বিএনপিকে ‘অন্য পথে যেতে উস্কানি দেওয়ার’ অভিযোগ ফখরুলের
অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।
শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে বিএনপিকে অন্য পথে যেতে সরকার উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার এক ইফতার অনুষ্ঠানে সারাদেশে দলের দুই ঘণ্টার অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা প্রদানের বিভিন্ন ঘটনা তুলে ধরে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘‘আজকে ৫৫০টি থানা-উপজেলাতে অবস্থান কর্মসূচি ছিল এবং প্রত্যেকটিতেই পুলিশ বাধা প্রদান করেছে। ঢাকা মহানগরের প্রায় সব জায়গাতে যে নির্দিষ্ট স্থান ছিল সেই স্থানে কর্মসূচি করতে দেয়নি, ভিন্ন জায়গায় গিয়ে সেই কর্মসূচি পালন করতে হয়েছে।“
তিনি ঢাকা মহানগরে ৫০ জনের মতো গ্রেপ্তার করা হয়েছে দাবি করেন। তার অভিযোগ, যশোরের শার্শাতে কর্মসূচি শুরু করার আগে পুলিশের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যশোরে প্রায় ১৫ জনকে আহত করেছে। নেত্রকোনাসহ অন্যান্য এলাকায় হামলার অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, ‘‘সংঘাত সৃষ্টি করছে সরকার- আজকে তার প্রমাণ আপনারা পেয়েছেন। আওয়ামী লীগ এখন আমার কাছে মনে হয়েছে যে, তারা উস্কে দিয়ে, উস্কানি যেটাকে বলে, প্রভোক করে আমাদের অন্য পথে নিয়ে যেতে চায়।
“আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি এবং এই আন্দোলন বিএনপির জন্য নয়, এই আন্দোলন বিরোধী দলের জন্য নয়, এই আন্দোলন হচ্ছে এদেশের মানুষের অধিকারকে ফিরে পাওয়ার আন্দোলন, ভোটের অধিকারকে ফিরে পাবার আন্দোলন।“
গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপি থানা-উপজেলা পর্যায়ে বিকাল তিনটা থেকে ৫টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করে।
তিনি বলেন, ‘‘আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন এই কর্মসূচি শুরু করার প্রথম থেকে বিশেষ রমজান মাসে তারা (ক্ষমতাসীনরা) অনেক মারমুখি হয়ে উঠেছে। ইতিপূর্বে তারা নাটোরে একই ঘটনা ঘটিয়েছে, যশোরে ঘটিয়েছে, খুলনাতেও ঘটিয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের গ্রেপ্তারও করেছে।
‘‘এর মূল কারণটা হচ্ছে- যারা জনগণের দ্বারা নির্বাচিত নয় তারা কাওয়ার্ড সরকার…কাপুরুষ বলা হয়ত সঠিক হবে না। তারা জনমতকে ভয় পায় । ভয় পায় বলে তারা জনগণের কোনো সমাবেশ করতে দেয় না, জনগণের সামনে দাঁড়িয়ে যে কথা বলবে সেই কথা তারা সহ্য করতে পারে না।”
ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (ইএবি) এ ইফতারের আয়োজন করে। ইফতারের আগে সভায় লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রকৌশলীসহ পেশাজীবীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
দেশের বর্তমান অবস্থায় বিএনপি মহাসচিব শিক্ষিত, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের কথা বলার আহ্ববান জানান।
সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শেষ ভাষণের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘আজকে কেউই এ কথা বলছে না যে, বাংলাদেশ খুব ভালো আছে, বাংলাদেশ সঠিক পথে চলছে। তাদের নির্বাচিত যে রাষ্ট্রপতি গতকাল (শুক্রবার) তিনি পার্লামেন্টে ভাষণ দিয়েছেন, তার শেষে বিদায়ী ভাষণ, সেই ভাষণে তিনি কয়েকটা সত্যকথা উচ্চারণ করেছেন। তার মধ্যে প্রথম যে কথাটা ছিল- ‘গণতন্ত্রহীন উন্নয়ন কখনও সার্বজনীন হতে পারে না’। এই কথাটাই আমরা বার বার বলে আসছি।”
ইএবির সভাপতি রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার ও আবদুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ইএবি মহাসচিব হাছিন আহমেদ বক্তব্য রাখেন।
ইফতারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমান, ড্যাবের অধ্যাপক হারুন আল রশিদ, জিয়া পরিষদের অধ্যাপক এমতাজ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ প্রকৌশলী ও পেশাজীবী নেতারা অংশ নেন।
