২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে কথা বলে ‘কাজ হয় না’, আক্ষেপ জাপা চেয়ারম্যানের

ভ্যাট-ট্যাক্স না নিলে এবং জ্বালানি তেলের অর্জিত মুনাফা সমন্বয় করলেই জ্বালানি তেলের দাম বাড়াতে হত না বলে মনে করেন জি এম কাদের।

সংসদে কথা বলে ‘কাজ হয় না’, আক্ষেপ জাপা চেয়ারম্যানের

বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষ্যে বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2022, 09:48 PM

Updated : 11 Aug 2022, 09:48 PM

সংসদে জাতীয় পার্টির পরামর্শ ‘কথার কথা’ হয়ে গেছে বলে আক্ষেপ করেছেন আইনসভায় প্রধান বিরোধী দলের চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পার্টির কার্যালয়ে এক অনুষ্ঠানে বিরোধী দলীয় উপনেতা বলেন, “সংসদে আমরা কথা বললে কাজ হয় না। আমাদের পরামর্শ ‘কথার কথা’ হয়ে গেছে। উন্নয়ন কর্মকাণ্ড ঋণ নির্ভর হয়ে পড়েছে।”

জিএম কাদের বলেন, “লোডশেডিং কেন? উৎসব করা হল, আমরা নাকি বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ? আমরা যখন বলেছি দেশ শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে যাচ্ছে, তখন সরকারি দলের পক্ষ থেকে বলা হল- আমি নাকি অশিক্ষিত। তাহলে এখন লোডশেডিং কেন?

“সারা দিন বিশ্ব ব্যাংক, আইএমএফ এবং এডিবিকে গালাগাল করে এখন কেন ঋণের জন্য তাদের পিছনে ধর্না দিতে হচ্ছে? কেন এই অর্থনৈতিক সংকট সৃষ্টি হল? বিদ্যুৎ উৎপাদন না করেই কুইক রেন্টাল, রেন্টাল এবং ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে।”

বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলছিলেন জি এম কাদের।

দেশ পরিচালনায় সরকার ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “তেলের দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে। তেলের দাম না বাড়ালেও পারত সরকার। ভ্যাট-ট্যাক্স না নিলে এবং জ্বালানি তেলের অর্জিত মুনাফা সমন্বয় করলেই জ্বালানি তেলের দাম বাড়াতে হত না।

“যে সরকার তেলের দাম বাড়িয়ে মুনাফা করে, কিন্তু মানুষের কষ্ট বোঝে না, সেই সরকার জনগণের সরকার না। গণবিরোধী সরকার মানুষের কষ্ট বোঝে না “

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “সরকার বিভিন্নভাবে মুনাফা করে, উন্নয়ন ও মেগা প্রকল্প বাস্তবায়নের নামে লুণ্ঠন করছে। সরকার মুনাফার টাকা ব্যাংকে রাখছে, নামে-বেনামে সেই টাকা ঋণ করে বিদেশে পাচার করছে একটি শ্রেণি।

“প্রজাতন্ত্রের নামে দেশে এক ব্যাক্তির শাসন তৈরি হয়েছে। গণতন্ত্রের নামে দেশে স্বৈরাশসন চলছে। উন্নয়নের নামে দেশে ঘুষ ও দুর্নীতির জোয়ার বইছে।”

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, “দেশে চিকিৎসা নেই বললেই চলে। হাসপাতালের মেঝেতে, বারান্দায়, সিড়িতে ও বাথরুমেও রোগীরা শুয়ে থাকে। কিন্তু সু-চিকিৎসা পায় না। আমরা পানির নিচ দিয়ে টানেল, ফ্লাইওভার ও মেগা প্রকল্প আর চাই না। আমরা চাই, প্রতিটি উপজেলায় বিশষায়িত হাসপাতাল, যেখানে স্বপ্লমূল্যে সাধারণ মানুষ সু-চিকিৎসা পায়।”

সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর সঙ্গে এ অনুষ্ঠানে জাতীয় পার্টিতে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী, সামছুল ইসলাম, আব্দুল হাকিম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আব্দুল হান্নান তালুকদার, মতিউর রহমান তালুকদার, ইউপি সদস্য আব্দুল হাদি, আব্দুল হাকিম।