২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীর চিঠি: মাটির ঘ্রাণ

শৈশবের দিনগুলোতে প্রকৃতির আদরে বেড়ে উঠেছিলাম। তখন সবকিছুই ছিল প্রকৃতিনির্ভর, প্রযুক্তির ছোঁয়া ছিল একেবারেই কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. ইয়াকুব আলী, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 11:07 AM

Updated : 19 Aug 2022, 01:30 PM

খেলাধুলার উপরকরণ ছিল সবই প্রাকৃতিক। নদীর পলিমাটি দিয়ে তৈরি মাটির হাড়ি-পাতিল আর সেগুলো দিয়ে চড়ুইভাতি এখনও আমার কাছে রূপকথার মতো মনে হয়। কোদাল দিয়ে মাটিতে গাদনের কোট কেটে সারাদিন সেখানে পাড়ার সব ছেলেপুলে মিলে গাদন খেলা। মাটির পুরনো হাড়ি-পাতিল ভেঙে গেলে খাপড়া দিয়ে এক ধরনের খেলা, সেটা ছিল আরও মজার। খড়ের পালায়, ঘরের মাচায় লুকিয়ে পলানটুক খেলা সেতো আরেক উপাখ্যান।

এভাবে প্রকৃতির সঙ্গে চলতে চলতে আমি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ঘ্রাণ পেতে শুরু করি। যেহেতু গ্রামের মানুষেরা সারাজীবন এ ঘ্রাণের মধ্যেই বসবাস করে, তাই হয়তো তাদের কাছে এগুলো আলাদাভাবে ধরা পড়ে না। কিন্তু আমি যেহেতু গ্রাম ছেড়ে একসময় শহরে চলে এসেছিলাম, তাই এ ঘ্রাণগুলোকে অনেক বেশি অনুভব করতাম।

বৃষ্টি নামলে ভেজা মাটি থেকে এক ধরনের ঘ্রাণ পাওয়া যায়। আবার শুকনো মাটির ঘ্রাণ এর থেকে একেবারেই আলাদা। পাকা ধানক্ষেতের এক ধরনের ঘ্রাণ, আবার সেই একই ধান ক্ষেত থেকে কেটে নিয়ে এসে কিছুদিন স্তুপ করে রেখে দিলে অন্য এক ঘ্রাণ। ধান মাড়াইয়ের পর ধানের এক ধরনের ঘ্রাণ, আবার সেদ্ধ ধানের অন্য ঘ্রাণ।

খড়ের পালায় পলানটুক আর ডিগবাজি খেলতে গিয়ে পেতাম একেবারে অন্য আরেক ধরনের ঘ্রাণ। কুকুরের সদ্য জন্ম নেওয়া বাচ্চার শরীর থেকে যে ঘ্রাণ আসে, সেটা একেবারে অন্যরকম। ওদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ঘ্রাণটা আর থাকে না। কুশরের রসের ঘ্রাণ, আবার একেবারে গরম গরম গুড়ের ঘ্রাণ। আর গুড় সংরক্ষণের জন্য কোলার মধ্যে রেখে দিলে অন্য রকমের ঘ্রাণ। কাঁচা কাকুরের এক ধরনের ঘ্রাণ, আবার পাকা কাকুরের মৌ মৌ ঘ্রাণ।

আহা! গরুর চুনার ঘ্রাণের কথাই বা ভুলি কি করে! কারণ শৈশবের একটা বিশাল সময় আমার কেটেছে গোয়াল ঘরে। গোয়ালে আমার দায়িত্ব ছিল গাভীর বাছুর ধরে রাখা, আর ওদিকে গোয়ালা গাভী দোহাতেন। দোহানো শেষ হলে আমার জন্য বরাদ্দ ছিল এক পোয়া কাঁচা টাটকা গরুর দুধ। সেই দুধের ঘ্রাণ ছিল আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো খাদ্যের ঘ্রাণ।

বাড়িতে তৈরি নানারকম পিঠা-পুলির ঘ্রাণ। নদী থেকে ধরে নিয়ে আসা টাটকা মাছের ঘ্রাণ, আবার সেটাই চুলায় ভাজি করার পর অন্যরকম ঘ্রাণ। বন্যার পানি এসে নেমে গেলে মাটি থেকে অদ্ভূত এক রকমের ঘ্রাণ বের হতো।

গ্রাম ছেড়ে শহরতলিতে আসার পরও এ ঘ্রাণ আমার পিছু ছাড়েনি। প্রতিদিন একেবারে রুটিন করে সকাল বিকেল মাঠে হাঁটতে গেলে সেই পুরনো ঘ্রাণেরা আমার পিছু নিতো। পাড়ার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি বুঝতে পারতাম, এটা কোন ঋতু বা সময়। পাকা ধানের ঘ্রাণ, ধানের বিচালির ঘ্রাণ- সবই আমি চোখ বন্ধ করে টের পেয়ে যেতাম।

রাস্তা দিয়ে হাঁটার সময় কার বাড়িতে মাছ ভাজি হচ্ছে, সেটাও ঘ্রাণ নিয়ে বুঝে ফেলতাম। এসব ঘ্রাণের সঙ্গে নতুন করে যোগ হলো কিছু শহুরে ঘ্রাণ। যেমন- বৃষ্টি নামলে পিচঢালা বা কংক্রিটের রাস্তা থেকে এক ধরনের নতুন ঘ্রাণ পেতে শুরু করলাম, যেটা ছিল আমার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। তাছাড়া ঘ্রাণের তালিকায় নতুন অমূল্য যেগুলো যোগ হলো, সেগুলো হচ্ছে হাজারও ফুলের হাজারও রকমের ঘ্রাণ।

