সামনে সত্যিটাই বলছে। সেই সময়ের আড্ডার স্মৃতিগুলো আমাদের সারাজীবনের সুখময় সঞ্চয় হয়ে আছে। আজও মাঝেমধ্যে সেই সময়ের কারও ডায়ালগ হঠাৎ মনে পড়ে গেলে পরিস্থিতি বিবেচনা না করে খিলখিলিয়ে হেসে উঠি।
এরপর তখন বাজারে সবেমাত্র সিটিসেলের মোবাইল ফোনগুলো এসেছে। একটা বস্তু যেটা হাতে নিয়ে ঘুরে বেড়ানো যায়, আবার কথাও বলা যায়। শুনে আমরা প্রথমে কেউই বিশ্বাস করি নাই। পরবর্তীতে বন্ধুমহলে শুধুমাত্র একজনই সেটা কিনেছিলো, তাই দেখার সৌভাগ্য হলো। সে থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে।
বন্ধুর মোবাইল কেনার খবরে রিক্সা ভাড়া দিয়ে সেটা দেখতে গেলাম। ঝামা ইটের মতো দেখতে, কিন্তু আকারে একটু ছোট একটা বস্তু। তার এক কোণায় আবার রেডিওর মতো এন্টেনা লাগানো। ধরে দেখেছিলাম কিনা মনে নেই, কিন্তু খুবই আশ্চর্য হয়েছিলাম সেটা দেখে। এরপর যারা একটু বেশি অর্থ উপার্জন করতো, তারা সবাই মোটামুটি নিদেজের স্ট্যাটাসটা আরও একটু উঁচুতে নেওয়ার জন্য মোবাইল কেনা শুরু করলো।
মোবাইলওয়ালা বন্ধুদের আচরণে এক ধরনের পরিবর্তন দেখা গেল। আড্ডাতে বিভিন্ন অজুহাতে তারা মোবাইলের প্রসঙ্গ তোলে। তাছাড়াও কোথাও দাঁড়িয়ে আড্ডা দিলে তার মোবাইল ধরে রাখা হাতটা অকারণে একটু পর পর উঁচু করে। পরে আমরা বুঝেছিলাম যে তার কাছে যে মোবাইল আছে, সেটা অন্যদের দেখানোর উদ্দেশ্যেই হাতির শুঁড়ের মতো করে এমন একটু পর পর হাত তোলা।
দিনে দিনে মোবাইল সহজলভ্য হতে শুরু করলো। আমাদের রুমের একজনও সেটা ব্যবহার করে। এটা নিয়ে আমরা বাকি তিনজন দশ হাত বুক উঁচু করে চলাফেরা করা শুরু করলাম। কেউ আমাদের মোবাইল নম্বর চাইলে ওর নম্বর দিয়ে আসতাম। এইভাবে আমরা আধা প্রযুক্তি আর আধা প্রকৃতির সমন্বয়ে একটা প্রজন্ম হিসেবে বেড়ে উঠলাম।
এতে করে আমাদের সহপাঠী ও বন্ধুদের মধ্যে বোঝাপড়ার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা যেহেতু একে অপরের সাথে সামনাসামনি বসে আড্ডা দিতাম, তাই আমরা সবাই মিলে একটা পরিবার হয়ে গিয়েছিলাম। এখন পর্যন্ত আমরা বিভিন্ন জন বিভিন্ন দেশে অবস্থান করেও নিজেদের মধ্যে যোগাযোগটা রক্ষা করে চলেছি।
সেদিন একটা অনলাইন গ্রুপের নির্বাচনে যখন আমাদের ব্যাচের একজন বন্ধু দাঁড়িয়ে গেল, আমরা দলমত নির্বিশেষে ওর প্রচারণায় নেমে পড়লাম। আমাদের প্রচারণা দেখে এক ছোট ভাই আমাকে জিজ্ঞেস করলো, আপনারা সবাই এমন একাত্ম কীভাবে?
