২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি এখন ‘হিংসার আগুনে’ জ্বলছে: কাদের

“যদি কর্মসূচির নামে ২৮ অক্টোবরের মত সন্ত্রাসী কর্মকাণ্ড, গাড়ি পোড়ানো হয়, মানুষ পুড়িয়ে মারা হয়, বা জননিরাপত্তা বিঘ্নিত হয় তবে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে।”

বিএনপি এখন ‘হিংসার আগুনে’ জ্বলছে: কাদের

রোববার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 04:35 PM

Updated : 21 Jan 2024, 04:35 PM

বিএনপি ফের আন্দোলনের নামে নাশকতা চালালে আওয়ামী লীগ ‘রাজনৈতিকভাবে তা মোকাবেলা’ করবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, জনগণের ‘বিপুল’ ভেটে আওয়ামী লীগ ফের সরকার গঠন করায় বিএনপি এখন ‘হিংসার আগুনে’ জ্বলছে।

রোববার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন কাদের।

তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার তাদের (বিএরপি) আছে। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে আমরা বাধা দেব না, যদি কর্মসূচির নামে ২৮ অক্টোবরের মত সন্ত্রাসী কর্মকাণ্ড, গাড়ি পোড়ানো হয়, মানুষ পুড়িয়ে মারা হয়, বা জননিরাপত্তা বিঘ্নিত হয় তবে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে। আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব।"

বিএনপি ‘হিংসায় জ্বলছে’ মন্তব্য করে কাদের বলেন, "তারা নির্বাচনে অংশগ্রহণ না করার পরেও বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলকে নির্বাচিত করেছে, এই হিংসায় তারা ঈর্ষাকাতর হয়ে আছে।"

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের দিন সংঘর্ষের পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধের কর্মসূচি দেয় বিএনপি। এসব কর্মসূচি চলাকালে নাশকতা চলে সারা দেশে।

ভোট ঘিরে ৪৮ ঘণ্টার হরতালও ডেকেছিল বিএনপি। তার মধ্যেই ভোটে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

ভোটের পর রোববারই প্রথম নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, নেতাকর্মীদের মুক্তি এবং সংসদ বাতিলের দাবিতে আগামী শুক্র এবং শনিবার জেলা সদর এবং মহানগরে কালো পতাকা মিছিল করবেন তারা।

বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কাদের বলেন, "বিএনপির তথাকথিত আন্দোলনের সুনির্দিষ্ট রূপরেখা কেউ দেখেনি। তাদের আন্দোলনের বিষয়টি স্পষ্ট নয়, একবার তারা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে আবার তারা নির্বাচন বানচালের আন্দোলন করে। আসলে তাদের আন্দোলন হাসি তামাশায় পরিণত করেছে। তথাকথিত আন্দোলনের কর্মসূচিতে এখন ঘোড়াও হাসে।"

টানা চারবার নির্বাচিত হওয়ার পরও বিদেশি রাষ্ট্রের স্বীকৃতি কতটা জরুরি– এমন প্রশ্নের উত্তরে কাদের সংবাদ সম্মেলনে বলেন, "স্বীকৃতি, এটা অভিনন্দন, এটা গণতন্ত্রের একটা রীতিনীতিতে পরিণত হয়েছে। নতুন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হলে পৃথিবীর বিভিন্ন দেশ, বন্ধুরাষ্ট্ররা তাকে অভিনন্দন জানায়। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও যারা বন্ধুরাষ্ট্র আছে তারা এবং অনেকে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবে এটাই স্বাভাবিক। 

"এটা তো অস্বাভাবিক কিছু না, বা নতুন করে চালু করার কোন বিষয় না।... আমরা কারও অভিনন্দনের জন্য, চাতক পাখির মত অপেক্ষায় বসে আছি এমন ভাবার কোনো কারণ নেই।"

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন কাদের।

তিনি বলেন, “দাম নিয়ন্ত্রণে কমিটি গঠন করা হচ্ছে। এবং সেই লক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা সেল কাজ করছে এবং কীভাবে পরিস্থিতির অবনতি হয় সেটি লক্ষ্য করা হচ্ছে, মূল্যস্ফীতির বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে এবং ব্যবস্থাও নে‌ওয়া হচ্ছে।“

কাদেরের ভাষ্য, “জিনিসপত্রের দাম নিয়ে সারা বিশ্বেই একই অবস্থা। ইউরোপে গড় মূল্যস্ফীতি ১০.৫। যুদ্ধও বাড়ছে মূল্যস্ফীতিও বাড়ছে, যুদ্ধও বাড়ছে জিনিসপত্রের দামও বাড়ছে। যুদ্ধের ক্ষেত্র দেখুন বাড়তেই আছে। এর প্রভাব দ্রব্যমূলে পড়বেই। এটা আমরা চাইলেই রুখতে পারব না।"

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।