১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্যারিসে প্রবাসীদের মিলনমেলা, গানে মাতালেন জেমস

অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসীদের সাংস্কৃতিক আয়োজন ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট ২০২৬’।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 01:50 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক আয়োজন ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট ২০২৬’। এতে গান গেয়েছেন ‘নগরবাউল’ খ্যাত জেমস।

রোববার বিকালে প্যারিসের অদূরে সারসেলের একটি মাঠে প্রায় পাঁচ হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই মেলা ও কনসার্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পর্ব। এতে মঞ্চ মাতান জেমস। তার গানের তালে উল্লাসে মেতে ওঠেন প্রবাসীরা। এছাড়া গান পরিবেশন করেন ‘জলের গান’-এর রাহুল আনন্দ, নেদারল্যান্ডস-প্রবাসী বাংলাদেশি শিল্পী নওশীন বিন্তি এবং প্যারিসের স্থানীয় বাংলাদেশি ব্যান্ড দল ‘এরর ৪০৪’।

বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্বের সূচনা হয়। আয়োজক কৌশিক রাব্বানীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন।

অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ফরাসি জাতীয় পরিষদের সদস্য কার্লোস বিলঙ্গ এবং সারসেল সিটির ডেপুটি মেয়র নাবিল শাবান। 

শাহ গ্রুপ এবং অফিওরা-এর যৌথ আয়োজনে উৎসবটি শুধু গানেই সীমাবদ্ধ ছিল না, বরং পরিণত হয়েছিল প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিশুদের জন্য ছিল বিভিন্ন বিনোদনমূলক ও অংশগ্রহণমূলক কার্যক্রম। 

পাশাপাশি বড়দের জন্যও নানা প্রতিযোগিতা ও খেলাধুলার ব্যবস্থা রাখা হয়, যেখানে প্রবাসী নারী-পুরুষরা অংশ নেন। পুরো মাঠ জুড়ে বসেছিল দেশীয় খাবারের স্টল; যেখানে ছিল চটপটি, ফুচকা, বিরিয়ানি, কাবাব ও পিঠা-পায়েশের সমাহার। এছাড়া শিশুদের খেলনা, পোশাক, অলংকার ও বিভিন্ন দেশীয় পণ্যের স্টল ঘুরে দর্শনার্থীরা আনন্দময় সময় পার করেন।