মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে যুক্তরাষ্ট্রে ঊনবাঙালের সভা
‘শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা’ স্লোগানে ৪৬তম সাহিত্যসভা করেছে সংগঠনটি।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা কবিতা নিয়ে যুক্তরাষ্ট্রে নিজেদের ৪৬তম সাহিত্যসভা করেছে শিল্প-সাহিত্যের সংগঠন ‘ঊনবাঙাল’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা’ স্লোগানে সোমবার বিকালে নিউ ইয়র্কে এ আয়োজন করেন তারা।
এতে নির্ধারিত বিষয়ের ওপর বক্তব্য দেন কবি কাজী জহিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ।
ঢাকা থেকে এসে যোগ দেন মুক্তিযোদ্ধা ফজলুল হক। আলোচনায় আরো অংশ নেন মুজিব বিন হক, মুশফিক চৌধুরী ও রওশন হক।
কাজী জহিরুল ইসলাম বলেন, “গিন্সবার্গের কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এবং জর্জ ও জোয়ানের ‘বাংলাদেশ’ গান আমাদের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক কমিউনিটির সমর্থন জুগিয়েছে। বাংলাদেশি কবিদের প্রায় সবাই মুক্তিযুদ্ধের ওপর কবিতা লিখেছেন। এখন আমরা যারা কবিতা লিখছি এবং শিল্প-সাহিত্যের চর্চা করছি, আমাদের আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ হতে হবে, বিজয়ের মাসে এটিই হোক আমাদের অঙ্গীকার।”
আবু জাফর মাহমুদ জাতীয় নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেন, “সুনির্দিষ্টভাবে বাংলাদেশের শত্রু কে তা চিহ্নিত করে বাকি পৃথিবীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিশ্চিত করতে হবে।”
মুজিব বিন হক বলেন, “আমরা সবসময় একজন বীরের প্রতীক্ষায় থাকি, এখান থেকে বেরিয়ে আসতে হবে, সবাইকে বীর হয়ে উঠতে হবে।”
চলতি মাসের জন্য নির্বাচিত আবৃত্তিশিল্পী আহসান হাবিব, জিএম ফারুক খান ও দিমা নেফারতিতি মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কবিতা আবৃত্তি করেন। কবি সুমন শামসুদ্দিন পড়ে শোনান তার লেখা মুক্তিযুদ্ধের ৩টি কবিতা।
এছাড়া স্বরচিত কবিতা পড়েন সোহেল হামিদ, এস এম মোজাম্মেল হক, মো. নজরুল ইসলাম, ইশরাত মিতা, রেণু রোজা ও সৈয়দ রাব্বী। নিজেদের লেখা গল্প ও মুক্ত গদ্যাংশ পড়েন কাওসার পারভীন চৌধুরী ও ইমাম চৌধুরী। আবৃত্তি করেন আদিত্য শাহীন, মুন্না চৌধুরী ও ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানের শেষাংশে মো. নজরুল ইসলামের নেতৃত্বে দুটি দেশাত্মবোধক গান শোনান ঊনবাঙালের সদস্যরা। এতে অংশ নেন সোহানা নাজনীন, ফরিদা ইয়াসমিন, চমক ইসলাম, ইশরাত মিতা, মোজাম্মেল হক, সৈয়দ রাব্বী, সুমন শামসুদ্দিন ও কাওসার পারভীন চৌধুরী।
