এবারের আন্দোলন ‘শেষ লড়াই’: ফখরুল
“প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সর্তকতার সাথে নিতে হবে যেন কোনো মতে তারা সুযোগ না পায় আমাদেরকে ভেঙে দিতে, গুঁড়িয়ে দিতে,” বলেন তিনি।
সরকার ‘হটানোর’ এবারের আন্দোলনই ‘শেষ লড়াই’ মন্তব্য করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘‘আজকে আমাদের এবার হচ্ছে শেষ লড়াই। এবার আমাদের জীবনমরণ লড়াই করতে হবে। এবার সেই জাগপার (জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা) কথায় বলতে চাই, হয় জীবন না হয় মরণ।
‘‘আসুন আমরা সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে একটা দুর্বার গণআন্দোলন গড়ে তুলি যা ওই উত্তাল সমুদ্রে যে সুনামি হয় সেই সুনামির মত এই সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে। দেশনেত্রীকে মুক্ত করব, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।”
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত ‘সংকটময় মুহূর্তে’ উদযাপনের কথা জানিয়ে ফখরুল বলেন, “আমাদেরকে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সর্তকতার সাথে নিতে হবে যেন কোনো মতে তারা সুযোগ না পায় আমাদেরকে ভেঙে দিতে, গুঁড়িয়ে দিতে।”
বিএনপির সাম্প্রতিক কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রসঙ্গ টেনে পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা বলতে চাই, আপনাদেরকে আমরা কখনও প্রতিপক্ষ বানাতে চাই না। আপনারা দয়া করে জনগণের প্রতিপক্ষ হবেন না।“
বিএনপি বরাবরই ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘অনেক চড়াই উৎরাই পার হতে হয়েছে। বারবার আঘাত এসেছে বিএনপিকে ধ্বংস করবার জন্য, বারবার বিএনপিকে শেষ করে দেওয়ার কাজ হয়েছে। কিন্তু বিএনপিকে কখনও দমিয়ে রাখা সম্ভব হয়নি; বিএনপি প্রতিবারই ধ্বংসস্তুপের মধ্যে ফিনিক্স পাখির মত জেগে উঠেছে এবং এদেশের মানুষকে সামনে নিয়ে আবারও তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেছে বারবার।”
‘‘আজকে আবার ওই গ্রামের আইলের মধ্যে, সেই ধানের ক্ষেতের মধ্যে, গ্রামে গঞ্জে বিএনপি জেগে উঠতে শুরু করেছে। ধানের গুচ্ছে আবার রক্ত জমেছে। সেই রক্তকে অবশ্যই আমাদের ছড়িয়ে দিতে হবে সারা দেশে,” নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘‘যখন বিএনপি আন্দোলন শুরু করেছে মানুষের সমস্যাগুলো নিয়ে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, চাল-ডাল-তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তখন তারা সেই আগের মত গুলি করে হত্যা করছে আমাদের সহযোদ্ধাদের-সহকর্মীদের।”
নারায়ণগঞ্জের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “কি লজ্জ্বার কি ধিক্কার যে, কালকে একজন এসপি বলছে যে, শাওন যুব দলের কর্মী নয়। আমি আজ সকালে গিয়েছিলাম নারায়ণগঞ্জে। আমাদের দলের প্রত্যেক নেতাকর্মী, যুব দলের সব নেতাকর্মী, শাওনের পরিবার, মা, তার আত্বীয়-স্বজন তারা সবাই বলেছে, অবশ্যই শাওন যুব দল করত। সে গতকাল মিছিলের অগ্রভাগে ছিল। সেই ছবি গণমাধ্যমে ছাপা হয়েছে।“
‘শাওনের ভাইকে দিয়ে জোর করে মামলা’
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘‘ওরা (পুলিশ) কত নোংরা হতে পারে। কী করেছে জানেন। গতকাল রাতে শাওনের মৃতদেহ তার আত্বীয় স্বজনকে দেয়নি, আমাদের দলের নেতাকর্মীদের দেয়নি। শাওনের লাশ তারা গোপনে পুলিশ পাহারায় নিয়ে গিয়ে দাফন করেছে।
‘‘শুধু তাই নয়, শাওনের ইমিডিয়েট বড় ভাই তাকে দিয়ে জোর করে বন্দুকের ভয় দেখিয়ে তারা একটা মিথ্যা মামলা দায়ের করেছে। আমি হুঁশিয়ার করতে চাই, যারা এই ধরনের মিথ্যা মামলা করাবেন, যারা এভাবে গুলি করে আমাদের নেতাকর্মীদের হত্যা করবেন, গণতন্ত্রের নেতাকর্মীদেরকে হত্যা করবেন তাদের প্রত্যেকের সমস্ত হিসাব কড়ায় গণ্ডায় নেওয়া হবে।”
ভোলার প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘‘ভোলায় নুরে আলম ও আব্দুর রহিমের হত্যা মামলা করেছি, আমরা অবশ্যই শাওনের হত্যা মামলা করব। আপনারা যারা জেলায় জেলায় আমাদের কর্মীদেরকে আহত করছেন তার প্রত্যেকটির হিসাব নেওয়া হবে।”
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘রাজপথে’ থাকার আহ্বান তুলে ধরে বলেন, ‘‘রাজপথে আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আসুন এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ নেই।”
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “এই কর্মীরা ভয় পাওয়ার কর্মী নয়। এরা ভয় পেতে পেতে এই জায়গায় এসেছে। আর কত ভয় দেখাবেন।“
বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সঞ্চালনায় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিনের আহ্বায়ক আবদুস সালাম, যুব দলের সুলতান সালাহ উদ্দিন টুকু, মহিলা দলের আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, শ্রমিক দলের আনোয়ার হোসাইন ও কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন।
মহানগর নাট্যমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার আগে দেশের বর্তমান পরিস্থিতি ওপর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আয়োজনে ‘হরিলুটের রাজা’ শীর্ষক পথ নাটক মঞ্চস্থ হয়।
