২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে দেশে ভাষা শহীদদের স্মরণ

এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকার প্রবাসীরা নানা আয়োজনে ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 11:20 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

পুরনো খবর:

ডেনমার্কে অমর একুশে পালিত
টরন্টোতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
সিঙ্গাপুরে ভাষা শহীদদের স্মরণ

অস্ট্রেলিয়া

সিডনিতে একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রভাতফেরিসহ দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়। 

অ্যাশফিল্ড হেরিটেইজ পার্কে প্রতিষ্ঠিত ভাষা শহীদদের স্মৃতিসৌধে প্রভাতফেরি মাধ্যমে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের কর্মীরাসহ অস্ট্রেলিয়ায় বসবাসরত অনেক প্রবাসী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন। 

‘একুশে একাডেমি অস্ট্রেলিয়া’ আয়োজিত বইমেলার উদ্বোধন ঘোষণা করেন সংগঠনটির সভাপতি আবদুল ওয়াহাব।

মাতৃভাষা চর্চা এবং তার ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া নতুন প্রজন্মকে প্রাধান্য দিয়ে নানা আয়োজনে সাজানো হয়েছে এবারের বইমেলা।

শিশু কিশোর সংগঠনগুলোর মধ্যে উপস্থিত হয়েছিল কিশলয় কচিকাঁচা, একুশে ফুলকলি, একুশে কিশলয়, বাংলা প্রসার কমিটি, ল্যাকাম্বা বাংলা স্কুল, বোটানিক গ্রুপ ইত্যাদি।

জাপান

দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বিভিন্ন জায়গায় মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে। 

রোববার সকালে ইকেবুকুরো নিশিগুচি পার্কে স্থাপিত শহীদ মিনারে প্রভাতফেরির পর পুষ্পার্ঘ অর্পণ করেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। পরে টোকিওতে বসবাসরত বাঙালিরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

নাগওয়া, কাগুশিমা, ইয়ামাগাচি, তয়মা,চিবাসহ বেশ কয়েকটি স্থানে আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করা হয়।

কিয়েতো, কোবে এবং নারা প্রদেশে বসবাসরত বাঙালিরা ওসাকা শহরের ইবারাকির তয়কা কমিউনিটি সেন্টারে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। ভাষা শহীদের স্মরণে এক মিনিট নিরবতা  পালন করেন উপস্থিতরা।

ফ্রান্স

রোববার প্রবাসী বাংলাদেশিরা রাজধানী প্যারিসের আইফেল টাওয়ার সংলগ্ন  মানবাধিকার চত্বরে নির্মিত  অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত অনেকের মাথায় ছিল লাল সবুজের  পতাকা, সম্মিলিত কণ্ঠে সবাই গেয়ে উঠেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...'। এসময় প্রবাসীদের সঙ্গে   বিদেশিকেও মিনারে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।

এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের হেড অফ চেন্সারি হজরত আলী খান, মূকাভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত পার্থ প্রতিম মজুমদার।  এ সময়  ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ফ্রান্স বাংলা প্রেস ক্লাব, ফ্রান্স আওয়ামী লীগ, বাংলাদেশ ইকোনামিক চেম্বার, কুলাউড়া অ্যাসোসিয়েশন, স্বরলিপি শিল্পীগোষ্ঠী, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতি, বরিশাল অ্যাসোসিয়েশনসহ পঞ্চাশটিরও বেশি প্রবাসী সংগঠন।

একুশের প্রথম প্রহরে বাংলাদেশের সময়ের সঙ্গে মিল রেখে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ফ্রান্স আওয়ামী লীগ।

আর এই শহরে অবস্থিত ইউনেস্কো সদর দপ্তরে  নানা কর্মসূচিতে দিবসটি পালিত হয়। এখানে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামসহ বিভিন্ন প্রবাসী  সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেঞ্চ - বাংলা স্কুলে ভাষা দিবসের অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্মৃতিক অনুষ্ঠান হয়েছে শনিবার।   প্যারিসের লা কর্ণভেতে সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম মিয়া। স্কুলের পরিচালক হাসনাত জাহান ও  রানী তাহেরের  উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের হেড অব চেন্সারি হজরত আলী খান।

