পাঁচ বছরে সাবের হোসেন ও স্ত্রীর সম্পদ বেড়ে আড়াই গুণ
পাঁচ বছরে সম্পদে সাবের হোসেন চৌধুরীকে ছাড়িয়ে গিয়েছেন তার স্ত্রী।
একাদশ সংসদ নির্বাচনের আগে পেশা হিসেবে রাজনীতি ও ব্যবসা দেখানো সাবের হোসেন চৌধুরী দ্বাদশ সংসদ নির্বাচনে পেশা হিসেবে চাকরি দেখিয়েছন হলফনামায়। ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন ও তার স্ত্রীর মোট সম্পদ বেড়েছে আড়াই গুণের বেশি।
একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে এই সংসদ সদস্যের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে সম্পদ বৃদ্ধির এমন তথ্য মিলেছে।
একাদশ সংসদ নির্বাচনের আগে সাবের হোসেন নিজের নামে মোট ২১ কোটি ৪৩ লাখ ৮ হাজার টাকার সম্পদ দেখিয়েছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া হলফনামায় তার ৪৮ কোটি ৮৫ লাখ ৯১ হাজার টাকার সম্পদ থাকার তথ্য এসেছে। পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে দুই দশমিক ২৮ গুণ।
পাঁচ বছর আগে স্ত্রীসহ সাবের হোসেনের স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদ ছিল ৪০ কোটি ৫২ লাখ ৭৩ হাজার টাকার। বর্তমানে তাদের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০৩ কোটি ২২ লাখ ৭৭ হাজার টাকায়। পাঁচ বছরের ব্যবধানে বেড়েছে ৬২ কোটি ৭০ লাখ টাকা বা দুই দশমিক ৫৪ শতাংশ।
পাঁচ বছরে সাবের হোসেন চৌধুরীর সম্পদ বেড়েছে ২১ কোটি ৪২ লাখ টাকা। আর স্ত্রীর সম্পদ বেড়েছে ৩৫ কোটি ২৭ লাখ টাকা।
এই সময়ে সম্পদে সাবের হোসেনকে ছাড়িয়ে গিয়েছেন তার স্ত্রী, পাঁচ বছর আগে সাবের হোসেনের চেয়ে কম সম্পদ ছিল তার।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সাবের হোসেনের স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৫৪ কোটি ৩৬ লাখ টাকা, ২০১৮ সালে যা ছিল ছিল ১৯ কোটি ৮ লাখ ৯৩ হাজার টাকা। সম্পদ বেড়েছে ৩৫ কোটি ২৭ লাখ টাকা বা দুই দশমিক ৭৫ গুণ।
অতীতে দায়ের হওয়া ছয়টি মামলার সবগুলোতে বেকসুর খালাস পাওয়ার তথ্য দিয়ে সাবের হোসেন জানিয়েছেন, বর্তমানে তার নামে কোনো মামলা নেই
এবারের হলফনামার সাবের হোসেন চৌধুরী তার বার্ষিক আয় দেখিয়েছেন এক কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা। এরমধ্যে বাড়ি ভাড়া থেকে ২১ লাখ ৮০ হাজার টাকা, ব্যাংকে আমানত, শেয়ার ও সঞ্চয়পত্র থেকে ৬৬ লাখ ১০ হাজার এবং চাকরি থেকে ৩২ লাখ ৫৫ হাজার টাকা আসে।
২০১৮ সালে তার বার্ষিক আয় ছিল এক কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬২৮ টাকা। যার মধ্যে বাড়ি ভাড়া থেকে ৩০ লাখ ৫৬ হাজার, ব্যবসা থেকে ৩৭ লাখ ১৭ হাজার, সঞ্চয়পত্র ও শেয়ার থেকে ৬৭ লাখ ৭৮ হাজার টাকা আয় দেখিয়েছিলেন তিনি।
সাবের হোসেন এবার যে হলফনামা দিয়েছেন, তাতে তার ৪৩ কোটি ৬৮ লাখ ১৮ হাজার টাকার অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা দুই লাখ ৭৩ হাজার। তার ব্যাংকে জমা আছে এক কোটি ৮৯ লাখ ৭৭ হাজার টাকা। বন্ড ও শেয়ারে আছে ২৭ কোটি ৮০ লাখ ৪২ হাজার টাকা, সঞ্চয়পত্রে ১৭ লাখ ৭৮ হাজার টাকা।
তিনি দুই কোটি ২৯ লাখ ৯১ হাজার টাকার বাস, ট্রাক ও মোটরগাড়ির মালিক। ২৩ লাখ ৮০ হাজার টাকার স্বর্ণ আছে তার। আর আসবাপত্রের দাম দেখানো হয়েছে এক লাখ ৩৩ হাজার টাকা। এছাড়া তার অন্যান্য অস্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ২২ লাখ ৪১ হাজার টাকা।
তার স্ত্রীর নামে থাকা ৫২ কোটি ৮০ লাখ ৩১ হাজার টাকার অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকার পরিমাণ তিন লাখ ৮৭ হাজার টাকা। ব্যাংকে আছে ১৮ কোটি ৫২ লাখ টাকা। বন্ড ও শেয়ারে ২১ কোটি ৬১ লাখ ৬৯ হাজার, সঞ্চয়পত্রে ১২ লাখ ৭১ হাজার আছে তার।
এছাড়া তিনি তিন লাখ টাকার স্বর্ণে, তিন লাখ ৯৬ হাজার টাকার ইলেকট্রিক সামগ্রী এবং ৩৪ লাখ ২০ হাজার টাকার আসবাপত্রের মলিক। তার অন্যান্য অস্থাবর সম্পদের পরিমাণ ১২ কোটি আট লাখ ৮২ হাজার টাকা।
একাদশ সংসদ নির্বাচনে সাবের হোসেন হলফনামায় অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন ১৭ কোটি ২১ লাখ ৭৩ হাজার টাকার। তার স্ত্রীর নামে তখন ১৬ কোটি ১৫ লাখ ৯৪ হাজার টাকার অস্থাবর সম্পদ ছিল।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, সাবের হোসেনের স্থাবর সম্পদের মধ্যে অকৃষি জমি রয়েছে ৫ কোটি ১৭ লাখ ৭৩ হাজার টাকার। আর স্ত্রীর নামে এক কোটি ৫৬ লাখ ৫৩ হাজার টাকার অকৃষি জমি রয়েছে।
পাঁচ বছর আগের হলফনামায় চার কোটি ২১ লাখ ৩৫ হাজার টাকার অকৃষি জমি এবং স্ত্রীর নামে দুই কোটি ৯২ লাখ ৯৯ হাজার টাকার অকৃষি জমির তথ্য দিয়েছিলেন তিনি।
একাদশ সংসদ নির্বাচনের সময়ে সাবের হোসেনের দায় ছিল ১৬ কোটি ১৬ লাখ টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তার দায় বেড়ে ২২ কোটি ৭২ লাখ টাকায় দাঁড়িয়েছে।
