‘ক্ষমতায় গেলে’ জিয়া হত্যার তদন্তে কমিশন করবে বিএনপি
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘নৈপথ্যের চক্রান্তকারীদের’ চিহ্নিত করতে সরকার আগামী ডিসেম্বরের মধ্যে কমিশন গঠন করার ঘোষণা দেওয়ার পর বিএনপির তরফ থেকে এ ঘোষণা এল।
বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যার ঘটনা তদন্তে নতুন ‘কমিশন’ গঠন করার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব এই ঘোষণা দেন।
তিনি বলেন, “আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, আমরা যদি ক্ষমতায় আসি, একটা নতুন কমিশন গঠন করব। সেই কমিশটা হচ্ছে যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে হত্যা, সেই হত্যার বিচারের জন্য আমরা নতুন কমিশন গঠন করব । আমরা জানতে চাই, কারা এই হত্যার পেছনে ষড়যন্ত্র করেছে, সেটাও ব্যবস্থা নেব।”
আইনমন্ত্রী আনিসুল হক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘নৈপথ্যের চক্রান্তকারীদের’ চিহ্নিত করতে আগামী ডিসেম্বরের মধ্যে কমিশন গঠন করার ঘোষণা দেওয়ার পরদিন বিএনপির তরফ থেকে এ ঘোষণা এল।
প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে এদিন বিএনপি মহাসচিব দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা ঘটনাপ্রবাহের মধ্যে মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধান হন।
৭ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর তিনি শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন; ১৯৭৬ সালের ২৯ নভেম্বর তিনি হন প্রধান সামরিক আইন প্রশাসক।
সামরিক আইন প্রশাসক থাকা অবস্থায় জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়। তবে সে দল তখন দেশের রাজনীতিতে নাড়া দিতে পারেনি।
ওই বছর ১ মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে 'জাতীয়তাবাদী ফ্রন্ট' ঘোষণা করা হয়। সেনাবাহিনী প্রধানের পদে থেকে পুরাদস্তুর রাজনীতিবিদ বনে যান জিয়া। ৩ জুন নির্বাচন দিয়ে ওই 'জাতীয়তাবাদী ফ্রন্ট' থেকে প্রার্থী হয়ে তিনি ‘নির্বাচিত’ রাষ্ট্রপতি হন।
নির্বাচনের তিন মাসের মাথায় ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার আগ পর্যন্ত জিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। ২০১০ সালে সপ্তম সংশোধনী বাতিলের রায়ে জিয়ার ক্ষমতাগ্রহণকে অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত।
শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “জনগণের ন্যায়সঙ্গত যে আন্দোলন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে নস্যাৎ করবার জন্য ক্ষমতাসীনদের সন্ত্রাসী বাহিনী ও সরকারের পুলিশের পেটোয়া বাহিনীর হামলায় সারা দেশের অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছে, অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
“আজকেও নারায়ণগঞ্জের ফতুল্লায় আপনারা শুনেছেন একজন নিহত হয়েছেন। আমরা আজকে এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমরা অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় এনে বিচারের দাবি করছি।”
ফখরুল বলেন, “একটি কথা খুব স্পষ্ট করে বলতে চাই, এই হত্যা করে, গুম করে, হামলা করে জনগণের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাবার যে আন্দোলন, সেই আন্দোলনকে কখনোই দমন করা যাবে না। জনগণের বিজয় চলছে, চলতে থাকবে।”
প্রতিষ্ঠার ৪৪ বছর উদযাপনে দুই দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে সকালে নয়া পল্টন ও গুলশানে দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা হবে। শুক্রবার বেলা আড়াইটায় গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে হবে আলোচনা সভা।
