শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
জাতীয় শোক দিবসের সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং দলের জ্যেষ্ঠ নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং দলের জ্যেষ্ঠ নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবু-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া ১৪ দলের সমন্বয়ক আমির হেসেন আমুর নেতৃত্বে শ্রদ্ধা জানান জোট নেতারা। শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নেতারাও।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মৎসজীবী লীগসহ নানা অঙ্গ সংগঠন।
শ্রদ্ধা জানানোর পর ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, "বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্র করছে, স্বাধীনতার বিরুদ্ধে আঘাত হানতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থেকে মোকাবিলা করতে হবে।“
স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অভিন্ন শত্রু বর্ণনা করে তিনি বলেন, “বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে বাংলাদেশ এতদিনে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হত।“
