বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে জেলে ফেরত: শেখ হাসিনা
“বিএনপি লাফালাফি করে, তাদের নেতৃত্ব কোথায়? তাদের নেতা কই?”
সরকারের পতন ঘটাতে আন্দোলনে নামার হুমকি দেওয়া বিএনপিকে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেছেন, বিএনপি যদি ‘বেশি বাড়াবাড়ি’ করে, তবে তাদের নেত্রী খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানো হবে।
জেল হত্যা দিবসে বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন শেখ হাসিনা।
দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সাল থেকে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে দেশে করোনাভাইরাস মহামারী হানা দেওয়ার আগে ২০২০ সালে সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে ছাড়া পান তিনি, এখন তিনি বাসায় রয়েছেন।
এদিকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলনের নামার প্রস্তুতিতে এখন বিএনপি। দলটির নেতারা হুমকি দিচ্ছেন, ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার নির্দেশে চলবে দেশ।
বিএনপির আন্দোলনের হুমকির জবাবে শেখ হাসিনা বলেন, “আজকে গণতন্ত্র উদ্ধর করতে হবে? যে দলের জন্ম মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে, অবৈধভাবে ক্ষমতা দখলকারীর দ্বারা, সেই দল কীভাবে গণতন্ত্র উদ্ধার করবে? সেটাই আমার প্রশ্ন।
“বিএনপি লাফালাফি করে, তাদের নেতৃত্ব কোথায়? তাদের নেতা কই? জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৭ বছর সাজা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সে ১০ বছর সাজাপ্রাপ্ত। আমরা না, তত্ত্বাবধায়ক সরকার তাদের মামলা দিয়েছে, যারা তাদেরকে প্রিয় লোকগুলো।”
মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “সে অসুস্থ, বয়ঃবদ্ধ। তার বোন, ভাই আমার কাছে এসেছে, আবেদন করেছে; আমরা তার সাজাটা স্থগিত করে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি। মানবিক কারণেই দিয়েছি।”
“বেশি বাড়াবাড়ি করলে, যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, বিএনপি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব,” হুঁশিয়ার করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “যদি একটা লোকের গায়ে হাত দেয়, আমরা ছাড়ব না। তার কারণ তাদের আন্দোলন মানে জ্বালাও-পোড়াও, অগ্নি সন্ত্রাস। ২০১৩, ১৪, ১৫-তে কী তাণ্ডব তারা করেছে সারাদেশে। পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, তারা সেটাই প্রমাণ করেছে।
“সেই সময়ে ৩ হাজার ৩৬ জন মানুষকে অগ্নিদগ্ধ করেছে। ৫০০ মানুষ মারা গেছে। ৭/৮জন পুলিশ সদস্য মারা গেছে। ৩ হাজার ২৭২টা গাড়ি, ২৯টি রেলগাড়ি, ৯টা লঞ্চ পুড়িয়েছে। ৭০টি সরকারি অফিস জ্বালিয়ে দিয়েছে। সব রকমের ধ্বংসাত্মক কাজ তারা করেছে।
বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের উপর নির্যাতনের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, “অপারেশন ক্লিনহার্টের নামে আওয়ামী লীগ, যুবলীগের নেতা-কর্মীদের নির্মম অত্যাচার করেছে। অনেক মানুষ হত্যা করেছে।”
তিনি বলেন, “খালেদা জিয়ার আমলে কয়টা সরকার ছিল বাংলাদেশে? প্রাইম মিনিস্টার অফিসে একটা আর হাওয়া ভবনে আরেকটা। হাওয়া ভবনে টাকা না দিলে কেউ কাজ করতে পারবে না। কোনো উন্নয়নের কাজ হয়নি। ১৯৯৬ সালে ৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি খালেদা জিয়া রেখে গেছে। মাত্র ১৬’শ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। ওয়াসার পানি গাড়িতে করে কিনতে হয়। এই বিদ্যুতের দাবি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে কানসাটে তাদের গুলি করে হত্যা করল খালেদা জিয়া। উত্তরবঙ্গে সবসময় দুর্ভিক্ষ লেগে থাকত জিয়া, এরশাদ ও খালেদার আমলে, কিন্তু আওয়ামী লীগের সময়ে হয়নি।”