আমি ওকে বললাম, আমরা তো প্রযুক্তির বিবর্তনের যুগে বড় হয়েছি, তাই আমাদের আন্তরিকতা অনেক বেশি। কিন্তু প্রযুক্তির উৎকর্ষে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে সামনাসামনি কথা বলার সুযোগ খুবই কম। এমনকি তারা সামনাসামনি বসে থাকলেও দেখা যাচ্ছে তারা মোবাইল বা ট্যাব নিয়েই ব্যস্ত।
এখানে আরও একটা ব্যাপার উল্লেখ করা প্রয়োজন। আমাদের চেয়ে যারা বড়, তাদের মধ্যে আরও বেশি একাত্মতা বিদ্যমান। তারা নিজেদের মধ্যে অনেক বেশি সংগঠিত। তাদের মধ্যে সহনশীলতাও অনেক বেশি দেখি। দ্রুত রেগে যাওয়ার প্রবণতা নেই বললেই চলে। ব্যাচের বা পরিচিত কেউ কোনো বিপদে পড়লে সবাই মিলে তাকে সাহায্য করতে উঠেপড়ে লাগে।
বড় ভাইরা মোটামুটি নিয়মিত বিরতিতেই পুনর্মিলনীর আয়োজন করছে এবং সকলে মিলে সেটাকে সফল করছে। আমরা অনেক চেষ্টা করেও বছরে হয়তো একদিন বা দু’দিন মিলিত হতে পারি। আবার আড্ডার একটা পর্যায়ে গিয়ে হালকা খুটখাট লেগেই যায়। কিন্তু উনাদের মধ্যে এই প্রবণতাটা নেই বললেই চলে। উনাদের একে অপরের প্রতি শ্রদ্ধা আর সম্মানবোধ আসলেই ঈর্ষণীয়।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম, যারা প্রযুক্তির চরম উৎকর্ষতায় বেড়ে উঠেছে, তাদের আচার-আচরণ। তাদের নিজেদের মধ্যে নেই কোনো একাত্মতা, নেই কোনো পারস্পরিক শ্রদ্ধাবোধ। কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে।
আমাদের সময়ে ক্যাম্পাসগুলো বিভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীরা অনেক সুন্দরভাবে সহাবস্থান করতো। মারামারি লাগলেও সেটা কখনোই প্রাণনাশের হুমকি হয়ে ওঠেনি। কিন্তু আমরা যখনই ক্যাম্পাসগুলো ছেড়ে বের হয়ে আসছিলাম, নতুন প্রজন্মের অধঃপতনটা চোখে পড়ছিলো।
আমাদের বিশ্ববিদ্যালয়ে যেখানে রাজনৈতিক কারণে একে অপরকে ধাওয়া-পালটা ধাওয়া দিতো, পরবর্তীতে শুনি তাদেরকে ছাদ থেকে ফেলে দেওয়ার মতো ঘটনা। নিজেদের এক অপরের প্রতি শ্রদ্ধা তো নেই-ই, আর যেহেতু ছোট থেকেই স্বাবলম্বী হয়ে বেড়ে ওঠে, তাই নিজের অজান্তেই মনের মধ্যে এক ধরনের অহমিকা তৈরি হয়। তাই অন্যদের প্রতি সম্মান দেখানোর বিষয়টা এদের মনের মধ্যে খুব একটা কাজ করে না।
পরোপকার বা অন্যের বিপদে এগিয়ে আসা, সেটা তো অনেক দূরের বিষয়। বরং পূর্ববর্তী প্রজন্ম যে তাদের তুলনায় কতোটা সেকেলে, সেটা প্রমাণ করতেই তারা বেশি ব্যস্ত। হাতে গোণা হলেও এদের ব্যতিক্রম আছে আর আমাদের আশার জায়গাটা সেখানেই। আমরা আশা করি, ওরা প্রযুক্তি আর মানবিকতার সমন্বয়ে মানবজাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবে।
অ্যাপ নির্ভর বর্তমান দুনিয়ায় এক একজন মানুষকে আমার এক একটা বিচ্ছিন্ন দ্বীপ মনে হয়। হাজারও মানুষের ভিড়ে চলাফেরা করলেও সে বড় একা। বাড়ির মধ্যে অন্য সদস্যদের সাথে সুসম্পর্কের অভাবে সামান্যতেই তৈরি হচ্ছে ভুল বোঝাবুঝি, সংসারে দেখা দিচ্ছে ফাটল। তাই প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে এসে ছোটবেলায় পড়া রচনাটার বক্তব্যটা হাড়ে হাড়ে বুঝছি- ‘বিজ্ঞান: আমাদেরকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ’।
লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী
মেইল: yaqub_buet@yahoo.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
