ইউনেস্কোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনেস্কো ভবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ‘সেলিব্রেটিং লিংগুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভারসিটি’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং পাঁচ সদস্যের একটি সাংস্কৃতিক দল।
বাংলাদেশ ছাড়াও এই আয়োজনে অংশ নেয় চীন, গ্রিস, ইন্দোনেশিয়া, ইরান, লিথুয়ানিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, শ্রীলংকা, থাইল্যান্ড এবং তুরস্ক।
‘বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা আর ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের জন্য ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। যা ইতিমধ্যে ইউনেস্কো ক্যাটেগরি ২ মর্যাদা লাভ করেছে’- বলেন আসাদুজ্জামান নূর।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক এই অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের পক্ষে অংশ নেন সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী, বাউল ফকির সাহাবুদ্দিন এবং নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা প্যারিস।ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানাতে সামিনা চৌধুরী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশন করেন।
এতে উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক কূটনীতিক, ফরাসি সরকারি কর্মকর্তা এবং ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একাংশ।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
