‘বিজয় দিবসের বৈষম্যে’ প্রবাসী শ্রমিকদের কষ্টের কথা
বিজয় দিবস মানেই বাংলাদেশিদের আনন্দের দিন,গৌরবের দিন। যদি কেউ ভেবে থাকেন,যারা বাংলাদেশে আছে তারাই কেবল এই আনন্দের দিনটিকে স্মরণ করেছেন,তাহলে ভুল করছেন।
বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মত সিঙ্গাপুরের বাংলাদেশিরাও যার যার সাধ্যমত দিনটিকে স্মরণ করেছেন।
ফেসবুকে খেয়াল করছিলাম,১৫ ডিসেম্বর থেকেই সিঙ্গাপুরে বসবাসরত আমার পরিচিত বাংলাদেশিরা তাদের প্রোফাইল রাঙিয়েছে লাল-সবুজের রঙে। দেশ নিয়ে কবিতা,ভালবাসাও উঠে এসেছে তাদের লেখায়।
এবারই প্রথম আমি বিজয় দিবস পালন করলাম দেশের বাইরে। ফলে, দেশের বাইরে বিশেষ করে বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে কীভাবে বিজয় দিবস পালন করা হয়,সে ব্যাপারে কোনো ধারণাই ছিল না আমার।
শুনেছি,সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস,বিজয় দিবসের মত বিশেষ দিনগুলোতে বিশেষ আয়োজন থাকে। এবারও হয়তো তেমন আয়োজন ছিলো যার কিছুই আমি জানতাম না।
গতকাল সন্ধ্যা নাগাদ ফেসবুকের বদৌলতে সেই অনুষ্ঠানের কিছু ছিটেফোটা আমার চোখে পড়লো। হ্যা,বাংলাদেশ দূতাবাস বিজয় দিবসের অনুষ্ঠান করেছিল। স্থানীয় পত্রিকা ‘বাংলার কণ্ঠ’-এর সম্পাদকের টাইমলাইনে সেই অনুষ্ঠানের কিছু ছবিও দেখতে পেলাম। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরও এসেছিলেন সেই অনুষ্ঠানে,কবিতাও পাঠ করেছেন। আরও অনেক অপরিচিত মানুষের ছবি দেখলাম।
বিষয়টি নিয়ে শ্রমিকদের মাঝেও ক্ষোভ দেখতে পেলাম। রাশিদুল ইসলাম জুয়েল নামে এক বাংলাদেশি শ্রমিক ফেসবুকে লিখেছেন,“সিঙ্গাপুরে মহান বিজয়ের আনন্দেও বৈষম্য!”
মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে আরেকজন এই বৈষম্যের বিষয়টি নিয়ে কবিতায় লিখেছেন,“স্বাধীনতা তুমি কার? বুর্জুয়াদের,উন্নত পোশাকের,অর্থের,নাকি আমজনতার?”
বিষয়টি নিয়ে কথা বলছিলাম,সিঙ্গাপুরের স্থানীয় পত্রিকা ‘বাংলার কণ্ঠ’-এর সম্পাদক একেএম মোহসীনের সঙ্গে।
তিনি জানালেন, সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস প্রতি বছরই এসব জাতীয় দিবসে বিশেষ আয়োজন করে,কিন্তু কখনই এসব অনুষ্ঠানে শ্রমিকদেরকে ডাকা হয় না। এ বছরও সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসেই বিজয় দিবসের অনুষ্ঠান করা হয়েছিল,তাতে কেবল এলিট শ্রেণির বাংলাদেশিরাই উপস্থিত ছিলেন।
কিন্তু দেশের জন্য যুদ্ধ কি শুধু এলিটরাই করেছে? সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধে। তাহলে বিজয়ের আনন্দে কেন তারা শামিল হতে পারছে না? তারা শ্রমিক বলেই কি এতো অবহেলা?
কিন্তু এই শ্রমিকদের তো দেশের জন্য ভালবাসায় কোনও ঘাটতি নেই। এরাই তো দেশে অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙা করে তুলছে। শুধু যে দেশের অর্থনীতিকে চাঙা করে তুলছেন, তা-ই নয়,বাংলা সাহিত্যকেও বিশ্ব দরবারে তুলে ধরছেন এদের কেউ কেউ।
কোনো অভিযোগ নয়,অনেকটা আক্ষেপ নিয়েই বললেন,“জানেনই তো,আমি একজন শ্রমিক। একজন শ্রমিককে ওই হাই-কমিশনের অনুষ্ঠানে ডাকলেও কি আর না ডাকলেও কি!আমিও বুঝি আমার সীমাবদ্ধতাটা কোথায়।”
কথাগুলো বলার পর মুকুল হোসেন হা হা হা করে হাসছিলেন। আমি স্তব্ধ হয়ে রইলাম কয়েক মুহুর্ত। খেটে খাওয়া এই শ্রমিকদের নিয়ে হয়ত এভাবেই চিন্তা করে দূতাবাসের কর্তারা।
লেখক: সাংবাদিক
ইমেইল: rokeya.lita@hotmail.com
ছবি কৃতজ্ঞতা:একেএম মোহসীন,সম্পাদক- বাংলার কণ্ঠ
রোকেয়া লিটার আরও লেখা
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন।প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com।সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