রাশিয়া

রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাসে ও স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

বাংলাদেশ দূতাবাস এই দিনিউপলক্ষে নিজস্ব মিলনায়তনে এক অনুষ্ঠানের শুরুতে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে রাষ্ট্রদূত এস এম সাইফুল হক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা, রাশিয়া আওয়ামী লীগ, প্রবাসী আওয়ামী পরিবার, বাংলাদেশ অ্যালামোনাই অ্যাসোসিয়েশন, রাশিয়া ছাত্রলীগ, গণমৈত্রী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।  

পরে রাষ্ট্রদূতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আর রাশিয়ার সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত সেইন্ট পিটার্সবার্গ শহরে বসবাসরত স্থানীয় বাংলাদেশিদের উদ্যোগেও নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশে ফেব্রুযারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

কানাডা

 

এডমন্টন শহরে রোববারের  ছুটির দিনে  প্রাত্যহিকতার বৃত্ত ভেঙ্গে প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা জানায় একুশের  শহীদদের। প্রভাতফেরি ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস তুলে ধরে স্থানীয়দের সামনে।

দেশে থেকে হাজার মাইল দূরে বরফে ঢাকা শহরে এই আয়োজনের উদ্যোগ নিয়েছিল ‘বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অ্যাট ইউনিভার্সিটি অব আলবার্টা’র সদস্যরা।

দিনের সূচনা হয় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’তে মুখরিত হয় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বর্তমান ও প্রাক্তন শিক্ষর্থীরা।

ইতালি

ভাষা শহীদদের স্মরণে মিলানের বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে বাংলা ভাষা ও শহীদদের জীবনী সম্পর্কে আলোচনা সভা হয়েছে। আর সাংস্কৃতিক আয়োজনে স্কুলের শিক্ষার্থীরা ছড়া,কবিতা ও গান পরিবেশন করে। 

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন সংসদ সদস্য, মিলান পাবলিক লাইব্রেরির চেয়্যারম্যান ও প্রবাসী সামাজিক রাজনৈতিক সংগঠনগেুলোর কর্মীরা।

আলোচনায় বাংলা ভাষাকে জাতিসংঘের ‘অফিসিয়াল’ ভাষা হিসেবে ব্যাবহার করার দাবি করেন কয়েকজন বক্তা।

ইরান

Image
তেহরানে বাংলাদেশ দূতাবাসের আয়োজন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের আয়োজন

তেহরানে বাংলাদেশ দূতাবাস দিনটিকে পালন করেছে আলোচনা সভার মাধ্যমে।সকাল নবনিযুক্ত রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁইয়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন তেহরানে নিযুক্ত ইউনেস্কোর প্রধান ও প্রতিনিধি এসথার কুয়িসচ লারোশে।

পর্তুগাল

প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ভাষা শহীদদের শ্রদ্ধ জানাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমদ। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র সভাপতি শাহ আলম কাজল। সাধারণ সম্পাদক মামুন হাজারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোসে লুইস কার্নেইরো।

এছাড়াও বক্তব্য রাখেন সংসদ সদস্য ফেরারা লিদা, তিয়াগো বারবোজা, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মেনুয়াল গাদাস, এন্থনি ফনসেকা, ফনসেকা কারভেলিয়ো, অ্যান্থনি রুই পেস এবং দোনা নাতালিয়া।

(প্রতিবেদন পাঠিয়েছেন জাপান থেকে এস এম নাদিম মাহমুদ, রাশিয়া থেকে জামিল খান, ইতালি থেকে আহসান হাবিব শিমুল, ফ্রান্স থেকে এনায়েত হোসেন সোহেল, নুর ইসলাম হক এবং দেবেশ বড়ুয়া, কানাডা থেকে সদেরা সুজন, ইরান থেকে মুমিত আল রশিদ এবং পর্তুগাল থেকে সেলিম উদ্দিন।)

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com