২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল-আব্বাসের মুক্তি দাবি গণতন্ত্র মঞ্চের

দেশের পরিস্থিতি ‘গৃহযুদ্ধের’ দিকে যাচ্ছে বলে মঞ্চের নেতারা মনে করছেন।

ফখরুল-আব্বাসের মুক্তি দাবি গণতন্ত্র মঞ্চের

ঢাকার তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করে সাত দলের নতুন জোট গণতন্ত্র মঞ্চ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2022, 09:35 PM

Updated : 09 Dec 2022, 09:35 PM

বিএনপির সমাবেশ ঘিরে সরকারের দমনপীড়ন করছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মুক্তি দাবি করেছে সাত দলের নতুন জোট গণতন্ত্র মঞ্চ।

শুক্রবার দুপুরে ঢাকার তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, “বিএনপি অফিসের সামনে পুলিশ যেভাবে ঘটনা ঘটিয়ে নেতাকর্মীদের আটক করেছে, একটি দলীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে। গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে বাসা থেকে তু্লে নিয়ে গেছে।

“আমরা গণতন্ত্র মঞ্চ জনগণকে এই সরকারের দমনপীড়ন-অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি; মির্জা ফখরুল ইসলাম আালমগীর ও মির্জা আব্বাসসহ বিএনপির সকল নেতা-কর্মীর অবিলম্বে মুক্তি দাবি করছি।”

বিএনপির নেতাকর্মীদের দমনপীড়ন ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের অভিযোগ, “একটা জিঘাংসার বিস্তার ঘটাচ্ছে সরকার। তার অর্থ একটা গৃহযুদ্ধ।

“সরকারকে বলছি, পাড়ায়-মহল্লায় পেটুয়াবাহিনী সরিয়ে নিন। এভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। প্রয়োজনে আমি রক্ত দেবো, এদেশের মানুষকে বাঁচাবো।”

সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীকে বলি, আপনি ভুল পথে চলছেন। এক ঢাকা শহরে ৩৩ হাজার পুলিশ ও আনসার বাহিনী এনেছেন। কালাচাঁদপুর থেকে শুরু করে মিরপুর কালশি পর্যন্ত প্রত্যেকটি স্কুলের মাঠে আনসার-পুলিশ অবস্থান নিয়েছে।

“এভাবে দেশ চলতে পারে না। এই পথ থেকে সঠিক পথ না। আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না।”

সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের রাশেদ খান, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন।