বেনজীরকে জাতিসংঘ সম্মেলনে পাঠানো ‘ঔদ্ধত্যপূর্ণ’: ফখরুল
“সরকারের এই অপরিনামদর্শী ফ্যাসিবাদী সিদ্ধান্তের দায়-দায়িত্ব কেবলমাত্র সরকারকেই বহন করতে হবে,”- বলেন বিএনপি মহাসচিব।
আইজিপি বেনজীর আহমেদকে জাতিসংঘ পুলিশ প্রধান সম্মেলনে পাঠানোকে সরকারের ‘অপরিনামদর্শী’ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর দায় সরকারকেই নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, “এই ধরনের দায়-দায়িত্বহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলেছে।”
শনিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, “জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ সরকার জাতিসংঘকে যে ডেলিগেশনের তালিকা প্রদান করে, সেখানে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।
“অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনকারীদেরকে বৈধতা প্রদানের চেষ্টা করেছে।”
‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে গত ডিসেম্বরে র্যাব ও এর সাবেক-বর্তমান ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর।
সেসময় আরেকটি তালিকায় বিভিন্ন দেশের ১২ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় দেশটির পররাষ্ট্র দপ্তর। তালিকায় র্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের বর্তমান আইজিপি বেনজীর আহমেদের নামও আসে।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা অবাক বিস্ময় ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করলাম জাতিসংঘের প্রতিনিধি হিসবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত এই অপরাধীকে প্রতিনিধি দলে যুক্ত করার মধ্য দিয়ে তারা প্রমাণ করল তারা তাদের হিংস্র মানবতাবিরোধী অপতৎপরতা চালিয়ে যাবে বিশ্ববিবেক ও মতামতকে তোয়াক্কা না করে।
“সরকারের এই অপরিনামদর্শী ফ্যাসিবাদী সিদ্ধান্তের দায়-দায়িত্ব কেবলমাত্র সরকারকেই বহন করতে হবে।”
জাতিসংঘ সদর দপ্তরে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন হবে। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলে আইজিপি বেনজীর আহমেদের নামও আছে।
কিন্তু যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বেনজীর এ সম্মেলনে যেতে পারবেন কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়। তবে তিনি ভিসা পেয়েছেন জানিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়।
বেনজির আহমেদের ভিসা পাওয়ার প্রসঙ্গে সংবাদ সম্মেলন মির্জা ফখরুল বলেন, “পুলিশ প্রধান বেনজির আহমেদকে যুক্তরাষ্ট্রে শর্ত সাপেক্ষে ভিসা প্রদান করায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
“যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতিসংঘের ১৯৪৭ সালের চুক্তি অনুযায়ী মার্কি যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞা প্রাপ্ত কোনো ব্যক্তি শুধুমাত্র জাতিংঘের সুনির্দিষ্ট উক্ত সম্মেলনে যোগ দিতে পারবেন এবং তার অবস্থান সীমিত থাকবে জাতিসংঘ প্রাঙ্গণে।
“আমরা মনে করি, এই ধরনের শর্তসাপেক্ষে ভিসা প্রদান বাংলাদেশের জন্য অবমাননাকর।”
তিনি বলেন, “বিএনপিসহ প্রায় সকল গণতান্ত্রিক দল সরকারের হিংস্র আচরণ নিয়ে বলে আসছে দীর্ঘদিন ধরে। আমাদের অসংখ্য নেতা-কর্মীকে সরকার গুম করেছে, ক্রসফায়ারে হত্যা করেছে, বিনা বিচারে গ্রেপ্তার করে নির্যাতন করেছে।
“দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, মিটিং-মিছিল করার কোনো অধিকার নেই, বিনা অনুমতিতে এমনকি কোনো সমাবেশ পর্যন্ত করতে দেয় না ও গণমাধ্যমগুলোর ওপর একটা সেলফ সেন্সারশিপে বাধ্য করা হয়েছে।”
এসব অভিযোগে সরকার কর্ণপাত করছে না দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “এমনকি জাতিসংঘের মতো বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য শক্তিশালী সংস্থার পক্ষ থেকেও বার বার উদ্বেগ প্রকাশ করা হলেও তারা তোয়াক্কা করছে না।