বিএনপি আমলের দুর্নীতির প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, “চরম দুর্নীতি, টাকা পাচার। এটা শুধু আমরা বলি না, আমেরিকার এফবিআইয়ের তদন্তে বেরিয়েছে। খালেদা জিয়া ক্ষমতায় এসে আমার ও আমার ছেলের বিরুদ্ধে তদন্ত করিয়েছে। আমার ও পরিবারের বিরুদ্ধে তদন্তে কিছু তো পায়ইনি, উল্টো খালেদা জিয়া, তারেক ও কোকোর বিরুদ্ধে বেরিয়ে আসে অনেক কথা। কোন কোন কোম্পানির কাছ থেকে কত টাকা নিয়েছে, কত টাকা মানি লন্ডারিং করেছে।”
২১ অগাস্ট হামলা নিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, “তারেক জিয়ার বিরুদ্ধে এফবিআইয়ের প্রতিনিধি সাক্ষ্য দিয়ে গেছে। সেই মামলায় তারেকের সাজ হয়। অর্থ পাচারের জন্য তারেকের সাত বছরের সাজা হয়। দশ ট্রাক অস্ত্র...কত ট্রাক অস্ত্র যে চোরা কারবারি করেছে কে জানে। সেই মামলায় তারেক জিয়ার জেল হয়েছে। একুশে আগস্ট গ্রেনেড হামলায় যে তারেক জড়িত সেটা তো প্রমাণিত। সেই মামলায়ও সে সাজাপ্রাপ্ত।”
বিএনপির শীর্ষ নেতৃত্বের দণ্ড থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সে (তারেক রহমান) মুচলেকা দিয়েছিল, আর কোনোদিন সে রাজনীতি করবে না, বিদেশে চলে যাবে। সেই যে বিদেশে গেছে বিদেশেই। এখন বিএনপি এত লম্ফঝম্প করে, প্রশ্ন হচ্ছে তাদের দুই নেতাই তো সাজাপ্রাপ্ত আসামি। বিএনপির গঠনতন্ত্রেই আছে কেউ সাজাপ্রাপ্ত হলে চেয়ারম্যান হতে পারবে না।
“কিন্তু এখন দেখা যাচ্ছে, খালেদা জিয়া সাজা পেয়েছে, এজন্য চেয়ারম্যানশিপ দিয়েছে তারেকের হাতে। সেও তো সাজাপ্রাপ্ত আসামি। তাহলে বিএনপির দলের মাথা কোথায়? তাদেরকে জিজ্ঞেসা করতে পারেন, তোমরা যে এত লাফাচ্ছ, তোমাদের মাথা কই? সবই তো দুর্নীতিগ্রস্ত এবং সাজাপ্রাপ্ত আসামি।”
করোনাভাইরাস মহামারীর ঠেকাতে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি ক্ষমতায় থাকলে ভ্যাকসিন তো দূরের কথা, লাশের পর লাশ পড়ে থাকত। এই ভ্যাক্সিন কিনতে গিয়ে কত টাকা যে হাওয়া হয়ে যেত, তার ঠিক নেই।”
পঁচাত্তরে কারাগারে হত্যাকাণ্ডের শিকার চার জাতীয় নেতাকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, “মুক্তিযুদ্ধের বিজয়কে নস্যাৎ করতেই এই হত্যা। একে একে জাতির পিতার নামকে মুছে ফেলা হয়। ইতিহাসকে বিকৃত করা হয়। যত রকম অপপ্রচার, তা চালানো হয়। আমাদের সংবিধানকে ক্ষত বিক্ষত করা হয়।”
জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী, আব্দুল আলিমকে মন্ত্রী করার কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, “জিয়াউর রহমান কিন্তু মোশতাককে বেশিদিন ক্ষমতায় থাকতে দেয়নি। মোশতাকের পতনের পর যখন সায়েম সাহেবকে রাষ্ট্রপতি করা হয়, তখন জিয়াউর রহমান অস্ত্রের মুখে তার কাছ থেকে ক্ষমতা দখলে নিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়।”
বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা এবং নানা পদ দেওয়ার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “জিয়া ক্ষমতায় দখল করার পর সেনাবাহিনার মধ্যে একের পর এক ক্যু হয়েছে। ১৯-২০টি ক্যু হয়েছে এই বাংলাদেশে। প্রতিনিয়ত সংঘাত। একেকটি ক্যুয়ের পরেই জিয়াউর রহমান সেনাবাহিনীর সৈনিক, অফিসার তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। সেখানে মুক্তিযোদ্ধা যারা ছিল অফিসার, একে একে সবাইকে হত্যা করেছে। হাজার হাজার সৈনিকরা তারা জানেই না তাদের অপরাধ কী?
