চন্দ্রিমায় জিয়ার লাশ নেই: কাদের
“কোন অবস্থাতেই মাথা গরম করা যাবে না। আমরা কাউকে আক্রমণ করব না,” দলীয় নেতাকর্মীদের বলেন তিনি।
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধির কফিনে লাশ ছিল, এমন কোনো প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “একজন মানুষের কয়টা জন্মদিন থাকে? সর্বশেষ করোনা টেস্টের কিছুদিন আগে ছয় নম্বর জন্মদিন হল, ছয়টা জন্মদিবস। একটা মানুষের এত জন্মদিবস কিভাবে থাকে ফখরুল সাহেব? সত্যের মুখোমুখি হতে কেন ভয় পান?
“জানতে চেয়েছিলাম আপনার কাছে, চট্টগ্রামে লাশ ঢাকায় আসলো, সেই লাশ চন্দ্রিমা উদ্যানে জানাজা শেষে সমাধি হল। এই সময়টা জিয়াউর হামনের একটা ছবি দেখাতে পারবেন? তিনি ওই কফিনে আছেন- এর প্রমাণ নেই।”
কাদের বলেন, “সত্যি যারা ‘গুম’ হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে এমন কোনো ঘটনা থাকলে প্রয়োজনে তদন্ত করে বের করা হবে। এখানে আমাদের কোনো ভয় নেই। সত্য সত্যই। নিজের দলের লোকদের শাস্তির ব্যবস্থা করতে শেখ হাসিনা এ যাবৎ কখনও কুন্ঠিত হয়নি। দলের লোক অন্যায় করে বিনা শাস্তিতে পার হওয়ার উপায় নেই।”
তিনি বলেন, “পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক বিমান দুর্ঘটনায় নিহত হলেন। তার লাশেরও কোনো খবর ছিল না। ইসলামাবাদের ফয়সাল মসজিদের সামনে অনেক সাংবাদিক মন্তব্য করেছিলেন এই কফিনে জিয়াউল হক নেই।
“ওখানে জিয়াউল হক নেই। এখানে জিয়াউর রহমান নেই। এই প্রশ্নের জবাব দিতে হবে।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “কার বিচার করবেন? আপনাদের অনেকের বিচার বাকি রয়েছে। আদালত শুধু প্রচলিত আদালত নয়, ইতিহাসের আদালত, জনতার আদালতও আছে, নিয়তির আদালতও আছে।
“২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছেন। কত নারীর সম্ভ্রম নষ্ট করেছেন। ভুলে গেছেন আহসানউল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, শাহ এস এম কিবরিয়া; এভাবে কতজন... যশোরের সাংবাদিক শামসুর রহমান, খুলনার মানিক লাল, বালু ভাই- কত হত্যাকাণ্ড এই বাংলায় সংগঠিত করেছেন। এগুলোর বিচার হবে না? এগুলো কি মানবাধিকার লঙ্ঘন নয়? আওয়ামী লীগের এত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে- বিচারের মুখোমুখি করা আরও বাকি আছে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তাদের নিজের দলের জামালউদ্দিনকে চট্টগ্রামে অপহরণ করে হত্যা করা হল। পরে জানা গেল জামাল উদ্দিনকে হত্যা করেছে বিএনপি। সেই গুমের খবর কি ফখরুল সাহেব জানতেন না? লালবাগে আমাদের মাহফুজ বাবুকে ধরে নিয়ে গুম করেছেন আজ পর্যন্ত কেউ জানে না, তার পরিবার জানে না। এর জবাব দেবেন কি ফখরুল সাহেব?”
জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপিকে নির্বাচনে এসে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বানও জানান কাদের।
তিনি বলেন, “আজকে যারা মানবাধিকার ও গুমের কথা বলেন, খুনের কথা বলেন, আবার বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করবেন। গুম আর খুনের জন্য এ কথাও প্রকাশ্যে বলেন। ফখরুল সাহেব একটা প্রশ্নেরও জবাব দিতে পারেননি।”
জামায়াত ও বিএনপির সম্পর্ক নিয়ে কাদের বলেন, "জামায়েত আর বিএনপি উপরে উপরে মাঝে মাঝে মান অভিমান, আর ভেতরে ভেতরে গলায় গলায় খাতির।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কোনো অবস্থাতেই মাথা গরম করা যাবে না। আমরা কাউকে আক্রমণ করব না। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে।”
কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।
