ইউরেনিয়াম সম্পর্কে আপনার কোনও জ্ঞান আছে? কাদেরকে আব্বাস
“রাজনীতি করেন, রাজনৈতিক কাজকর্ম করেন, রাজনৈতিক ভাষায় কথা বলেন। শিষ্ঠাচারের সাথে কথা বলতে শেখেন,” বলেন তিনি।
বিএনপি নেতাদের মাথায় ‘ইউরেনিয়াম ঢেলে দেওয়ার বিষয়ে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে ব্ক্তব্য দিয়েছেন, সেটিকে ‘পাগলের প্রলাপ’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, “আমি কাদের (ওবায়দুল কাদের) সাহেবকে প্রশ্ন করতে চাই- এই ভাই, ইউরোনিয়াম কত প্রকার ও কী কী আপনি জানেন? এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে?
“অজ্ঞান ব্যক্তির অজ্ঞান কথা, একজন অজ্ঞান ব্যক্তির অজ্ঞান কথা, একজন উন্মাদ ব্যক্তির পাগলের প্রলাপ।”
১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকার পুরানা পল্টনে পুলিশের গুলিতে নিহত নাজির উদ্দিন জেহাদ স্মরণে মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনায় বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা।
কাদেরকে উদ্দেশ করে আব্বাস বলেন, “এখন যদি আমি বলি যে, ইউরেনিয়াম এটার যে পার্শ্ব প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ায় একজন মানুষ মারা যেতে পারে। তাহলে কি আপনি হুমকির আসামি হলেন না?
“মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসকে হত্যার হুমকি দিয়েছেন আপনি। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমাদের এই কয়েকজন স্থায়ী কমিটির সদস্যকে হত্যার হুমকি দিয়েছেন।
“জাতির আদালতে বিচারের জন্য রেখে গেলাম, আইনের আদালতে ইনশাল্লাহ ব্যবস্থা নেব। এবার আর ছাড় দেব না।”
ইউরেনিয়াম নিয়ে রাজনৈতিক বাহাস
বৃহস্পতিবার রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা জ্বালানি ইউরেনিয়ামের চালান ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পরে বিএনপির পক্ষে থেকে এই বিদ্যুৎকেন্দ্রেকে ‘সরকারের অপরিণামদর্শিতার একটি জ্বলন্ত উদাহরণ’ বলা হয়। দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, "জ্বালানি নিরাপত্তার নামে মেগা দুর্নীতির ক্ষেত্র প্রস্তুত করার মধ্য দিয়ে দেশের অর্থনীতি এবং জীববৈচিত্র্যকে চূড়ান্ত হুমকির সম্মুখীন করার জন্য, অপরিণামদর্শী শেখ হাসিনার সরকারকে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।"
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউরেনিয়াম এমন একটি রাসায়নিক, যেটি বিস্ফোরিত হলে মাইলের পর মাইলে পুড়ে ছারখার হয়ে যাবে।
বিএনপির তরফে আসা এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার ওবায়দুল কাদের বলেন, “আমরা বলছি রূপপুর যারা বন্ধ করতে চায় সে ফখরুল, মঈন খানের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেব।
“দুই চালান এসেছে। সেটা আমরা কিছু ফখরুলের মাথায়, কিছু গয়েশ্বরের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু মঈন ইউ আহমেদের (মঈন খান) মাথায়, কিছু রিজভী পাগলার মাথায়. . যে লাফাবে মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ডান্ডা মেরে ঠান্ডা করব না, ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব।"
‘টুস করে পদ্মায় ফেলে দেওয়া কি ভুলে গেছি?’
‘মাথায় ইউরেনিয়াম ঢেলে দেওয়ার’ বক্তব্যের জবাব দিতে গিয়ে মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর পুরনো একটি বক্তব্য স্মরণ করেন।
তিনি বলেন, “আপনারা টুস করে পদ্মায় ফেলে দেবেন…এটা কি আমরা ভুলে গেছি। আরে ইউরেনিয়ামের হুমকি দেন…এটা কী শুরু করেছেন? রাজনীতি করেন, রাজনৈতিক কাজকর্ম করেন, রাজনৈতিক ভাষায় কথা বলেন। শিষ্ঠাচারের সাথে কথা বলতে শেখেন।
“আর যদি অশিষ্ঠাচারের ভাষায় কথা বলতে চান। ঠিক আছে একটা গালি আছে গালি দিয়ে দেখেন। আমরা তো গালি দেই না। বিএনপি ভদ্র লোকের দল, আর আওয়ামী লীগ অসভ্যের দল।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, আবুল খায়ের ভুঁইয়া, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অনুষ্ঠানে বক্তব্য দেন।
