সিডনির চিঠি: স্কুল ছুটি ও টিফিন
সিডনির স্কুলগুলোতে নতুন বছরের ক্লাস শুরু হয়েছে। প্রায় সাত সপ্তাহ পরে ছেলেমেয়রা নতুন ক্লাস শুরু করছে। এখানে দেশের মতো বছরের শুরুতে বুক লিস্ট ধরিয়ে দেয় না।
তবে শিক্ষার্থীদের খাতা, কলম-পেনসিল, ফোল্ডার, মার্কারসহ অন্যান্য জিনিসপত্রের একটি ফর্দ ধরিয়ে দেয়। তাই গত দুই সপ্তাহান্তে তারা বাবা-মায়েদের নিয়ে স্থানীয় স্টেশনারি দোকানগুলোতে কেনাকাটার জন্য ভিড় জমে।
আমাদের ছেলে আরিককে নিয়ে আমরা গত রোববার ‘অফিস ওয়ার্কস’ নামের একটি চেইন স্টেশনারি দোকানে গিয়েছিলাম। ছেলেটা মোবাইল থেকে ফর্দ খুলে নতুন ক্লাসের জন্য কেনাকাটার জিনিস মিলিয়ে নিচ্ছিল। আমি কিছুক্ষণের জন্য আমার অতীতে ওর বয়সে ফিরে গিয়েছিলাম।
আমাদের সময় স্কুলে নতুন ক্লাস শুরুর পর কয়েক সপ্তাহ ফাঁকিবাজিতে কেটে যেত। প্রতিদিন অধীর আগ্রহে অপেক্ষা করতাম, আজ বুঝি বুকলিস্ট দেবে। তারপর বইয়ের লাইব্রেরিতে নিয়ে যাবার জন্য অপেক্ষার পালা। বুকলিস্ট হাতে পেলেও সবার পক্ষে সাথে সাথে বইপত্র কেনা সম্ভব হতো না।
আব্বা বুকলিস্ট নিয়ে হাতের অবস্থা বুঝে লাইব্রেরিতে নিয়ে যেতেন। তখনকার সময়ে লাইব্রেরিতে যারা চাকরি করতেন, তারা বুকলিস্ট হাতে নিয়েই কলমে গোল চিহ্ন দিয়ে বলে দিতেন- কোন কোন বইগুলো বিশেষ জরুরী। বিশেষ করে তারা রচনার বইগুলি পরে কিনতে পরামর্শ দিতেন।
স্কুল হলিডে শুরু হলে স্ত্রী আমাকে অফিসের জন্য দুপুরের খাবার বানিয়ে দেয় না। শুধুমাত্র ছেলের স্কুলের জন্য টিফিন বানালে আমাকেও ওখান থেকে দেয়। এই ব্যাপারটা আমার ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নারেল ধরে ফেলেছে। প্রায় ওর আর আমার একই সময় দুপুরের খাবারের বিরতি থাকে।
গত টার্মের স্কুল হলিডের সময় আমি পাউরুটিতে বাটার লাগিয়ে লাঞ্চ করছিলাম। নারেল আমাকে কানে কানে বললো, “বউয়ের সাথে ঝগড়া হয়েছে বুঝি?” আমি ব্যাপারটা ধরতে না পেরে নিজের দিকে এদিক-ওদিক তাকিয়ে মাথার চুল পরিপাটি আছে কিনা, নিশ্চিত হয়ে ওকে জিজ্ঞাসা করলাম, “কেনো কেনো?”
ও বললো, “কয়েকদিন ধরে দেখছি তুমি বাসা থেকে টিফিন আনো না?” আমি নিচু গলায় নারেলকে অভিযোগের সুরে বললাম, “জানো, স্কুল ছুটি হলেই যত সমস্যা।” ও কিছু না বুঝতে পেরে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি কারণটা বুঝিয়ে বললে ওকে বেশ মর্মাহত মনে হল। কিন্তু ব্যাপারটা ওর মাথায় রয়ে গেলো।
এবারের স্কুল ছুটির সময় ও প্রতিদিন হিসাব করতে থাকলো। অবশেষে গত সপ্তাহে নারেল ছুটিতে চলে গেলো। যাবার আগে আমাকে বলে গেলো, “আর মাত্র দুইটা দিন। তারপর তুমি নিয়মিত বাসা থেকে টিফিন আনতে পারবে।”
আমার ছেলের স্কুল খুলেছে। আমিও বাসা থেকে স্ত্রীর বানিয়ে দেওয়া টিফিন লাঞ্চের জন্য নিয়ে গেছি। দুপুরে খেতে খেতে নারেলকে খুব মনে পড়ছিল। দুপুরের খাবার সময় ছবি তুলে হোয়াটস অ্যাপে ওর জন্য পাঠিয়ে দিলাম। সাথে সাথে উত্তর পেলাম, “যাক আবু, আগামী স্কুল ছুটি পর্যন্ত টিফিন উপভোগ করো।”
লেখক: সিডনি প্রবাসী লেখক ও সাংবাদিক
ইমেইল: naiem.abdullah65@gmail.com
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
