২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংকটে পাশে থাকতে চাইলেও সরকার ডাকে না: জিএম কাদের

জাপা চেয়ারম্যানের অভিযোগ, কিছু বিদ্যুৎকেন্দ্রকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে।

সংকটে পাশে থাকতে চাইলেও সরকার ডাকে না: জিএম কাদের

জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2022, 07:55 PM

Updated : 27 Jul 2022, 06:05 PM

দেশের সব সংকটে সহায়তা করতে চাইলেও সরকার জাতীয় পার্টিকে ডাকে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার রাজধানীতে জাতীয় মৎস্যজীবী পার্টির এক সমাবেশে তিনি বলেছেন, “দেশের প্রতিটি সংকটে আমরা সরকারকে সহয়াতা করতে প্রস্তুত আছি, কিন্তু সরকার আমাদের ডাকছে না। অথচ দেশের মানুষ উৎকণ্ঠার সাথে জানতে চাচ্ছে- দেশের বর্তমান পরিস্থিতি। কিন্তু সরকার কোনো কিছুই পরিষ্কার করছে না।”

লোড শেডিংয়ের নামে দেশে ‘ভয়াবহ’ অবস্থা বিরাজ করছে অভিযোগ করে সংসদের বিরোধী দলীয় উপনেতা কাদের বলেন, “বিভিন্ন উৎস থেকে আমরা জানতে পারছি, বিদ্যুৎ উৎপাদনের জন্য কিছু প্রতিষ্ঠানকে বসিয়ে বসিয়ে মাসে দুই হাজার কোটি টাকা হারে ২৪ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে।

“অপর এক সূত্রে জানা গেছে, পিডিবির কাছে বিদ্যুৎ উৎপাদন করে এমন কোম্পানিগুলোর পাওনা ৩০ হাজার কোটি টাকা। বকেয়া পাওনা পরিশোধ করতে না পারলে পিডিবিকে আর বিদ্যুৎ দেবে না ওই সকল প্রতিষ্ঠান। এমন বাস্তবতায় দেশের সচেতন মহলের মাঝে আতঙ্ক বিরাজ করছে।”

সঠিক ব্যবস্থাপনা করতে ব্যর্থ হলে সরে দাঁড়ানো উচিত মন্তব্য করে সরকারের উদ্দেশে তিনি এও বলেন, “পারবেনও না আর ছাড়বেনও না, তা হতে পারে না।”

জাপা চেয়ারম্যান বলেন, “দেশের মানুষ আর মেগা প্রকল্প চায় না, দেশের মানুষ খেয়ে-পরে বাঁচতে চায়। দেশের মানুষ মেগা প্রকল্পের পরিবর্তে স্বল্প খরচে সুচিকিৎসা প্রত্যাশা করে।”

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গুলশান-বাড্ডা লিংক রোড সংলগ্ন গুলশান লেকে জাপা চেয়ারম্যান মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার, জহিরুল ইসলাম জহির, যুগ্ম মহাসচিব সৈয়দ মন্জুর হোসেন মন্জু, আশিক আহমেদ।