২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রুটিন চেকআপ’ করাতে হাসপাতালে খালেদা জিয়া

“মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডাম তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এসেছেন”, বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

‘রুটিন চেকআপ’ করাতে হাসপাতালে খালেদা জিয়া

হাসপাতালে যাওয়ার আগে গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2023, 05:10 PM

Updated : 27 Feb 2023, 05:10 PM

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার ব্যক্তিগত চিকিৎসক বলেছেন, নতুন কোনো অসুস্থতা বা স্বাস্থ্যের অবনতি নয়, বিএনপি নেত্রীর হাসপাতালে যাওয়ার কারণ ‘রুটিন চেকআপ’।

সোমবার বিকাল ৪টা ৫০ মিনিটে খালেদা জিয়ার গাড়ি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। তার আগে সোয়া সোয়া ৪টায় তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বের হলে বিএনপি নেতা-কর্মীরা তার গাড়ি ঘিরে স্লোগান দিয়ে কিছু দূর এগিয়ে দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডাম তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এসেছেন।”

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং পরে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ড হওয়ার দুই বছর পর ‘সাময়িক মুক্তি’ পান। এই সাময়িক মুক্তির মেয়াদ ছিল ছয় মাস। পরে ষষ্ঠবারের মতো বাড়ানো হয় মেয়াদ। আগামী ২৫ মার্চ শেষ হচ্ছে তা।

এই তিন বছরে বিএনপি নেত্রীকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ২০২১ সালের ১৩ নভেম্বর ভর্তি হওয়ার পর টানা ৮১ দিন তিনি সেখানে থাকেন। বাসায় ফেরেন ১ ফেব্রুয়ারি।

সাময়িক মুক্তির শর্তের মধ্যে একটি ছিল বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাবেন না। তবে এই তিন মাসে বিএনপি তাকে বিদেশে যেতে দেয়ার দাবিতে রাজপথে কর্মসূচিও পালন করেছে। তবে সরকার অনুমতি দেয়নি।

গত বছরের ১১ জুন বিএনপি নেত্রীকে আবার এভারকেয়ার হাসপাতাল নেওয়া হয়। তখন তার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি স্টেন্ট বসানো হয়।

৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদপিণ্ডের জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন।

২০২১ সালের এপ্রিলে গুলশানের বাসা ‘ফিরোজায়’ কোভিডে আক্রান্ত হওয়ার পর অসুস্থতা নিয়ে তাকে ৬ বার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

গত বছরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।