প্রত্যেকটা ফুলের একটা নিজস্ব ঘ্রাণ তো আছেই, তাছাড়া যে ফুলগুলোর কোনো প্রকার ঘ্রাণ নেই, তাদেরও এক ধরনের সূক্ষ্ম ঘ্রাণ আছে। রাস্তা দিয়ে হাঁটার সময় আমি এ ফুলের ঘ্রাণ নিয়েই বুঝতে পারতাম, কার বাড়ির কোন গাছে কোন ফুল ফুটেছে।

অবশেষে জীবনের গতিতে পড়ে সাত সমুদ্র পাড়ি দিয়ে যখন এ দূর দেশে চলে আসলাম, যেখানে সবকিছুই ঘটে রুটিনমাফিক। আমি মনে মনে খুবই অনুভব করা শুরু করলাম সেই পুরোনো ঘ্রাণের সমাহারকে। কিন্তু এখানকার প্রকৃতি যেহেতু অনেক বেশি সমৃদ্ধ ও এখানকার মানুষ প্রকৃতিকে অনেক বেশি সমীহ করে, তাই বেশিদিন আর আমাকে সেই কষ্ট নিয়ে বসবাস করতে হলো না।

হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি, হঠাৎ নাকে ভেসে এলো খড়ের ঘ্রাণ। আমি রীতিমতো চমকে উঠলাম। এখানে খড়ের ঘ্রাণ আসবে কোথা থেকে! আশপাশে তাকিয়ে দেখলাম, কোনো খড়ের পালা নেই, থাকার কথাও নয়। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখি রাস্তার পাশে ঘাস কাটা হয়েছে, কিন্তু সেগুলো আর উঠিয়ে না নেওয়াতে শুকিয়ে গেছে। সেই শুকনো ঘাস থেকেই এ ঘ্রাণ আসছে।

এখানে জীবন এত বেশি গতিময় যে মানুষ চলন্ত সিঁড়িতেও দৌড়ে চলাফেরা করে। তাই আশপাশে কী আছে বা কী নেই, সেটা লক্ষ করার সময় নেই। এমনি একদিন ট্রেন থেকে নামার সময় এক দমকা বাতাস বয়ে নিয়ে এলো পরিচিত ফুলের ঘ্রাণ। আমি সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করলাম।

অনেক খোঁজার পর দেখি স্টেশনের বাইরে সারি করে কামিনী ফুলের গাছ, আর সেখান থেকে এ পরিচিত গন্ধ আসছে। এমনি করে একে একে পরিচয় হলো গন্ধরাজ, কাঠগোলাপের সঙ্গেও। একটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আমি হাসনাহেনার ঘ্রাণ পাই, কিন্তু অনেক খুঁজেও সেখানে হাসনাহেনার দেখা পাইনি। হয়তো এখানকার কোন স্থানীয় ফুলেও এ ঘ্রাণটা পাওয়া যায়, সেই সন্ধানে আছি।

এত কিছুর মধ্যে আমার কাছে সবচেয়ে মূল্যবাদ যে ঘ্রাণ, সেটার কথা বলিনি ইচ্ছে করে। সেটা আমার মায়ের শরীরের ঘ্রাণ। আমরা দু’ভাই একেবারে পিঠাপিঠি হওয়াতে মা আমাদের দুজনকে দুপাশে নিয়ে ঘুমাতেন। হাত দিয়ে আমাদের দু’জনকে ধরে রাখতেন। কারণ আমরা ছিলাম দুষ্টুকুল শিরোমণি, ধরে না রাখলে ঠিকই একসময় উঠে গিয়ে রোদের মধ্যে খেলাধুলা শুরু করবো।

তখন মায়ের শরীর থেকে এক ধরনের ঘ্রাণ পেতাম, যেটার সঙ্গে পৃথিবীর অন্য কোনো ঘ্রাণের তুলনা হয় না। সেই স্বর্গীয় ঘ্রাণ নিতে নিতে আমরা দু’ভাই ঘুমিয়ে স্বর্গপুরিতে চলে যেতাম। বড় হয়ে যাওয়ার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বাবা-মায়ের কাছ থেকে দূরে সরে যাওয়া। তাই ভবিষ্যতে আর হাজার ইচ্ছে করলেও সময় ও সুযোগের অভাবে আর সেই ঘ্রাণ নেওয়া হয়ে উঠে না।

কিন্তু আমি নিশ্চিত প্রত্যেকটা মানুষের মনই সেই ফেলে আসা মায়ের শরীরের প্রশান্তিমাখা ঘ্রাণটা খুঁজে ফিরে, যেখানে নিশ্চিন্তে নির্ভাবনায় ঘুমিয়ে স্বর্গপুরিতে চলে যাওয়া যায়।

লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী

মেইল: yaqub_buet@yahoo.com

এই লেখকের আরও লেখা

হারবার ব্রিজের সৌন্দর্য

অস্ট্রেলিয়া প্রবাসীর শৈশবের স্মৃতিচারণা

পরবাসী মানুষের গল্প

প্রবাসীর ভাবনা: যান্ত্রিকতার করালগ্রাস!

দুরন্ত শৈশবের অম্ল-মধুর স্মৃতিরা

পরবাসে মানুষ মানুষের পাশে

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!