২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির জেগে ওঠাতেই সরকারের ‘ভয়’: ফখরুল

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেছেন, জেগে উঠতে হবে, এর ‘বিকল্প নেই’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 06:43 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

‘নির্যাতন-নিপীড়নে’ বিএনপিকে দমানো যাবে না মন্তব্য্য করে বিএনপি মহামসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের ‘জেগে’ ওঠাটাই সরকারের ‘ভীতির’ কারণ।

তিনি বলেছেন, “এত নির্যাতন, এত নিপীড়ন, এত হত্যা, এত গুম-খুনের পরেও বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না। বিএনপি সেই ফিনিক্স পাখির মত আবার ওই ধ্বংসাবশেষ থেকে জেগে উঠছে- এটাই হচ্ছে সবচেয়ে তাদের রাগের বড় কারণ, ভয়ের কারণ।”

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলছিলেন মির্জা ফখরুল।

ভবিষতে ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠার প্রত্যাশা রেখে তিনি বলেন, “আমরা যারা দেশে আছি, আমরাও তারেক রহমান সাহেবের নির্দেশে কিন্তু এখন জেগে উঠছি। জেগে উঠতে হবে- বিকল্প নেই আমাদের কাছে। এই জেগে ওঠার মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই দানবকে উপড়ে ফেলে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই।”

সেই লক্ষ্যে দলীয় আন্দোলনের প্রসঙ্গ ধরে ফখরুল বলেন, “গতকাল (সোমবার) থেকে আমাদের আবার নতুন করে গ্রাম পর্যায়ে আন্দোলন শুরু হয়েছে এবং সেটা হচ্ছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে। গোটা দেশের মানুষ দেখছে যে, মানুষ কিভাবে মানুষ রাস্তায় বেরিয়ে আসছে…।

“দেশনেত্রীকে বেগম খালেদা জিয়াকে তারা (সরকার) বাইরে চিকিৎসা করতে দিতে চায় না। বিরোধিতা করে। কেন? যদি তিনি বেরিয়ে আসেন, তাহলে তারা সামাল দিতে পারবে না। তারেক রহমান সাহেব যদি দেশে আসেন তাহলে এখানে লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় বেরিয়ে আসবে- এই ভয়েই তারা সেটা করতে চায় না।”

‘গুম-খুন-নির্যাতনের’ শিকার পরিবারগুলোর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “এই কথা আমরা দিতে পারি যে, আমরা যদি এই সরকারকে পরিবর্তন করে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি… যারা শহীদ হয়েছেন, তাদের সকলের পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।”

“যারা ভুক্তভোগী হয়েছেন, ভিকটিম হয়েছেন, তাদেরকে অবশ্যই তাদের সকল প্রকার রাষ্ট্রের সিষ্টেমের মধ্য দিয়ে ব্যবস্থা করা হবে। আমরা এতটুকু বলতে পারি, আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্য দিয়ে চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য।”

জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে ‘গুম-খুন-ক্রসফায়ারে’ হতাহত নেতা-কর্মীদের পরিবারকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেকে রহমানের পক্ষ থেকে আর্থিসহ সহায়তা দেওয়া হয় এ অনুষ্ঠানে।

ভোলা, ফেনী, নেত্রকোণা, চট্টগ্রামের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১৪ জন নেতা-কর্মীর পরিবারকে এককালীন ও শিক্ষাবৃত্তির আর্থিক সহায়তা দেওয়া হয় এ সময়।

গত ৯ বছরে সারাদেশে ৩২৭টি পরিবারকে এবাবে সহায়তা দেওয়া হয়েছে বলে বিএনপি সমর্থক এ সংগঠনের ভাষ্য।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “এরা বড়াই করছে যে সিঙ্গাপুর বানিয়ে দিয়েছে, মালয়েশিয়া বানিয়ে দিয়েছে। মানুষের পার ক্যাপিটা ইনকাম নাকি ২৮ শ টাকা হয়ে গেছে। আর এদিকে চা শ্রমিকেরা ১২০ টাকা প্রতিদিন পায়। তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে।

“ওই দিকে ৪২ শতাংশ মানুষের জীবন দারিদ্র সীমার নিচে চলে গেছে, দুই বেলা খেতে পায় না। কিছুক্ষণ আগে মোবাইলে দেখলাম একজন চা শ্রমিকের নেতা বক্তৃতায় তাদের খাবারের হিসাব দিচ্ছেন। সকালে একটা রুটি চা দিয়ে ডুবিয়ে, দুপুরে রুটি এবং রাত্রে একটু ভাত আর ডাল অথবা একটু সবজি।... আপনারা জনগণের পকেট করে নিজেদের পকেট ভারী করেছেন… সবাই দেখছে প্রতিমিুহূর্তে।”

জাতীয়তাবাদী হেল্প সেলের সদস্য যুব দলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন হেল্প সেলের সদস্য মামুন খান, ফয়সাল আহমেদ ও নাসির উদ্দিন শাওন। স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পারভেজ রেজা কাকন, হেল্প সেলের সুমন আহসান, ওবায়দুর রহমান, কাজী এমদাদুল ইসলাম, শরীফুল ইসলাম রাসেল, এমদাদুল হক লিমন বক্তব্য দেন।

গত ১ অগাস্ট ভোলায় পুলিশের ‘গুলিতে’ নিহত স্বেচ্ছাসেবক দলের আবদুল রহিমের স্ত্রী খাদিজা বেগম, ছাত্রদলের নূরে আলমের বড় ভাই আবুল কাশেম, ছাত্রদলের লিখন, সানাউল্লাহ, সুমন এবং নেত্রকোণায় পঙ্গু মঞ্জুরুল আলম তাদের ওপর ‘নিপীড়ন-নির্যাতনের’ কথা তুলে ধরেন অনুষ্ঠানে।

সব ধরনের সহযোগিতা নিয়ে বিএনপি নূরে আলম ও আব্দুর রহিমের পরিবারের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল।