'মুজিব' দেখতে ছাত্র সমাজের প্রতি আহ্বান ছাত্রলীগের
ব্যক্তিগতভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশব্যাপী সিনেমাটির সর্বোচ্চ প্রচার নিশ্চিত করতে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীর নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখতে দেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সেইসঙ্গে ব্যক্তিগতভাবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্রচারপত্র বা হ্যান্ডবিল বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে দেশব্যাপী সিনেমাটির সর্বোচ্চ প্রচার নিশ্চিত করতে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম, সংগ্রাম-সাধনা, আত্মত্যাগ-অর্জন নিয়ে নির্মিত এই চলচ্চিত্র শুক্রবার দেশের ১৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।
ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিনেমার মাধ্যমে ছাত্রসমাজ, তরুণ-যুব প্রজন্মের প্রতিনিধিরা ইতিহাসের সত্যপাঠের পাশাপাশি অজানা অনেক তথ্য জানতে পারবে, যা তাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের নবরূপায়নের রূপকার, উন্নত-আধুনিক-স্বনির্ভর-ডিজিটাল বাংলাদেশের কারিগর, বৈশ্বিক উন্নয়ন ইতিহাসের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ' গড়তে চূড়ান্ত অনুপ্রাণিত করবে।”
