২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াই দেশে গুম-খুন শুরু করেছিলেন: মন্ত্রী মোজাম্মেল

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জিয়ার মরণোত্তর বিচার ‘জরুরি ও বাঞ্ছনীয়’।

জিয়াই দেশে গুম-খুন শুরু করেছিলেন: মন্ত্রী মোজাম্মেল

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 12:26 AM

Updated : 31 Aug 2022, 12:26 AM

মুক্তিযোদ্ধা সামরিক সদস্যদের প্রহসনের বিচারের মাধ্যমে ১৯৭৭ সালে জেনারেল জিয়াউর রহমানই দেশে গুম-খুন শুরু করেছিলেন দাবি করে তার মরণোত্তর বিচার চেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘১৯৭৭ সালে খুনি জিয়ার সামরিক ষড়যন্ত্রের শিকার আমরা’ শীর্ষক ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

মোজাম্মেল হক বলেন, “১৯৭৭ সালের ২ অক্টোবর প্রহসনের বিচারের নামে এগারশ’ জনের বেশি সেনা ও বিমান বাহিনীর সদস্যকে হত্যা করেছে জিয়াউর রহমান। আরও কয়েক হাজার সদস্যকে গুম করা হয়েছে। তারা প্রায় সকলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

“প্রহসনের বিচারে কৌশলে তাদের খুন ও গুম করেছে জিয়া। কমিশন গঠন করে প্রকৃত সত্য উদঘাটন করা উচিৎ। আইনের দায়িত্ব অপরাধীকে চিহ্নিত করে বিচার করা। আইনের শাসনের স্বার্থে প্রকৃত ঘটনা জনগণের জানার অধিকার রয়েছে।”

বঙ্গবন্ধু হত্যায় জিয়ার ‘প্রত্যক্ষ’ সম্পৃক্ততা রয়েছে দাবি করে মন্ত্রী বলেন, “জিয়া ছিলেন বর্ণচোরা মুক্তিযোদ্ধা। ওয়ার কাউন্সিল গঠন করে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগঠিত মুক্তিযুদ্ধকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিলেন। গণদাবিতে অনেক কিছুই হয়েছে, জিয়ার মরণোত্তর বিচার জরুরি ও বাঞ্ছনীয়।

“১৫ অগাস্টের যারা আত্মস্বীকৃত খুনি তাদেরকে জিয়া পুনর্বাসন করেছেন। যারা মুক্তিযোদ্ধাদের বিরোধিতাকারী তাদেরকে মন্ত্রী বানিয়েছেন। ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।”

অনুষ্ঠানে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্টে নারকীয় ঘটনার মাধ্যমে হত্যা শুরু হয়। ১৯৭৭ সালেও এমনটাই করেছে বিচারের নামে। দেড় হাজার মুক্তিযোদ্ধাকে ফাঁসি দেওয়া হয়েছিল। বিচারের কোনো প্রক্রিয়াই মানা হয়নি। তাদের লাশ কোথায় আছে সেটা আজও অনেকেই জানেন না।

অবসরপ্রাপ্ত এই বিচারক বলেন, “বিচারের বৈধতা চ্যালেঞ্জে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নির্দেশ দিতে পারেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাতির সামনে উপস্থাপন করা উচিত।”

১৫ আগস্টের ঘটনা তদন্ত করা, জাতীয় চার নেতা হত্যা ও ১৯৭৭ সালের ২ অক্টোবরের ঘটনায় তদন্ত কমিশন গঠনেরও দাবি জানান তিনি।

আলোচনা সভা থেকে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের পাশাপাশি সংসদ ভবন এলাকা থেকে তার কবর অপসারণ এবং সামরিক ষড়যন্ত্রে ফাঁসি, কারাদণ্ড এবং চাকরিচ্যুত হয়েছে এমন সেনাদের নামের তালিকা প্রকাশ, ফাঁসি হয়েছে এমন সেনাদের শহীদ ঘোষণা করা এবং কবরস্থানে তাদের নামসহ স্মৃতিফলক নির্মাণ, তাদের পোষ্যদের সরকারি চাকরিতে সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানানো হয়।

আলোচনায় হেলাল মোর্শেদ বীর বীক্রম, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খন্দকার বজলুল হকসহ ১৯৭৭ সালে গণফাঁসি ও গণগুমের শিকার সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সন্তানদের অনেকে উপস্থিত ছিলেন।