আগুন নিয়ে ফখরুলের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’: হাছান মাহমুদ
“২০১৩-১৪ সালে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছেন মির্জা ফখরুল সাহেবরাই, দেশ ও মানুষের সম্পত্তিও তারাই পুড়িয়েছেন," অভিযোগ তার।
বঙ্গবাজারের আগুন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেছেন, “মির্জা ফখরুল সাহেব সকালে বক্তৃতা করে বলেছেন, তদন্ত হলে না কি বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সরকারের কারা কারা যুক্ত তা বেরিয়ে আসতে পারে। এরকম একটি দায়িত্বহীন, কাণ্ডজ্ঞানহীন কথা বিএনপির মতো দলের মহাসচিবের কাছে আশা করা যায় না।“
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুলের সন্দ্বীপ ভবনে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি) আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "বঙ্গবাজারে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী এটি সার্বক্ষণিক মনিটর করেছেন এবং ইতিমধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে এ ঘটনার সরেজমিনে তদন্ত, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নিরাপদ স্থায়ী কাঠামোর বিষয়ে যথাযথ নির্দেশনা দিয়েছেন। আমাদের দলের সদস্যরা বিপদাপন্নদের পাশে দাঁড়িয়েছে।"
বিএনপিই আগুন নিয়ে ‘খেলা করে’ অভিযোগ তুলে তথ্যমন্ত্রী বলেন, “২০১৩-১৪ সালে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছেন মির্জা ফখরুল সাহেবরাই, দেশ ও মানুষের সম্পত্তিও তারাই পুড়িয়েছেন।"
দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি যেসব বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলোর পেছনে নাশকতা আছে কি না তাও খতিয়ে দেখা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, "মির্জা ফখরুল সাহেব যেহেতু এ কথা বলেছেন, সেহেতু উনাকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাহলে তথ্য বেরিয়ে আসার ক্ষেত্রে সহায়তা হবে। তবে আমি অনুরোধ জানাব, একজন সিনিয়র রাজনীতিবিদ হয়ে এ ধরনের কথা না বলার জন্য।"
সমাজ ও রাষ্ট্রের বিকাশে সাংবাদিকতার ভূমিকা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, "ভালো কাজকে উৎসাহ দিতে সরকারের সাফল্য তুলে ধরা প্রয়োজন। পাশাপাশি ভুলকে আড়াল করে নয়, গঠনমূলক সমালোচনা করলেই সংশোধনের সুযোগ থাকে।"
সিজেএফডির সভাপতি মামুন আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা ও চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
