২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সব সঙ্কটের মূলে আওয়ামী লীগ: ফখরুল

“একটা লুটেরা এলিট শ্রেণি ভালো আছে,” বলেছেন বিএনপি মহাসচিব।

সব সঙ্কটের মূলে আওয়ামী লীগ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 04:33 PM

Updated : 21 Aug 2022, 03:53 PM

দেশের নির্বাচন ও সরকার ব্যবস্থাসহ সব সঙ্কটের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, “সবকিছুর সঙ্কটের মূলে একটাই যে, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। জোর করে বিনা ভোটে নির্বাচিত হয়ে, বৃহৎ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আছে।

“এখন আমাদের দায়িত্ব জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে ধ্বংসকারী এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”

পাবলিক বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন ইউনির্ভাসিটি টিচার্স অ্যাসোসিয়েশন (ইউট্যাব) আয়োজিত এই কর্মসূচিতে ফখরুল বলেন, “আমরা খুব পরিষ্কার করে বলেছি, এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

“সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে একটি জনগণের প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট ও জনগণের সরকার গঠন করতে হবে।”

লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহতের ঘটনায় এই মানববন্ধন করে ইউট্যাব।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশে ফখরুল বলেন, “আজকে আপনাদের দায়িত্ব যে, সমস্ত বুদ্ধিজীবী মানুষকে, সকল সচেতন মানুষকে আপনারা জাগ্রত করবেন। তরুণ যুবক শ্রেণিকে জাগ্রত করবেন, যারা এই লড়াইয়ে অংশ নেবে এবং জয়ী হবে।”

সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে মন্তব্য করে তিনি বলেন, “একেবারেই ধ্বংস, উচ্চ শিক্ষাকে আরও ধ্বংস করে ফেলেছে। এমন এমন ভাইস চ্যান্সলর নিয়ে আসেন যে…দলবাজ, চাটুকার লোকজনকে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে।

“আপনারা দেখবেন, প্রত্যেক দিন ছাত্র-ছাত্রীরা আন্দোলন করছে। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। আজকে আবার আমাদেরকে সেই জায়গা নিয়ে আসতে হবে, আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে, একটা মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে।”

ফখরুল বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যথার্থ একটা স্লোগান দিয়েছেন- ‘টেইক ব্যাক বাংলাদেশ’। বাংলাদেশকে আবার আগের জায়গা ফেরত আনো, গণতন্ত্রের জায়গায় নিয়ে আসো, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জায়গায় নিয়ে আসো যেখানে মুক্ত সমাজ থাকে, সবাই যেন কথা বলতে পারে, তার মতামত প্রকাশ করতে পারে।”

‘লুটেরা শ্রেণি ভালো আছে’

চাল-ডাল ও তেল-সবজির দাম বেড়ে সাধারণ মানুষের পক্ষে জীবন ধারণ অসম্ভব হয়ে পড়েছে মন্তব্য করে ফখরুল বলেন, “সবচেয়ে করুণ অবস্থার মধ্যে আছে যারা নিম্নবিত্ত মানুষ, যারা নামতে পারে না, প্রতিবাদ করতে পারেন, তাদের অভাবের কথা মানুষকে জানাতেও পারে না তারা।

“অন্যদিকে আজকে কারা ভালো আছে? একটা লুটেরা এলিট শ্রেণি ভালো আছে। এই লুটেরা এলিট শ্রেণি কারা? এই শ্রেণি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিবিদেরা, তাদের মন্ত্রী, তাদের বিভিন্ন পর্যায়ের নেতারা।”

বিএনপি মহাসচিব বলেন, “আমলা কিছু আছেন যারা প্রতিদিন দেখবেন বিভিন্ন প্রজেক্ট তৈরি করছেন, কীভাবে তাদের আরও বিত্ত-সম্পদ তৈরি হবে, কানাডায় বেগমপাড়ায় তাদের বাড়ি তৈরি হবে। আর আছেন, আমি দুঃখের সঙ্গে বলতে চাই- আপনাদের বিশ্ববিদ্যালয়ের কিছু উচ্ছিষ্টভোগী শিক্ষক, কিছু বুদ্ধিজীবী।

“তারা যখন টকশোতে কথা বলেন, তখন মনে হয় মোমেন সাহেব (পররাষ্ট্রমন্ত্রী) বলেছেন, ‘বেহেশতে আছি’- এটা অমূলক কোনো কথা নয়। তারা প্রমাণ করতে চান, আসলেও মানুষ বেহেশতে আছে।”

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “যখন বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং নিজেদেরকে স্বাধীন বলে পরিচয় দিতে গর্ববোধ করে, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে, ভারত সরকার সাহায্য করবেন শেখ হাসিনাকে টিকে রাখার জন্য।

“অর্থাৎ তারা এ কথা বলতে চান যে, ভারত সরকারের আনুকূল্যে এই সরকার টিকে আছে। আমি কালকেও প্রশ্ন করেছিলাম এটা ব্যাখ্যা আমরা জানতে চাই।”

পররাষ্ট্রমন্ত্রী তার জায়গা থেকে সরে আসেননি উল্লেখ করে ফখরুল বলেন, “তিনি একটা বক্তব্য দিয়েছেন, তিনি আবারও ওটাই নিশ্চিত করেছেন। সুতরাং আমদেরকে বুঝে নিতে হবে, বলতে হবে পরিষ্কার ভাষায় যে, যারা অন্যের আনুকুল্যে টিকে থাকে তাদেরকে এই দেশ শাসন করবার অধিকার নেই, তাদের সরকারে থাকার কোনো অধিকার নেই।”

বিরোধী নেতাকর্মীদের ‘গুম করার’ ঘটনাগুলোর বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের বিবৃতিতে সরকারের ‘মাথা খারাপ’ হয়ে গেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

“এ কথা প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশ একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকারের বড় অপরাধ, তারা দেশের আত্মাকে ধ্বংস করে দিয়েছে।”

মানববন্ধনে ইউট্যাবের সভাপতি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান, বিএনপির রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক নুরুল ইসলাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী, অধ্যাপক আবুল হাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুদুল হাসান মুক্তা, অধ্যাপক মামুনুর রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শের মাহমুদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক সৈকত, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শামীম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর সরকার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন উর রশীদ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রিয়াজুল ইসলাম রিজু, ডক্টরস অ্যাসোসিয়েশনের পারভেজ রেজা কাকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাদের গনি চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাহবুব আলম উপস্থিত ছিলেন।