“হত্যা, গুম-খুন তারা চালিয়ে যাচ্ছে। যে প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের দেশের আইন অনুযায়ী একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনকারীদেরকে চিহ্নিত করেছে।”
ক্ষমতাসীনদের পক্ষে থেকে এসব মানবাধিকার বিরোধী অপতৎপরতা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
“সেই অভিযোগেই আমাদের দেশের প্রতিষ্ঠান, র্যাবের ওপর এবং র্যাব ও পুলিশের কয়েকজন ব্যক্তিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ, ভিসা বাতিল ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।”
সংবাদ সম্মেলনে ভোলায় গুলি করে দুই জনকে হত্যা এবং ঢাকা ও কুমিল্লায় পুলিশের হেফাজতে দুইজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির আন্দোলনে পুলিশ ও সরকারি দলের হামলা হয়েছে দাবি করে তিনি বলেন, “এই অপরিনামদর্শী ফ্যাসিবাদী সিদ্ধান্তের দায় কেবল সরকারকেই নিতে হবে।”
বিএনপি মহাসচিব বলেন, “এখন পর্যন্ত ৫০টির অধিক স্থানে হামলা হয়েছে, আহত হয়েছে প্রায় তিন শতাধিক ও গ্রেপ্তার হয়েছে প্রায় দুই শতাধিক। ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রায় ২০টার মতো জায়গায়।
“আসামি করা হয়েছে প্রায় দুই হাজার মানুষকে এবং মামলা করা হয়েছে ১৫টার ওপরে।”
এসব হামলার কারণে বিএনপি কী আন্দোলন থেকে সরে দাঁড়াবে কি না এমন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, “প্রশ্নই ওঠে না। বিএনপি তো আন্দোলন শুরুই করেছে।
“আমাদের লক্ষ্য একটাই, এই ভয়াবহ দানবীয় মনস্টার একটা শক্তি, যারা ক্ষমতায় বসে আছে এদেরকে সরানো এবং এদেরকে সরিয়ে গণতান্ত্রিক একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।
“আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই এবং সেই নির্বাচনের মাধ্যমে আবার একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই।”
‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলের রিপোর্টে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ ‘করা হয়নি’, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য সম্পর্কে মির্জা ফখরুল বলেন, “তিনি অপব্যাখ্যা দিয়েছেন এবং সত্যের অপলাপ করেছেন।
“ইউএস হিউম্যান রাইটসের যে রিপোর্ট, সে রিপোর্টে আজকে না পরপর চার-পাঁচ বছর ধরে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয় উঠে আসছে। আপনারা নিজেরাও জানেন, জাতিসংঘের মানবাধিকার রিপোর্টেও তা উঠে এসেছে।”
মিশেল ব্যাশেলের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, “সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে, মানবাধিকার লঙ্ঘন চলছে এবং এটাও বলা হয়েছে যে, এভাবে মানবাধিকার লঙ্ঘন যদি চলতে থাকে এবং এর সঙ্গে যদি বাংলাদেশ সেনাবাহিনীর কেউ জড়িত থাকেন সে বিষয়টা তারা উল্লেখ করেছেন।
“তাহলে সেব্যাপারেও সেটাকে দেখার জন্য একটা সিস্টেম তৈরি করা উচিত। সবশেষে গুরুত্বপূর্ণ যে কথা যেটা বলেছেন, এটার জন্যে একটা সম্পূর্ণ স্বাধীন সংস্থা তৈরি করতে হবে যারা স্বাধীন ও নিরপেক্ষভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তদন্ত করবে।”
এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “উনি যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে পরিস্কারভাবে বলে গেছেন বাংলাদেশে কোথায় অবস্থান করছে।
“উনি লাস্টে যেটা বলেছেন, এই অবস্থা থেকে মুক্ত হতে গেলে একটা স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করার প্রয়োজনীয়তা আছে। উনি তদন্তের প্রস্তাব দিয়ে গেছেন এবং প্রয়োজনে জাতিসংঘের ওয়ার্কি গ্রুপ এই তদন্তে সহায়তা করবে-এটাও বলে গেছেন।
“তারপরেও যদি এদের (সরকার) মাথায় এই বিষয়টা না ঢুকে তাহলে তাদের মাথা ড্রিল করার ছাড়া উপায় নাই। ড্রিল করে ঢুকাতে হবে, তা নাহলে এটা ঢুকবে না-আমি বলছি।”
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন বিএনপির মিডিয়া সেলের শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শায়রুল কবির খান ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের শামসুদ্দিন দিদার।
আরও খবর:
