বিএনপি লাশের রাজনীতি করে না: নজরুল ইসলাম
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আবারও তুলে ধরেন তিনি।
বিএনপি লাশের রাজনীতি করে না মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তার দল জনগণের সুবিধা আদায়ে রাজনীতি করে।
রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক দুই দলের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার দাবি পুনর্ব্যক্ত করেন।
তার অভিযোগ, “লাশ যদি আন্দোলনের হাতিয়ার হয় তাহলে বিএনপির প্রায় হাজার খানেক মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। হাজার মানুষকে গুম করা হয়েছে। সাম্প্রতিক এই আন্দোলনে গত কয়েক মাসে আমাদের পাঁচজন সহকর্মীকে হত্যা করা হয়েছে। লাশের কি অভাব আছে?
“কিন্তু আমরা লাশ নিয়ে রাজনীতি করি না। বরঞ্চ জনগণের দাবি আদায়ের জন্য লাশ হওয়ার প্রস্তুতি নিয়ে আমরা আন্দোলন করি।”
শনিবার বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “এখন তাদের (বিএনপির) উদ্দেশ্য হল একটা ঘটনা ঘটানো। তাদের (বিএনপির) উদ্দেশ্যে হল তারা লাশ ফেলতে চায়। লাশ ফেলে আন্দোলন জমাতে চায়।”
‘তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বিএনপিকে ভুলে যেতে হবে’- ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম বলেন, “আমরা ভুলে গেলে উনাদের সুবিধা হয়। কিন্তু তাদের মনে রাখা উচিত যে, তাদের সুবিধার জন্য আমরা রাজনীতি করি না। আমরা বাংলাদেশের জনগণের সুবিধার জন্য রাজনীতি করি।
“আর বাংলাদেশের মানুষের সুবিধা হবে, দেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে।”
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এদিন বিকাল ৪টায় ন্যাপ ভাসানী এবং বিকাল ৫টায় পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে নজরুল ইসলাম খানও ছিলেন।
এ সংলাপে আজহারুল ইসলাম ন্যাপ-ভাসানী ও গরীবে নেওয়াজ পিপলস লীগ নিজ নিজ দলের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সভায় অংশ নেওয়া ন্যাপ ভাসানীর অন্যরা হলেন- আকমন হোসেন, নুরুল আমিন, মহসিন তফাদার, আজিজুল হক, ছাইফুল ইসলাম, লুতফর রহমান, শাহীন আলম, মো. সাকীব ও মো. আল আমীন।
পিপলস লীগের সদস্যরা হলেন- সৈয়দ মাহবুব হোসেন, দুলাল হোসেন, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহিন হোসেন, খন্দকার সুমন ও তামিম হোসেন।