“৭৭ সালে একটা ক্যু হল সেই সময়ে। বিমানবাহিনীর প্রায় ৬৬২ জন অফিসার এবং সৈনিককে হত্যা করেছিল জিয়াউর রহমান। কারাগারে এমনও ঘটনা ঘটেছে, একদিনে ১০ জনের ফাঁসি। এভাবে মানুষকে হত্যা করেছে। কোনো বিচার ছিল না। প্রতিদিন ফাঁসির হুকুম লিখে দিত। কারণ রাষ্ট্রপতির হুকুম ছাড়া তো ফাঁসি হয় না। এর বাইরে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে সেনা সদস্যদের হত্যা করা হয়েছে। সেনা ও বিমানবাহিনীতে প্রায় ধ্বংসের দ্বারে নিয়ে গেছে শুধু ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য।”
জিয়ার সময়ে দেশের রাজনীতির পরিস্থিতি তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, “জিয়াকে অনেকেই গণতন্ত্রের প্রবর্তক হিসেবে আখ্যায়িত করছেন। যে মিলিটারি ডিক্টেটর, যে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে, যে একাধানে সেনাপ্রধান আবার রাষ্ট্রপতি ঘোষণা দেয়, সে আবার গণতন্ত্র দেয় কীভাবে? গণতন্ত্র আনে কীভাবে? যারা বলেন, তারা কোন ফর্মুলায় বলেন, সেটা প্রশ্ন।
“হজে যাওয়ার জন্য যে জাহাজ বঙ্গবন্ধু কিনেছিলেন, সেটাকে জিয়াউর রহমান করেছিল প্রমোদতরী। যুব ও ছাত্র সমাজকে নষ্ট করেছিলো জিয়া। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি।”
দেশে এরপরের পরিস্থিতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “শুধু জিয়া কেন, খুনিদের মদদ দিয়েছে এরশাদও। জিয়ার পদাঙ্ক অনুসরণ করে কর্নেল ফারুককে প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে। এরপর আসে খালেদা জিয়া। সে তো আরও একধাপ বেশি যায়।
“১৫ ফেব্রুয়ারি ১৯৯৬, কোনো দল নির্বাচন করে নাই। জাতির পিতার খুনি কর্নেল রশিদ ও হুদা, তাদের সংসদে বসায়। যুদ্ধাপরাধী হিসেবে যাদের ফাঁসি হয়েছে, তারা অনেকেই খালেদা জিয়ার কেবিনেট মন্ত্রী ছিল। তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে।”
যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের দিন বিএনপির হরতাল ডাকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “বিচারক যাতে আদালতে যেতে না পারে, তাকে হুমকি দেওয়া হয়েছিল। যুদ্ধপরাধীদের বাঁচাতে তাদের যে ধরনের পদক্ষেপই বলে দেয় এর সঙ্গে জিয়াউর রহমান জড়িত। এবং খালেদা জিয়া তা জানে।
“৩ নভেম্বর হত্যার বিচার যখন আমরা শুরু করলাম। তখনও বাধা। বিচারের রায় ঘোষণা হবে ২০০১ সালে তারিখ পড়েছে, সেই সময়ে খুনি খায়রুজ্জামান, তাকে খালেদা জিয়া প্রমোশন দেয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দেয়। বিচারের কাঠগড়ায় থাকা আসামিকে বের করে তাকে নিয়ে এসে চাকরি দেয় এবং পরে মালয়েশিয়ায় হাইকমিশনার করে পাঠায়। ঠিক একইভাবে খুনি পাশা, যে পাশা ৩ নভেম্বর জড়িত ছিল। বিদেশে পাশা মৃত্যুবরণ করে। খুনিদের প্রতি খালেদা জিয়ার এতই দরদ যে পাশা মারা গেছে মৃত ব্যক্তিকে সে প্রমোশন দেয়। তাহলে কী করে অস্বীকার করবে এই হত্যাকারীদের সঙ্গে জিয়াউর রহমান জড়িত না।”
