২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুম: জাতিসংঘের তালিকা নিয়ে প্রশ্ন জয়ের

“জাতিসংঘের একটি গ্রুপ কীভাবে এত বড় ভুল করতে পারে?”

গুম: জাতিসংঘের তালিকা নিয়ে প্রশ্ন জয়ের

সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2022, 12:43 AM

Updated : 23 Sep 2022, 12:43 AM

জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে ‘গুমের শিকার’ যে ৭৬ জনের তালিকা করেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার এক ফেইসবুক পোস্টে তিনি বলেছেন, “প্রশ্ন হল- জাতিসংঘের একটি গ্রুপ কীভাবে এত বড় ভুল করতে পারে? উত্তরটি সহজ- তারা শুধুমাত্র স্থানীয় বাংলাদেশ-ভিত্তিক এনজিওদের দ্বারা সরবরাহকৃত গুমের ঘটনাবলীকে তথ্য যাচাই না করেই প্রকাশ করেছে।”

গত বছর প্রকাশিত ওই তালিকা ধরে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা লিখেছেন, “এই তালিকা প্রশ্নবিদ্ধ করছে আন্তর্জাতিক সংস্থাটির গ্রহণযোগ্যতাকে। তালিকায় থাকা ৭৬ জনের মধ্যে অনেকে বাংলাদেশে বসবাস করছে যার প্রমাণ মিলেছে। সেখানে দু’জন ভারতীয় নাগরিকের নাম আছে।

“আবার অনেক তালিকাভুক্ত পলাতক আসামির নাম রয়েছে এখানে। যার কারণে যেই এনজিওগুলোর ওপর নির্ভর করে জাতিসংঘের প্রতিবেদন তৈরি হয়েছে, সেই এনজিওসহ প্রশ্ন উঠছে খোদ জাতিসংঘের তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে।”

তালিকার দুইজন ভারতীয়ের বিষয় জয় বলেন, “তালিকায় ২ জন ভারতের মনিপুর রাজ্যের বিচ্ছিন্নতাবাদী, নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট-ইউএনএলফ এর শীর্ষ নেতা। একজন সংগঠনটির চেয়ারম্যান, অপরজন মেজর পদমর্যাদার। তারা হলেন- সানায়াইমা রাজকুমার ওরফে মেঘান ও কেইথেল্লাকপাম নবচন্দ্র ওরফে শিলহেইবা।”