সমাবেশের জন্য যুবলীগও খুঁজছে বিকল্প স্থান
বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক না পাওয়ায় মহানগর নাট্যমঞ্চে যেতে চাইছে যুবলীগ।
বিএনপির মতো আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও তাদের চাওয়া স্থানে সমাবেশ করতে পুলিশের অনুমতি এখনও পায়নি।
এজন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল।
ঢাকায় বিএনপির সমাবেশের দিন বৃহস্পতিবার যুবলীগও সমাবেশের ঘোষণা দিয়েছিল। পরে তার সঙ্গে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগও যুক্ত হয়।
ক্ষমতাসীন দলের এই তিন সহযোগী সংগঠন ঠিক করে, তারা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে ‘শান্তি সমাবেশ’ করবে। অন্যদিকে বিএনপি তাদের সমাবেশের জন্য নয়া পল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান চায়।
তবে বুধবার দুপুর পর্যন্ত বিএনপি কিংবা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো, কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানান ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।
বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেয় পুলিশ।
অন্যদিকে বায়তুল মোকারমের দক্ষিণ ফটক না পেয়ে গুলিস্থানের মহানগর নাট্যমঞ্চে (কাজী বশির মিলনায়তন) সমাবেশ করতে চাইছে যুবলীগ।
সংগঠনটির সাধারণ সম্পাদক নিখিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে আমাদের মৌখিক অনুমোদন দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আমরা প্রস্তুতিও নিয়েছিলাম।
“এখন পর্যন্ত অনুমতি পাইনি। এখানে অনুমতি না পেলে আমরা মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছি।"
এদিকে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি কোথায় সমাবেশ করব। বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে সমাবেশ করার অনুমতি এখনও মেলেনি।”
