রোমে আসছেন জেমস, উচ্ছ্বসিত প্রবাসীরা
আয়োজক জানান, দর্শকরা এরই মধ্যে কনসার্টের অগ্রিম টিকেট সংগ্রহ করেছেন।
ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসীদের উৎসব ‘আমিচি বাংলা ফেস্টিভ্যাল–সিজন টু’। ‘এবি জেন প্রেজেন্টস’-এর এ আয়োজনে মঞ্চ মাতাবেন ‘নগরবাউল’ খ্যাত জেমস।
আসছে রোববার এ শিল্পীর লাইভ পারফরম্যান্স দেখার সুযোগ আসায় বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক হোসাইন আহমেদ মোয়াজ বলেন, “অনুষ্ঠানটি সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালির স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।”
তিনি যোগ করেন, “প্রবাসের মাটিতে আমাদের নিজস্ব সংস্কৃতি ও সংগীতকে তুলে ধরাই এই আয়োজনের প্রধান লক্ষ্য। আগামীতে নতুন প্রজন্মের কাছে বাংলা গানকে পৌঁছে দিতে আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
আয়োজক সূত্রে জানা গেছে, রোম ছাড়াও মিলান, নেপলস ও ফ্লোরেন্সসহ ইতালির বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা এরই মধ্যে কনসার্টের অগ্রিম টিকেট সংগ্রহ করেছেন। ওইদিন রোমে পারফর্ম করার পর দেশটির আরও কয়েকটি শহরে জেমসের কনসার্ট করার কথা রয়েছে।
