২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ডে প্যারেড’, দেশের পতাকা হাতে প্রবাসীরা

আয়োজনে অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2024, 04:46 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট’-এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’।

রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ৬৯ স্ট্রিট থেকে ৩৭ অ্যাভিনিউর ওপর দিয়ে ৮২ স্ট্রিট পর্যন্ত এ আয়োজনে বাংলাদেশের পতাকা হাতে অংশ নেন প্রবাসীরা।

আয়োজনে অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। তাকে ‘আইকন অব দ্য প্যারেড’ ব্যাজ পরিয়ে দেন নিউ ইয়র্কের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার। এছাড়া মেয়রকে সম্মাননা স্মারক দেন প্যারেডের আহ্বায়ক শাহনেওয়াজ।

মেয়র এরিক অ্যাডামস তার বক্তব্যে বাংলাদেশিদের প্রশংসা করে বলেন, “আমি এই কমিউনিটির সমর্থন পাওয়ায় নিজেকে ধন্য মনে করি, সামনের দিনগুলোতে বাংলাদেশি-আমেরিকানদের কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করছি।”

প্যারেডে অংশগ্রহণকারীর ‘সংখ্যা কম’ হওয়ার অভিযোগ তুলে চিত্রনায়িকা মৌসুমী বলেন, “নিউ ইয়র্কে অনেক প্রবাসীকে দেখি নানা অনুষ্ঠানে। কিন্তু দেশের নামে কোন আয়োজনে সবাই কেন পিছিয়ে থাকে, সেটা অনেক খারাপ লাগে। আমরা বাংলাদেশিরা এখানে আছি এবং কমিউনিটি হিসেবে কত বড় তা সবাইকে দেখানো উচিত।”

আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রধান শাহ শহিদুল হক সাঈদ, প্যারেডের মার্শাল গিয়াস আহমেদ, প্যারেড কমিটির চেয়ারপারসন শাহ শহিদুল হক সাঈদ, ফাহাদ সোলায়মান, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, নুরুল আজিম, কাজী আজম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বদরুল খান, আব্দুল কাদের শিশির, স্টেট সিনেটর জেসিকা গঞ্জালেজ, কুইন্স বরোর ডেপুটি প্রেসিডেন্ট ইবনি ইয়ং, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এবং বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

সর্বশেষ ১৯৯৮ সালে কুইন্সের লং আইল্যান্ড সিটির কুইন্স ব্রিজ থেকে ২১ স্ট্রিট ধরে এ প্যারেডের  আয়োজন করেছিল ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’। ২৫ বছর আগে এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন ‘ইউনিভার্সিটি স্টুডেন্ট সিনেট’ এর প্রেসিডেন্ট মিজানুর রহমান বিশ্বাস।