খালেদাকে কারাগারে ফেরত: এখনই নয়, জানালেন আইনমন্ত্রী
“নির্বাহী ক্ষমতা যেকোনো সময় ব্যবহার করা যায় এবং বাড়ানো যায়,” বলেন তিনি।
নির্বাহী ক্ষমতা যেকোনো সময় ব্যবহার করা যায় জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠাতে এখনই সরকারের কোনো চিন্তাভাবনা নেই।
তিনি বলেছেন, ”অবশ্যই নির্বাহী ক্ষমতা যেকোনো সময় ব্যবহার করা যায় এবং বাড়ানো যায়। আপনারা যদি ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা পড়েন এবং নির্বাহী আদেশটি দেখেন তাহলে দেখা যাবে ওখানে বলা হয়েছে স্থগিত করা হয়েছে। স্থগিত মানে এটি যেকোনো সময় চালু করা যাবে।”
শনিবার রাজধানীর ধানমণ্ডিতে সংবিধান দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুর্নীতিতে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার কারাগারে ফেরত পাঠানোর প্রশ্নে তিনি বলেন, ”এখনও চিন্তাভাবনা নেই। তবে প্রধানমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, বাড়াবাড়ি করলে।”
দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সাল থেকে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে দেশে করোনাভাইরাস মহামারী হানা দেওয়ার আগে ২০২০ সালে সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে ছাড়া পান তিনি, এখন তিনি বাসায় রয়েছেন।
এদিকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলনের নামার প্রস্তুতিতে এখন বিএনপি। দলটির নেতারা হুমকি দিচ্ছেন, ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার নির্দেশে চলবে দেশ।
এমন প্রেক্ষাপটে জেল হত্যা দিবসের এক আলোচনায় প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে বলেছেন, বিএনপি যদি ’বেশি বাড়াবাড়ি’ করে, তবে তাদের নেত্রী খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানো হবে।
এদিন সংবিধান দিবসের সেমিনারে বক্তারা আইনমন্ত্রীর কাছে সংবিধান সংশোধনীর সময় রাষ্ট্রধর্ম বাদ না দেওয়ার বিষয়ে জানতে চান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ”৯০ শতাংশ মুসলমানের দেশে ইসলাম ধর্ম (রাষ্ট্রধর্ম) হবে না কেন? এই যে চিন্তাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এ চিন্তা থেকে আগে বের করে আনতে হবে। আমাদের এটার (ধর্মনিরপেক্ষতা) জন্য একটু অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরতে হবে।”
সংবিধানের ৭০ অনুচ্ছেদ বলবৎ রাখার প্রাসঙ্গিকতা তুলে ধরে আনিসুল হক বলেন, "আমি আমার নির্বাচনী এলাকায় নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এসেছি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার যাতে কায়েম করা যায়, সেজন্যই আমরা সরকার গঠন করেছি এবং সরকারে কাজ করছি। এখন যদি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য কোনো আইন করার ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দিই, তাহলে তো আমি যে ম্যান্ডেট নিয়ে পাস করে এসেছি, তার বিরুদ্ধে ভোট দেওয়া হবে। সেই ক্ষমতা কিন্তু জনগণ আমাকে সংসদ সদস্য হিসেবে দেয়নি।
“আমি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হতাম তাহলে আমার ইচ্ছেমত ভোট দিতে পারতাম। সুতরাং যেখানে আমি দলের প্রতীক নিয়ে, দলের ইস্তেহার দিয়ে সংসদ সদস্য হিসেবে পাস করে এসেছি, সেখানে কিন্তু আমি দলের বিরুদ্ধে ভোট দিতে পারি না।“
আলোচনা শেষে সাংবাদিকরা রাষ্ট্রধর্ম নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা ১৯৭২ সালের মূল সংবিধানের অনেক কিছুই ফিরে পেয়েছি। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আর কিছুটা ফিরিয়ে পাওয়ার চেষ্টা করেছি। সেখানে কিছুটা বাধা-বিপত্তি এসেছে এবং এটি এখন সাবজুডিস ম্যাটার।“
“আমরা অবশ্যই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি। তার কারণ আমরা বাহাত্তরের মূল সংবিধান ফিরে পেতে চাই। কখন, কিভাবে কোন বাস্তবতার নিরিখে এটা করা হবে, সেটা দল ও সরকার নির্ধারণ করবে।“
এসময় ২১ আগস্ট গ্রেনেড হামলা ও তারেক রহমান প্রসঙ্গ আসলে আইনমন্ত্রী বলেন, ”তারেক রহমানের হাত আছে এটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ভিক্টিম তিনি বলতে পারেন। আমরা তার কাছ থেকে শুনে সেটি বলেছি। বিচারিক আদালত তো তারেক রহমানের যাবজ্জীবন দিয়েছে। এর মানে হল এটি এখন স্বাক্ষ্য-প্রমাণ দ্বারা প্রমাণিত যে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত।”
সরকার তারেক রহমানের সাজা বাড়ানোর ব্যাপারে আবেদন করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ”হাইকোর্ট বিভাগে বিচার চলছে, অপেক্ষা করেন দেখেন কী হয়।”
স্বাগত বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ”আমরা প্রায়শ শুনি নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যদিও সর্বোচ্চ আদালত এ সরকার ব্যবস্থাকে সংবিধান পরিপন্থি বলে বাতিল করে দিয়েছে। আমরা মনে করি জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের ওপর আস্থা না রেখে কতিপয় অনির্বাচিত ও মনোনীত ব্যক্তিদের উপর আস্থা রাখি তাহলে গণতন্ত্রের মূল যে প্রাণ সেটা হরণ করে দেওয়া হয়।”
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামিসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ”বঙ্গবন্ধুকে হত্যা করে খুনি জিয়া সবকিছু তছনছ করে দেন। ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র উলটপালট করে দিয়ে ধর্মের নামে রাজনীতিকে উৎসাহিত করেন। শ্রেষ্ঠ রাজাকার গোলাম আজমকে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে এনে যেন নাগরিকত্ব পায়, সেই সুযোগও করে দিয়েছিলেন জিয়া।”
বিলিয়ার চেয়ারম্যান ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাবেক রাষ্ট্রদূত এম জমির, এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর, ব্যারিস্টার তানীয়া আমীর।
