২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশ: ৩ উৎস থেকে টাকা আসার কথা বললেন তথ্যমন্ত্রী

বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে ‘রাশিয়ার সিরিয়াল’ চালানোর প্রস্তাব দিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত বলে জানান হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 08:33 PM

Updated : 02 Nov 2022, 08:33 PM

বিভাগে বিভাগে সমাবেশ করতে বিএনপি চাঁদাবাজির একটি বড় প্রকল্প নিয়েছে অভিযোগ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কালো টাকার মালিক ও ব্যবসায়ীদের পাশাপাশি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা নিয়েছে দলটি।

বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় রাশিয়া রাষ্ট্রদূত আলেকজান্দার ভেকিয়েনসেভিচ মান্তেস্কির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদেরকে এক প্রশ্নে এসব কথা বলেন।

বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে অর্থায়নের উৎস বিষয়ক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, “আমি তো আগেও বলেছি, বিএনপি এই বিভাগীয় সমাবেশের নামে চাঁদাবাজির একটা বড় প্রকল্প নিয়েছে।

“তারা সমস্ত কালো টাকার মালিকদের কাছ থেকে টাকা কালেকশন করছে, ব্যবসায়ীদেরকে বাধ্য করছে টাকা দেওয়ার জন্য এবং আমি শুনতে পেরেছি যে, বিদেশি একটি বিশেষ গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও তাদেরকে অর্থায়ন করা হচ্ছে।“

ওই সংস্থার বিষয়ে তিনি বলেন, “যে গোয়েন্দা সংস্থার কাছ থেকে খালেদা জিয়া টাকা নিয়েছিলেন, সেই গোয়েন্দা সংস্থার প্রধান সে দেশের আদালতে সাক্ষ্য দিতে গিয়ে সেই কথা বলেছিলেন। সেই সংস্থার কাছ থেকে তারা এবারও অর্থ পেয়েছে বলে আমি শুনতে পেয়েছি।”

এদিন রাশিয়ার রাষ্ট্রদূত মান্তেস্কি সৌজন্য সাক্ষাতে এলে তার সঙ্গে দ্বিপক্ষীয়  বিভিন্ন বিষয়ে আলোচনার কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, “আমি রাষ্ট্রদূতকে বলেছি, রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধু। মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার যে ভূমিকা, এমনকি মুক্তিযুদ্ধের পরেও রাশিয়া আমাদের দেশ গঠনে যে ভূমিকা রেখেছে, সেটি আমি স্মরণ করেছি, তাকে ধন্যবাদ জানিয়েছি। একইসাথে যুদ্ধ সম্পর্কে আমাদের দেশের যে অবস্থান সেটিও তার সাথে আলোচনা করেছি।“

যুদ্ধ ও নিষেধাজ্ঞা কখনও মঙ্গলজনক নয়- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের এমন অবস্থান রাষ্ট্রদূতকে অবহিত করার কথা জানিয়ে তিনি বলেন, “আমি তাকে বলেছি যে, যুদ্ধ তাড়াতাড়ি শেষ হলে সবার জন্যই মঙ্গলকর; জিজ্ঞেস করেছি যে, যুদ্ধ কখন শেষ হবে। তিনি বলেছেন, আশা করি খুব সহসা যুদ্ধ সমাপ্ত হবে। তিনি আশার কথা বলেছেন।”

তথ্যমন্ত্রী বলেন, “এ ছাড়া ২০১৭ সালে বাংলাদেশ সংবাদ সংস্থা ও রাশিয়ার ইতারতাসের মধ্যে সংবাদ আদান প্রদানের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেটিকে চুক্তিতে রূপান্তরের জন্য তিনি প্রস্তাব রেখেছেন। রাশিয়ার অপর সংবাদ সংস্থা স্পুৎনিকের সাথেও আমাদের বাসসের সংবাদ আদান প্রদানের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি আমাদের দেশের টিভি চ্যানেলগুলোতে অনেক দেশের সিরিয়াল চলে, সেখানে রাশিয়ার সিরিয়ালও বিবেচনায় নেওয়ার প্রস্তাব দেন।

“আমি বলেছি আপনারা প্রাইভেট টেলিভিশন চ্যানেলে প্রস্তাব রাখতে পারেন, তারা যদি আগ্রহী হয়, তাহলে সেটা হতে পারে। একটি টিভি চ্যানেলে একসাথে একটি সিরিয়ালই প্রচার করা যায়। কথা হয়েছে সাংস্কৃতিক যোগাযোগ ও বিনিময় বৃদ্ধি নিয়েও।”

ভারত সফর শেষে বুধবার সকালে ফিরে অফিসে আসেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

এ সফর সম্পর্কে তিনি বলেন, “কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে গিয়ে অবাক হয়েছি, প্রায় এক কিলোমিটার লম্বা লাইন পড়েছে ‘হাওয়া’ সিনেমা দেখার জন্য। হাওয়ার শো ছিল দুপুর দেড়টায়, সকাল ছয়টা থেকে লাইন দিয়েছে। পরের দিন শো’তে দুই হল মিলে আসন সংখ্যা ছিল নয়শ’ আর মানুষ গেছে প্রায় তিন হাজার।

“সেখানকার দাবির প্রেক্ষিতে শো বাড়াতে হয়েছে। বাংলাদেশের ছবি দেখার জন্য কলকাতায় মানুষের যে উন্মাদনা, সেই উন্মাদনা দিল্লিতেও হয়েছে।“

দিল্লিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অনেক বাঙালি সাংবাদিক দিল্লিতে কয়েকটি বাংলাদেশি সিনেমা দেখানোর অনুরোধ জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বে সংবাদ মাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, “দু’দেশের মানুষের সৌহার্দ্যের ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের একটা বিরাট ভূমিকা রয়েছে। কোনো ধরনের গুজব, ভুল বা অসত্য তথ্য যদি সংবাদ আকারে পরিবেশিত হয়ে দু’দেশের মানুষের মধ্যে উত্তেজনা তৈরি বা আন্তরিকতা নষ্ট করার চেষ্টা করে, এ ক্ষেত্রে জনগণকে সতর্ক থাকতে সাংবাদিকরা ভূমিকা রাখতে পারে।”